ভারত সফরে প্রণব সকাশে
বিদেশবিভুঁইয়ে এমনিতেই অচেনা-অজানা লোক দেখে মনে ভয় ভয় ভাব থাকে। কিন্তু হঠাৎ পাশ থেকে যদি কেউ মাতৃভাষা বাংলায় ডাক দেয়, তাহলে তো অবাকই হতে হয়। তা যদি হয় আবার কোনো দেশের রাষ্ট্রপতির মুখ থেকে শোনা, তাহলে তো আগ্রহের থেকে অবাক বিস্ময়ের মাত্রা থাকে অনেক বেশি। নিজের পরিচয় দিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, ‘আমি যেহেতু বাঙালি, তাই বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি। কিন্তু অন্যদের বোঝার জন্য ইংরেজি ভাষায় কথা বলতে হয়।’ নিজে থেকেই সবার কাছে ‘নড়াইলের জামাইবাবু’ বলে পরিচয় দিলেন। শুদ্ধ বাংলা উচ্চারণ শুনে সাবরিনা ও আজম তো অবাক!শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গড়া বাংলাদেশের ১০০ তরুণের একটি দল ঢাকার ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে সম্প্রতি (৬ থেকে ১৩ অক্টোবর) ঘুরে এসেছেন ভারত থেকে। দেখা করার সুযোগ পেয়েছেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে।এই শিক্ষাসফরে অংশ নেওয়া কয়েকজন একসঙ্গে মিলিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সবুজ চত্বরে। হেমন্তের এক সকালে উপস্থিত সবাই উচ্ছ্বসিত ছিলেন ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে।এ বছরের জুলাইয়ে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন প্রণব মুখার্জি। ভারতের ইতিহাসে তিনিই প্রথম বাঙালি রাষ্ট্রপতি।সাত দিনের ভারত সফরে ৮ অক্টোবর প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের প্রতিনিধিদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান, আরেফিন আজম ও নাদিয়া নূরের জন্য এটি ছিল মহাআনন্দের সফর। এমনিতেই ট্যুরিজম বিভাগের শিক্ষার্থী, তার ওপর আবার ট্যুরিস্ট হিসেবে বিদেশে ভ্রমণ—ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ। সোনায় সোহাগা আর কাকে বলে! আজম তো বেশ উপভোগ করেছেন পুরোটা সময়। বাংলাদেশের নড়াইলে শ্বশুরবাড়ি প্রণব মুখার্জির। এমন আত্মীয়ের বাড়ি গেলে কার না ভালো লাগে, জানান আজম।হোটেল থেকে বেশ কাছেই ছিল রাষ্ট্রপতি ভবনের অবস্থান। বিভিন্ন নিরাপত্তা চৌকি পার হয়ে ঢোকেন তাঁরা সেখানে। দিল্লিতে অবস্থিত ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবন। বাসভবনে ঢোকার পর রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পান শিক্ষার্থীরা। দেয়ালে ঝুলছিল ব্রিটিশ রানি আর ভাইসরয়দের বিভিন্ন প্রতিকৃতি ও ছবি। বিকেল চারটায় ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখার সুযোগ মেলে বাংলাদেশি তরুণদের। সাধারণ পোশাকে শান্ত ধীরস্থির রাষ্ট্রপতি প্রণব যখন ধীরে ধীরে ঢোকেন সম্মেলনকক্ষে, তখন সবাই ছিল উচ্ছ্বসিত।ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার অভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর জনপদে আমাদের বসবাস। আকার-বর্ণ-গড়নে আমাদের মধ্যে তফাত নেই বললেই চলে। বাংলাদেশ থেকে আসা অতিথিদের রাষ্ট্রপতি জানান, ভারত-বাংলাদেশ আলাদা দুটো দেশ; দুই দেশের মধ্যে একটা সীমানা থাকলেও সাংস্কৃতিক পরিচয়ে দুই দেশের মধ্যে বলতে গেলে কোনো অমিল নেই। অনেক আগে থেকেই বাঙালি জাতি কঠোর পরিশ্রমী।