ভারতে দুর্নীতির বিরুদ্ধে সন্তরা
ভারতে সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছেন এক সমাজকর্মী ও এক ধর্মগুরু। এই প্রেক্ষাপটে দেশটির রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি অনুপ্রবেশের একটি কালানুক্রমিক ও বিশ্লেষণধর্মী বর্ণনা দিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক রামচন্দ্র গুহ। নিউজউইক সাময়িকী থেকে তা প্রথম আলোর পাঠকদের জন্য তুলে দেওয়া হলোপঞ্চাশের দশকে ব্রিটিশ পণ্ডিত ডব্লিউএইচ মরিস জোনস ভারতের রাজনীতির তিনটি ভাগের কথা বলেছিলেন। এগুলো হলো: আধুনিক রাজনীতি, প্রথাগত রাজনীতি ও সন্তসুলভ রাজনীতি। এই তিনটি ভাগের ব্যাখ্যাও দিয়েছিলেন জোনস। তাঁর মতে, ভারতের সংবিধান, আদালত ও সংসদীয় বিতর্কের প্রক্রিয়া এবং উচ্চতর প্রশাসনের মাধ্যমে যে রাজনীতি ক্রিয়াশীল তা আধুনিক রাজনীতি। প্রথাগত রাজনীতি চলে স্থানীয় ও সম্প্রদায়গত ইস্যুর ওপর ভিত্তি করে। এতে বর্ণ, গোত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সন্তসুলভ রাজনীতি হলো আত্মোৎসর্গ ও ভালোবাসার রাজনীতি। জোনসের সময় ভারতে শেষোক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন আচার্য বিনোবা ভাবে। ভূমিদান আন্দোলনের সূচনা করেছিলেন তিনি। সারা ভারত পদব্রজে ঘুরে আত্মনিবেদনের বাণী ছড়িয়ে গেছেন তিনি। বিনোবা ভাবে যে ব্যবস্থার কথা বলতেন তাতে ক্ষমতার গন্ধ ছিল না।ভারতের বর্তমান রাজনীতি বুঝতেও মরিস জোনসের এই ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। তবে এ জন্য রাজনীতির চতুর্থ একটি ধরন যোগ করতে হবে যা সাম্প্রতিককালে নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। ভদ্রভাষায় সেটিকে বলা যায় ‘কায়দা-কানুনের’ রাজনীতি। এ রাজনীতি হচ্ছে নিজের, পরিবারের ও দলের আখের গোছানোর রাজনীতি।স্বাধীনতা লাভের পর প্রথম দশকে মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ ব্যক্তিরাই ভারতের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করেন। তাঁরা গান্ধীর মতো সাহসী না হলেও অন্তত তাঁর মতো সৎ ছিলেন। ষাটের দশকে ভারতের রাজনীতিতে প্রথম দুর্নীতির লক্ষণগুলো দেখা দেয়। দেশের অর্থনৈতিক ব্যবস্থা তখন ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। নতুন ব্যবসা চালু বা সম্প্রসারণের জন্য লাইসেন্স-পারমিটের ব্যাপক কড়াকড়ি। এই সূত্রে নেতারা ঘুষ নেওয়া শুরু করেন।উনিশ নব্বয়ের দশকে মনমোহন সিংয়ের অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে ‘লাইসেন্স রাজ’-এর অবসান হলে আশা করা হয়েছিল ভারতে দুর্নীতি কমবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য তা অনেকগুণ বেড়েছে। ভূমি ও খনিজ উপাদানের মতো প্রাকৃতিক সম্পদ—যা এখনো রাষ্ট্রীয় মালিকানার এবং অবকাঠামোর মতো খাতে দুর্নীতির সুযোগ রয়ে গেছে এবং তা হচ্ছে।অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ভারতের লোকসভার ৪৫০ সদস্যের মধ্যে ৩০০ জনই বহু লক্ষ টাকার মালিক। অথচ এঁদের সংখ্যাগরিষ্ঠই সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে প্রবেশের পর তাঁদের সম্পদ ফুলেফেঁপে উঠেছে। গত বছর ভারতের রাজনীতিতে কয়েকটি বড় দুর্নীতির ঘটনা ঝড় তোলে। এর মধ্যে ছিল মুম্বাইয়ে সাবেক সেনাদের জন্য আবাসিক প্রকল্পের বরাদ্দে গুরুতর অনিয়ম এবং কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে অর্থ আত্মসাৎ। এ দুই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন ক্ষমতাসীন জোটের প্রধান শরিক কংগ্রেসের নেতারাই। