ভারতে আঞ্চলিক দলের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক দলগুলোর ক্রমবর্ধমান দাপট উদ্বিগ্ন করে তুলেছে ভারতের সর্ববৃহৎ দুই জাতীয় রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপিকে। গত বছরের এপ্রিল-মে এবং এ বছরের জানুয়ারি-মার্চের ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচন এই প্রবণতার সর্বশেষ নমুনা। এবার উত্তর প্রদেশের আঞ্চলিক দল সমাজবাদী পার্টি আর পাঞ্জাবে শিরোমণি আকালি দলের জয়জয়কার। গত বছর ছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে কুমারী জয়ললিতার এআইএডিএমকের দাপট। রাজনীতিতে আঞ্চলিক দলের এই প্রভাবে বেশ উৎকণ্ঠিত কংগ্রেস ও বিজেপি। তারা আশঙ্কা করছে, আগামী ২০১৪ সালের লোকসভা (কেন্দ্রীয় সংসদ) নির্বাচনেও এই ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আঞ্চলিক দলগুলো এখন নিজেদের গুরুত্ব উপলব্ধি করে সেভাবেই জাতীয় দলের সঙ্গে বোঝাপড়া করছে। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলের প্রভাব বিস্তার শুরু হয় প্রায় দেড় দশক আগে। দিল্লির মসনদ দখল ও তা কবজায় রাখার জন্য আঞ্চলিক দলের সমর্থন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় ভারতের রাজনীতিতে এখন নতুন এক বাস্তবতার সৃষ্টি হয়েছে। ১৯৯৯ সালের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসেছিল আঞ্চলিক দলের সমর্থন নিয়ে। আর সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসেছে একইভাবে। দৃশ্যত শীর্ষ দল দুটির একচ্ছত্র প্রাধান্যের দিন শেষ।ভারতের প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যেই আঞ্চলিক দলের প্রভাব-প্রতিপত্তি রয়েছে বিভিন্ন মাত্রায়। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে রয়েছে জয়ললিতার এআইএডিএমকে, এম করুণানিধির ডিএমকে ও পিএমকে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশে রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, কর্ণাটকে দেবগৌড়ার জনতা দল, মহারাষ্ট্রে বাল ঠাকরের শিবসেনা, শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, হরিয়ানায় জাতীয় লোকদল, উত্তর প্রদেশে মায়াবতীর বহুজন সমাজপার্টি ও মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, পাঞ্জাবে শিরোমণি আকালি দল, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স, মুফতি মহম্মদ সাইদের পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, কেরালায় কেরালা কংগ্রেস, ঝাড়খণ্ডে শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, বিহারে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল ও রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, ফরোয়ার্ড ব্লক ও আরএসপি, এসইউসিআই, আসামে অসম গণপরিষদ, ওডিশায় নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজু জনতা দল। উত্তর-পূর্ব ভারতের মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশেও রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট আঞ্চলিক দল। অমর সাহা