প্রণব মুখার্জি বাংলাদেশের তরুণদের উপমহাদেশের ইতিহাস জানতে গভীর মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রতিনিধিদলকে উপমহাদেশের বৈচিত্র্যময় সহস্র বছরের ইতিহাস জানার উৎসাহ দেন। তিনি সদ্য প্রয়াত বাংলাদেশি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটি পড়েছেন বলে জানান। তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের কাঁধেই বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশি নকশিকাঁথার স্মারক উপহার দেন ভারতীয় রাষ্ট্রপতিকে।বাঙালিরা বিশ্ববাসীর কাছে আতিথেয়তার জন্য আদর্শ। প্রণব মুখার্জি বাংলাদেশিদের আতিথেয়তার তারিফ করে বলেন, ‘আমি যে কবার বাংলাদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, তাতে যে আতিথেয়তার পরিচয় পেয়েছি, তা অত্যন্ত প্রশংসনীয়।’ শত ব্যস্ততার মধ্যেও ‘শ্বশুরবাড়ির এলাকার অতিথি’দের সঙ্গে তিনি সাক্ষাৎ দেন। কথা শেষে সবাই ব্যস্ত ছিলেন তাঁর সঙ্গে ছবি তুলতে।এমনই অবাক আর বিস্ময়ে ভরা এক ভ্রমণ শেষ করে ফিরলেন বাংলাদেশি তরুণ-শতক। তাঁদের গন্তব্য ছিল মূলত ভারতের রাজধানী দিল্লি ও বাঙালির শহর কলকাতায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী—শারমিন আহমেদ, নাজমুস সাকিব, ফোরকান আহসান ও শামীম তানভীরও ছিলেন প্রতিনিধিদের দলে। তরুণদের এ ধরনের সাংস্কৃতিক বিনিময় প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য আরও বাড়াবে বলে মনে করেন শারমিন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আবিরা খান আগ্রার তাজমহল, লালকেল্লার মতো ইতিহাসবিখ্যাত সব মনভোলানো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে বেশ আনন্দিত।ইডেন মহিলা কলেজের উর্মিলা ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মৃদুলা সমদ্দার, রুকসানা করিম ও মেহফুজ আল ফাহাদ বাসে চড়ে বিভিন্ন জায়গায় যাওয়া বেশ উপভোগ করেছেন।বাঁধাধরা সময়ে বিভিন্ন স্থানে ভ্রমণের সুযোগ পেলেও দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে ইচ্ছামতো আনন্দ করতে পেরেছেন সবাই। এ সফরে বিভিন্ন স্থানে ভ্রমণের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ঘটে বাংলাদেশি এই তরুণদের। কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবিঠাকুরের শান্তিনিকেতনে যাওয়ার অভিজ্ঞতা ছিল অতুলনীয়। সায়েন্স সিটিতে ত্রিমাত্রিক চলচ্চিত্র দেখার সুযোগে সবাই ছিলেন আনন্দিত। কলকাতার ভিক্টোরিয়া পার্ক ঘুরেছেন। আর ঘুরেছেন বোটানিক্যাল গার্ডেনে। এখানকার কয়েক শ বছরের পুরোনো এবং কয়েক কিলোমিটার বিস্তৃত বটগাছের শাখা-প্রশাখা দেখে সবাই ছিলেন বিমোহিত।সব শেষে কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেনে করে দেশে ফিরে আসে সবাই। সবার প্রত্যাশা—মৈত্রীর ট্রেনের হুইসেলের আওয়াজ যেন দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ছড়িয়ে দেয় আরও গভীর থেকে গভীরে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও উন্নত ও দৃঢ় করবে। বাংলাদেশের মতো ভারতীয় শিক্ষার্থীদের বাংলাদেশ ভ্রমণ দুই দেশের তরুণ শিক্ষার্থী ও আগামীর নেতৃত্বকে আরও শক্তিশালী ও সৌহার্দ্যমূলক করে তুলতে পারে বলেই মনে করেন অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীরা। একটি শান্তিময় দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় ভবিষ্যতের এ তরুণেরাই পারেন দিন বদলে দিতে।