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি কর্ণাটক রাজ্যের এক খনি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। সেখানে বিনা শুল্কে চীনে লাখ লাখ টন লোহা রপ্তানি করা হয়। আর সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে থ্রি জি মোবাইলের লাইসেন্স নিয়ে। ক্ষমতাসীন জোটের শরিক ডিএমকের নেতা ও টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তাঁকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এই দুর্নীতির কারণে সরকারের সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। একের পর এক এসব দুর্নীতি দেশবাসীকে ক্ষুব্ধ করে তোলে। এ মনোভাবকে কাজে লাগিয়েই গত এপ্রিলে রাজধানী নয়াদিল্লিতে অনশন কর্মসূচি শুরু করেন সমাজকর্মী আন্না হাজারে। মহারাষ্ট্র রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে জন্ম হাজারের। ভারতীয় সেনাবাহিনীর ট্রাকচালক ছিলেন তিনি। স্বেচ্ছায় আগাম অবসর নিয়ে নিজের গ্রামে ফিরে নিঃস্বার্থভাবে উন্নয়নকাজ শুরু করেন। বনায়ন, খাল খনন ইত্যাদির মাধ্যমে নিজের গ্রামকে গড়ে তোলেন সবুজ ঘেরা এক ‘আদর্শ গ্রাম’ হিসেবে। মহারাষ্ট্রে আগেই দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করেছিলেন তিনি। তবে এপ্রিলে নয়াদিল্লিতে অনশন করে দেশজুড়ে পরিচিতি পান। সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকারকর্মী, আইনজীবী, চলচ্চিত্র তারকার মতো সর্বস্তরের ও পেশার লোকেরা তাঁকে সমর্থন করেন। ক্রমে দেশজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হন হাজারে।বড় বড় দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই বিব্রত সরকার হাজারের কর্মসূচির প্রতি বিপুল জনসমর্থন দেখে ভীত হয়ে পড়ে। বিশাল মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন হারানোর আশঙ্কা পেয়ে বসে তাদের। তাই সরকারের পক্ষ থেকে হাজারেকে অনশন ভাঙার জন্য আহ্বান জানানো হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়, রাষ্ট্র ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। হাজারে এতে রাজি হন। পাঁচজন মন্ত্রী ও পাঁচজন হাজারের মনোনীত ব্যক্তি (এর মধ্যে তিনজন আইনজীবী) দুর্নীতি দমনে লোকপাল (ওমবুডসমান) পদ সৃষ্টির জন্য একটি সংসদীয় বিল তৈরির কাজ শুরু করেন। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে লোকপালের।তবে উদ্দেশ্য যত মহৎ হোক আর যত জনসমর্থনই থাক, আন্না হাজারে মহাত্মা গান্ধী নন। তাঁর বিরুদ্ধেও সমালোচনা হয়েছে। স্বভাবে বেশ কর্তৃত্বপরায়ণ। নিজের গ্রামে ছোটখাটো অনেক অপরাধের জন্য লোককে গাছের সঙ্গে বেঁধে চাবুক মারার রায় দিয়েছেন তিনি। সমাজ ও রাজনীতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি গোলমেলে। তবে হাজারের সবচেয়ে বড় সম্পদ তাঁর সারল্য। এই অনাচারের দিনে এটাই তাঁকে এতদূর নিয়ে এসেছে।