ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েই চলছে রাঙ্গুনিয়ার দুই ইউনিয়ন পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন মাস পরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলছে রাঙ্গুনিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। সরকারদলীয় প্রভাবশালী মহলের চাপের মুখে এই চেয়ারম্যান ও সদস্যরা এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলারও সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। পরিষদের কার্যক্রম পরিচালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যক্রমের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রয়োজনে প্যানেল চেয়ারম্যান মনোনীত করে দায়িত্ব দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন দুই ইউনিয়নের সদস্যরা। আবেদনকারী মরিয়ম নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম, সেলিমুল হক, মো. ওবায়দুল হক, সাইফুল ইসলাম, শামসুল আলম, মো. হারুণ প্রমুখ। ইসলামপুর ইউনিয়নের সদস্যদের মধ্যে রয়েছেন মো. সেকান্দর, বাঙ্গাল তঞ্চঙ্গ্যা, মো. মাহফুজ আলম, মোহাম্মদ আলম, আবদুচ সাত্তার, আজিজুল হক প্রমুখ। একাধিক নির্বাচিত সদস্য নাম প্রকাশ না করে জানান, গত ২১ জুন রাঙ্গুনিয়ার অন্য ইউনিয়ন পরিষদগুলোর সঙ্গে মরিয়মনগর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে মরিয়মনগর ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. হোসেন দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ১৩ আগস্ট নবনির্বাচিত অন্য চেয়ারম্যানদের সঙ্গে তিনি শপথ নিতে পারেননি। একের পর এক মামলায় জড়িয়ে তাঁকে তাড়া করে পুলিশ। উচ্চ আদালতের নির্দেশে ৪ সেপ্টেম্বর শপথ নিতে গেলেও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচলাইশ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।জানা যায়, রাউজান উপজেলার গশ্চি ইউনিয়নের কদুরখীল গ্রামের নূর হোসেন নামে এক ব্যক্তি নগরের পাঁচলাইশ থানায় মো. হোসেনের বিরুদ্ধে ভিসাসংক্রান্ত বিষয়ে টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় শপথ গ্রহণের আগ মুহূর্তে মো. হোসেনকে গ্রেপ্তার করে। এ সুবাদে মরিয়মনগর ইউনিয়নের রশিদের পাড়া এলাকার মজিবুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নাম প্রকাশ না করে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, গত সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের আশির্বাদপুষ্ট কিছু লোক মো. হোসেনের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নানা অভিযোগ দায়ের করেন। ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয় মো. হোসেনকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। কিন্তু গত ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর পরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মুজিবুর রহমান। যোগাযোগ করা হলে মুজিবুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সত্যতা স্বীকার করে বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন প্রতারণা মামলায় জেল হাজতে রয়েছেন। শপথ নিয়ে এলে তো তিনি দায়িত্ব নিতে পারতেন।’ তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তা ধরে রাখার ক্ষমতা আমার নেই।’ এদিকে, শপথ নিতে না পারায় ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজদৌলাও পরিষদের দায়িত্ব নিতে পারছেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ইকবাল হোসেন চৌধুরী। সদস্যরা জানান, সিরাজদৌলা বিএনপি-সমর্থিত হওয়ায় শপথ নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। শপথ গ্রহণে উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের চাপে তিনি শপথ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজদৌলা বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হয়েও পরিষদের কার্যক্রমে অংশ নিতে পারছি না। এ জন্য কাউকে দোষ দেওয়ার ক্ষমতাও আমার নেই। কারণ, কিছু বললে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’ ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আমি উৎসাহী নই। নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত পরিষদের কাজ তো চালাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে আমি বাধ্য।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্যানেল চেয়ারম্যান মনোনয়নের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে সদস্যদের আবেদনপত্র পাওয়ার কথা স্বীকার করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।