ভারতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড়
জুলাই মাসে ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল ২০০৭ সালের ২৫ জুলাই দেশের ১২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর মেয়াদ শেষের আগেই এই নির্বাচন হওয়ার কথা। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ২০০৭ সালের ১৯ জুলাই।প্রতিভা পাতিল পরবর্তী মেয়াদে পদে না থাকতে চাওয়ার কারণে ইতিমধ্যে ভারতের রাজনৈতিক মহলে উঠে আসছে বিভিন্ন প্রার্থীর নাম। তবে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনো প্রার্থী নিশ্চিত করা হয়নি।নির্বাচন এগিয়ে আসায় প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি প্রার্থী চূড়ান্ত করতে মাঠে নেমে পড়েছে। তবে এদের কারও পক্ষেই একক প্রার্থী দিয়ে জিতিয়ে আনা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এ কারণে কেউ নিজের একক প্রার্থীর কথা বলছে না। পরিস্থিতির কারণে এবার প্রয়োজন হয়ে পড়েছে সর্বসম্মত একজন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক দিন পরই হয় উপরাষ্ট্রপতি নির্বাচন।ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থী হতে চাইলে তাঁর পেছনে অন্তত ৫০ জন সাংসদ বা বিধায়কের সমর্থন প্রয়োজন হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যরা। একটি ‘ইলেকটোরাল কলেজ’ বা নির্বাচকমণ্ডলীর মাধ্যমে প্রতিটি রাজ্যের বিধানসভা ভবনে ভোট হয়। রাজ্যের জনসংখ্যা অনুসারে ঠিক হয় একজন সদস্যের ভোটমূল্য। সংশ্লিষ্ট রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের ভাগফল যা হয়, তা-ই একজন বিধায়কের ভোটমূল্য। আবার দেশের মোট ভোটারসংখ্যাকে ভাগ করা হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দিয়ে। এতে পাওয়া যায় রাজ্য ও লোকসভার সদস্যদের ভোটমূল্য।এখন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ বিরোধীরা। নিম্নকক্ষ লোকসভায় সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কংগ্রেস জোটের। কংগ্রেসের পক্ষে একক রাষ্ট্রপতি প্রার্থী দিয়ে জিতিয়ে আনা কঠিন। সে জন্য তারা খুঁজছে সর্বসম্মত একজন প্রার্থীকে। সংবাদমাধ্যম এবং রাজনৈতিক দলের বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, বর্তমান লোকসভার স্পিকার মীরা কুমার, প্রবীণ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রমুখ প্রার্থী হতে পারেন। নাম উঠেছে মুলায়ম সিং যাদবেরও। উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচনের আগে এমন কথা রাজনৈতিক মহলে উঠে এসেছিল যে প্রদেশটিতে সাফল্য পেলে কংগ্রেস মনমোহন সিংকে সরিয়ে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর আসনে বসাত। আর মনমোহন সিংকে করা হতো রাষ্ট্রপতি। কিন্তু উত্তর প্রদেশের নির্বাচনের ফল সেই হিসাব উল্টে দিয়েছে। পর্যবেক্ষকেরা এটাও মনে করছেন, শেষ পর্যন্ত প্রণব মুখার্জিকেও এই পদে আনতে পারবে না কংগ্রেস। এর কারণ, দল ও কেন্দ্রীয় সরকারে প্রণব মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে বিজেপি জানে, তাদের জোটের একার পক্ষে জেতা কংগ্রেসের চেয়েও কঠিন হবে। তাই তারা বলছে, আগে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করুক। পর্যবেক্ষকেরা মনে করছেন, উপরাষ্ট্রপতির পদটি পেলে কংগ্রেসের রাষ্ট্রপতি প্রার্থীকে বিজেপি সমর্থন দিতে পারে। বিজেপির উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সম্ভাবনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের। তিনি বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর শরিক শিরোমণি আকালি দলের নেতা। পরবর্তী রাষ্ট্রপতি দৌড়ে আরও একটি নাম উঠে এসেছে। তিনি হলেন গুজরাটের প্রযুক্তিবিদ স্যাম পিত্রোদা। সত্যনারায়ণ গঙ্গারাম পঞ্চল ওরফে স্যাম পিত্রোদা তাঁর পুরো নাম। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার হালভাদের তিকার গ্রামের বাসিন্দা পিত্রোদা পদার্থবিদ্যায় স্নাতক। শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হলে তা হবে গুজরাটের ইতিহাসে বড় একটি অর্জন। কারণ এর আগে রাজ্যটির কেউ রাষ্ট্রের সর্বোচ্চ এই পদ অলংকৃত করতে পারেননি।তবে আরেকটি খবর ছড়িয়ে গেছে, শেষ পর্যন্ত বিজেপি সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নাম প্রস্তাব করতে পারে। বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আমলেই কালাম ২০০২ সালে রাষ্ট্রপতি হয়েছিলেন।বিজেপি জানে, কালাম আবার প্রার্থী হলে অনেক রাজনৈতিক দল তাদের পাশে এসে দাঁড়াবে। ২০০৭ সালের নির্বাচনে বিজেপি পরমাণুবিজ্ঞানী আবদুল কালামকে দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি করতে চাইলেও তাতে সম্মত হয়নি কংগ্রেস। তখন লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় বেশি আসনসংখ্যার জোরে কংগ্রেস জোট প্রতিভা পাতিলকে প্রার্থী করে জিতিয়ে আনে। বিজেপি প্রার্থী দিয়েছিল তৎকালীন উপরাষ্ট্রপতি ভৈঁরো সিং শেখাওয়াতকে। অমর সাহা