ভারতের মাওবাদী সমস্যা: কী ও কেন
সাম্প্রতিকতম বড় হামলায় ভারতের মাওবাদী বিদ্রোহীদের হাতে মারা গেছে আধা সামরিক বাহিনীর ৭৫ জন সদস্য। এই চরম বামপন্থী গেরিলাদের মোকাবিলা করতে গলদঘর্ম দেশটির নিরাপত্তা বাহিনী। মাওবাদীরা কে আর তারা কী-ই বা চায়, পাঠককে তা স্মরণ করিয়ে দিচ্ছে ‘চলতি বিশ্ব’ ষাটের দশকের শেষ দিকে পশ্চিমবঙ্গের গহিন বনাঞ্চলে শুরু হয়েছিল ভারতের রক্তক্ষয়ী মাওবাদী বিদ্রোহের। দিনে দিনে এটি এতই বড় হয়ে ওঠে যে কয়েক দশক পরে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলতে হয়েছিল, মাওবাদী বিদ্রোহই ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট। মাওবাদীরা নকশালপন্থী হিসেবেও পরিচিত। পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামে ১৯৬৭ সালে এই বিদ্রোহের সূচনা বলেই এ নাম। নকশালবাড়ি আন্দোলন পুলিশ একপর্যায়ে কঠোর হাতে দমন করেছিল। তবে মাওবাদীরা গত বেশ কয়েক বছরে আবার সংগঠিত হয়েছে। মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ রয়েছে তাদের। এদিকে একটি ‘রেড করিডর’ গড়ে তুলেছে তারা। এই করিডরের মধ্যে পড়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িষা, বিহার, ছত্তিশগড় ও অন্ধ্র প্রদেশ। এ ছাড়া উত্তর প্রদেশ ও কর্ণাটকেও কিছুটা বিস্তৃতি লাভ করেছে তাদের কার্যক্রম। মাওবাদী ও তাদের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো ভারতের শ-ছয়েক জেলার এক-তৃতীয়াংশের বেশি নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয়। মাওবাদীদের কমিউনিস্ট শাসন চালু করার এ দীর্ঘ সংঘাতে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে। মাওবাদীদের সামরিক নেতার নাম কোটেশ্বর রাও ওরফে কিষেনজি। তার গেরিলা বাহিনীর সদস্যসংখ্যা ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে বলে শোনা যায়। বেশির ভাগ অস্ত্রই তারা জোগাড় করে পুলিশ ফাঁড়ি বা থানায় হানা দিয়ে। বিশ্লেষকেরা বলেন, মাওবাদী বিদ্রোহ এত দীর্ঘস্থায়ী হওয়ার আংশিক কারণ হচ্ছে স্থানীয় লোকের সমর্থন। বিদ্রোহীদের বক্তব্য হচ্ছে, তারা আদিবাসী উপজাতীয় এবং গ্রামের দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়ছে। তাদের দাবি, ভূমির মালিকানা নিয়ে স্থানীয় ব্যক্তিদের উদ্বেগ এবং সম্পদের সুষম বণ্টনই তাদের প্রধান বিবেচ্য। চূড়ান্ত পর্যায়ে তাদের লক্ষ্য, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের বর্তমান আধা ঔপনিবেশিক, আধা সামন্তবাদী শাসনব্যবস্থা উত্খাত করে কমিউনিস্ট সমাজ প্রতিষ্ঠা করা। বিগত বছরগুলোয় মাওবাদীরা দেশের নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে। ২০০৯ সালে তারা পশ্চিমবঙ্গের লালগড়ের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয়। প্রাদেশিক রাজধানী কলকাতা থেকে লালগড়ের দূরত্ব মাত্র ২৫০ কিলোমিটার। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় মাওবাদীরা বেশ কয়েক মাস ধরে সরকারের আধা সামরিক বাহিনীর সদস্যদের ঠেকিয়ে রেখেছিল। তারা একে ভারতের ‘প্রথম মুক্ত এলাকা’ ঘোষণা করে। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলো শেষ পর্যন্ত তাদের পরাস্ত করে। গত মার্চে কেন্দ্রীয় ছত্তিশগড় রাজ্যের গভীর জঙ্গলে আধা সামরিক বাহিনীর সদস্যদের ওপর কয়েকটি চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ৭৫ জনকে হত্যা করে মাওবাদীরা। ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর তখন পর্যন্ত এটি ছিল সবচেয়ে ভয়াবহ মাওবাদী আক্রমণ। ২০০৭ সালে ছত্তিশগড়েরই একটি প্রত্যন্ত পুলিশ ফাঁড়িতে অভিযান চালায় মাওবাদীরা, যাতে প্রাণ যায় ৫৫ পুলিশের। এ ছাড়া মাওবাদীরা প্রায় প্রতি সপ্তাহেই উত্তর-পূর্ব ভারতজুড়ে ছোটখাটো সংঘাত বা অন্য ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ কৌশলগুলোর মধ্যে রয়েছে রেললাইন উড়িয়ে দেওয়া বা থানায় হামলা চালানো। তবে এই মুহূর্তে তারা তোপের মুখে। ভারত সরকার শুরু করেছে তাদের এযাবৎকালের বৃহত্তম মাওবাদী দমন অভিযান ‘অপারেশন গ্রিন হান্ট’। প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্য ও হাজার হাজার পুলিশ কয়েকটি রাজ্যজুড়ে এ অভিযানে অংশ নিচ্ছে। সরকার অভিযান বন্ধ না করলে বিদ্রোহীরা তাদের হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে। অন্যদিকে সরকারের বক্তব্য, সহিংসতা ছেড়ে আলোচনায় না বসলে অভিযান আরও কঠোর করা হবে। বিশ্লেষকদের ধারণা, উভয় পক্ষের মধ্যে শিগগিরই কোনো সংলাপ বা সমঝোতার সম্ভাবনা ক্ষীণ।—বিবিসি থেকে