ভারতের ভোট-রাজনীতি বিয়ের বাজারেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের লোকসভা নির্বাচনে ভোট দিয়ে বেরোনোর পর ভারতীয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে।
এবারের লোকসভা নির্বাচনে ভোট দিয়ে বেরোনোর পর ভারতীয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে।

নির্বাচনে ভোট দিলে আপনি সুনাগরিক হিসেবে চিহ্নিত হবেন—এটা সবারই জানা। নতুন খবর হলো, ভোট দেন এমন নারী-পুরুষেরা বিবাহযোগ্য পাত্রপাত্রী হিসেবেও এগিয়ে। বিয়ের বাজারে সম্ভাব্য জীবনসঙ্গীর এমন রাজনৈতিক সচেতনতার বিষয়টি সামনে উঠে এসেছে ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে নতুন এক জনমত জরিপে। ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

১৮ থেকে ৩৫ বছর বয়সী নয় হাজার ৬০০ শহুরে নারী-পুরুষের ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পাত্রপাত্রী বাছাইয়ে ভারতের জনপ্রিয় ওয়েবসাইট শাদি ডটকম এ জরিপ চালিয়েছে।

জরিপে অংশগ্রহণকারী নারী-পুরুষের প্রায় ৮৮ দশমিক ৬ শতাংশই জানিয়েছেন, ভোট দেন না এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে প্রস্তুত নন তাঁরা। নারীদের ৪৮ দশমিক ৩ শতাংশই জানিয়েছেন, ভোটাধিকারের চর্চা করেন না এমন পুরুষকে বিয়ে করতে চান না তাঁরা।

ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী কোনো নারীকে বিয়ে করতে প্রস্তুত কি না—এমন প্রশ্নের জবাবে ৪০ দশমিক ৩ শতাংশ পুরুষই জানিয়েছেন, একই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ধারণ করেন এমন নারীকেই বিয়ে করতে চান তাঁরা। আর ৩২ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোনো নারীকে বিয়ে করতে সমস্যা নেই তাঁদের। অন্যদিকে, সম্ভাব্য জীবনসঙ্গীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন অনলাইন জরিপে অংশ নেওয়া ৪২ দশমিক ৭ শতাংশ নারীই।

শাদি ডটকমের চিফ অপারেশন অফিসার গৌরব রক্ষিত বলেছেন, এ জরিপ থেকে বোঝা যায়, ভারতের বর্তমান তরুণ প্রজন্ম নিজেদের অধিকারের বিষয়ে সচেতন এবং তাঁরা তাঁদের জীবনসঙ্গীকেও সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন দেখতে চান।


তবে, জরিপে অংশ নেওয়া ৫২ দশমিক ২ শতাংশ নারীই জানিয়েছেন, সরাসরি মাঠের রাজনীতিতে জড়িত কাউকে বিয়ে করতে আগ্রহী নন তাঁরা। পুরুষদের মধ্যে ৪৩ দশমিক ২ শতাংশ অবশ্য বলেছেন, রাজনীতিতে জড়িত কাউকে বিয়ে করতে সমস্যা নেই তাঁদের।