ভারতে 'চিটাগাং গার্ডেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিলনাড়ুর ‘চিটাগাং গার্ডেন’–এ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তামিলনাড়ুর ‘চিটাগাং গার্ডেন’–এ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এ যেন সম্মান আর গৌরবের এক উপলক্ষ। বাংলাদেশি শিক্ষার্থীদের স্মৃতি ধরে রাখতে বাগান গড়ে তোলা হয়েছে ভারতের এক ক্যাম্পাসে। নাম ‘চিটাগাং গার্ডেন’! তামিলনাড়ু রাজ্যের নামাকল ভেটেরিনারি কলেজ ও রিসার্চ ইনস্টিটিউট (ভিসিআরআই) বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মানে গড়ে তুলেছে এই বাগান।
প্রতিবছর ইন্টার্নশিপের অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা সফর করেন ভারতের মাদ্রাজ ভেটেরিনারি কলেজ ও নামাকল ভিসিআরআইয়ে। এই প্রতিষ্ঠান দুটি পরিচালিত হয় তামিলনাড়ু ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই সূত্র ধরে ২০১২ সালে গিয়েছিল ১২তম ব্যাচ। সফরের শেষ দিনগুলোয় তারা ছিল নামাকল ভিসিআরআইয়ে। ওই সফরে থাকা শিক্ষার্থী মাহমুদ হোসেন বলেন, ‘মনোরম এই বিশাল ক্যাম্পাসে আমাদের আগে অনেক ব্যাচ এসেছে। সময়ের ব্যবধানে তারা হারিয়েও গিয়েছে। কিন্তু আমরা হারিয়ে যেতে চাইনি। সেই ইচ্ছা থেকে মাথায় চিন্তা এল বাগান করার।’ কিন্তু অনুমতি মেলে কীভাবে! কলেজের ক্লিনিকস বিভাগের প্রধান অধ্যাপক সিলভারাজু আমাদের দেখতে এলে আমি গাছ লাগানোর প্রস্তাব করি। তিনি তা সানন্দে গ্রহণ করেন। এর দুই দিন পর ডিনসহ কলেজের প্রায় পুরো স্টাফকে আমাদের সামনে হাজির করেন। আমি সেখানে প্রস্তাব তুলে ধরি। ডিন স্যার আমাদের প্রস্তাব গ্রহণ করেন।’ তারপর তো রীতিমতো ইতিহাস! ২০১২ সালের ১৩ অক্টোবর, কলেজের পুরো স্ট্যাফসহ উদ্বোধন হলো ‘চিটাগাং গার্ডেন’। বাগানে জায়গা হয় ফলদ ও ঔষধি পাঁচটি গাছ। ছবিসহ সেই খবর প্রকাশ হয় ভরতের দ্য হিন্দু পত্রিকায় ২১ অক্টোবর। জন্ম হলো ভারতের বুকে এক খণ্ড বাংলাদেশের।
এর পর থেকে সিভাসুর প্রতিটি ব্যাচ সেখানে গাছ রোপণ করেছে। ১৩তম ব্যাচের আল শাহরীয়ার বলেন, ‘আমরা ছিলাম বাগান প্রতিষ্ঠা করার পরের বছরের শিক্ষার্থী। ভারতে পৌঁছেই অপেক্ষায় ছিলাম কখন সেখানে যাব। তারপর আমারও ঘটা করে গাছ লাগালাম।’
সিভাসুর শিক্ষার্থীদের ভারতে ইন্টার্নশিপ করাতে যাওয়াটাও রীতিমতো একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে।
এ সম্পর্কে সিভাসুর অ্যানিমেল সায়েন্স ও নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন বলেন, ‘১৯৯৫ সালে কলেজ হিসেবে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল, সেই প্রথম ব্যাচ থেকেই ভারতে দুই মাস করে ইন্টার্নশিপ করানো হতো। পরবর্তী সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা বিবেচনা করে ২০০৬ সাল থেকে তামিলনাড়ু ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সের আওতায় দুটি কলেজে করানো হয়।’
শিক্ষা বিনিময়ের সূত্রে ভারতের এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সিভাসুর গড়ে উঠেছে অন্য রকম এক সখ্য। চিটাগাং গার্ডেন সম্পর্কে নামাকল ভিসিআরআইয়ের ক্লিনিকস বিভাগের প্রধান অধ্যাপক এম সিলভারাজু ই-মেইলে প্রথম আলোকে বলেন, ‘চিটাগাং গার্ডেন নামের সেই বাগান দিনে দিনে এখন অনেক সমৃদ্ধ। এখন সিভাসু থেকে আসা প্রতিটি ব্যাচ সেখানে গাছ রোপণ করে। ধন্যবাদ সিভাসুর সব শিক্ষার্থীকে, তাঁদের প্রচেষ্টার ফলেই আমাদের ক্যাম্পাসে এই মহৎ কাজটি হয়েছে।’