যাই হোক, লোকপালের পদ সৃষ্টির জন্য কমিটি বিলের কাজ শুরু করেছে এমন সময় মঞ্চে আবির্ভূত হলেন বাবা রামদেব নামের এক যোগী। তিনিও দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করলেন। এ গুরুর প্রধান দাবি, ভারত থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফিরিয়ে আনতে হবে। আন্না হাজারের মতো রামদেবও দেশের এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ। উত্তরের হরিয়ানা রাজ্যে জন্ম। পরে হরিদ্বারে আশ্রম খোলেন। সেখানে যোগব্যায়াম শেখানোর পাশাপাশি ভেষজ ওষুধ বিক্রি করতেন। কথা বলতে পারেন ভালো। শিগগিরই তাঁর অনেক অনুসারী জুটে যায়। ২০০৩ সাল থেকে একটি টিভি চ্যানেল পর্যন্ত রামদেবকে তাঁর মতবাদ প্রচারের সুযোগ দেয়। সব ধর্মেরই অনেক ধর্মগুরুর মতোই রামদেবও দৃশ্যত নিজের সম্পর্কে কিছু বাড়িয়ে বলেন। রামদেবের দাবি, তাঁর ভক্তসংখ্যা দুই কোটি। তারা তাঁর কথামতোই ভোট দেবে। এই সংখ্যা নিয়ে সংশয় থাকতে পারে। তবে এটা নিশ্চিত হাজারের চেয়ে রামদেবের অনুসারীর সংখ্যা অনেক বেশি। তাই সরকার পর্যন্ত রামদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে।সম্প্রতি রামদেব নয়াদিল্লির রামলীলা ময়দানে দুর্নীতির বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন। এতে তাঁর বেশ কয়েক হাজার সমর্থক যোগ দেন। দুর্নীতির জন্য কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন রামদেব। সেদিনই রাতের আঁধারে পুলিশ অভিযান চালিয়ে তাঁর মঞ্চ উচ্ছেদ করে। রামদেবকে পাঠিয়ে দেওয়া হয় হরিদ্বারের আশ্রমে। সেখানে অনশন চালিয়ে যেতে থাকেন তিনি। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের আহ্বানে নয় দিন পর অনশন ভাঙেন।রামদেবের অবস্থান বা মতবাদ যাই হোক না কেন তাঁর অনশন কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। কমিউনিস্ট পার্টি রামদেবের আদর্শের সঙ্গে পুরো একমত নয়। কিন্তু তারাও ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দিয়ে পুলিশি অভিযানের নিন্দা করে। তবে হাজারে আর রামদেব এক নন। হাজারের বলার মতো ব্যাংক ব্যালেন্স বা সম্পদ নেই। কিন্তু রামদেবের আওতাধীন ট্রাস্টের রয়েছে শত শত হেক্টর জমি। এসব সম্পত্তি বিজেপি ক্ষমতাসীন এমন রাজ্য সরকারগুলোর কাছ থেকে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে কেনা। ফুডপার্ক, ওষুধ কারখানা, টেলিভিশন চ্যানেল—সব মিলিয়ে রামদেবের ২৫ কোটি ডলারের সম্পদ রয়েছে। সম্প্রতি স্কটল্যান্ডে একটি দ্বীপও কিনেছেন তিনি।হাজারে ও রামদেবের চিন্তাভাবনাও ভিন্ন। রামদেবের মূল আদর্শ নিশ্চিতভাবেই প্রতিক্রিয়াশীল। দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড চান। উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি বাতিল করার পক্ষে তিনি। ভারতের পার্লামেন্ট ও আদালতকে বিদেশি পদ্ধতি আখ্যা দিয়ে রামদেব এখানে হিন্দু পুরাণের কায়দায় রাষ্ট্রীয় পদ্ধতি চালু করার পক্ষে। তাঁর চিন্তাভাবনা কট্টরপন্থী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের নীতির সঙ্গেই মেলে বেশি।মরিস জোনসের ব্যাখ্যা অনুযায়ী হাজারের মতবাদকে বলা যায় সন্তসুলভ। কিন্তু রামদেবের মতবাদ এক অদ্ভূত মিশেল। রামদেব হয়তো নিজের মতবাদকে সন্তসুলভ দাবি করবেন। কিন্তু তা আসলে ‘প্রথাগত আর কায়দা-কানুনের’ রাজনীতির সমন্বিত রূপ। আর এই দুই ব্যক্তির বিখ্যাত হয়ে ওঠা ভারতের রাজনীতিবিদদের ব্যর্থতারই ফল। ঈষৎ সংক্ষিপ্ত ভাষান্তর মাহফুজার রহমান