ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে উখিয়ার প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে প্রশাসনের দৈনন্দিন কর্মকাণ্ড। উপজেলা প্রশাসনের বেশির ভাগ দপ্তরের কাজ করছেন ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রমও। উপজেলার জনগুরুত্বপূর্ণ দপ্তর ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার পদটি দীর্ঘ ১৪ বছর ধরে শূন্য রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে একজন সহকারী কমিশনারকে (ভূমি) নিয়োগ দেওয়া হলেও ওই বছরের মার্চে তাঁকে অন্যত্র বদলি করা হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ভূমি কার্যালয়ে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জালিয়াপালংয়ের বৃদ্ধ মাওলানা আব্দুস সালাম (৭০) অভিযোগ করেন, তিনি এক বছর আগে নামজারি খতিয়ান সৃজনের আবেদন করে এখনো পাননি। ভুক্তভোগী লোকজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল চৌধুরী বলেন, প্রশাসনের বিভিন্ন পদ শূন্য থাকায় সাধারণ মানুষ সরকারি দপ্তরে এসে কাঙ্ক্ষিত কর্মকর্তার দেখা পান না। বয়স্ক ভাতা ও বিধবা ভাতা তুলতে এবং নানান সেবা নিতে আসা লোকজন পড়ছেন দীর্ঘসূত্রতায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, ‘উপজেলা ভূমি কার্যালয়ের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। কর্মকর্তা সংকটের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শাহ জালাল চৌধুরী জানান, প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মকর্তা না থাকায় গৃহপালিত পশু সম্পর্কে পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।