ভারপ্রাপ্ত দিয়ে চলছে ফটিকছড়ির ১৯টি প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯টিতে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়। এ ছাড়া সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ৭৪টি। মূলত অবসরজনিত কারণে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে বলে জানা গেছে।শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষকসহ পর্যাপ্ত শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বিজ্ঞপ্তি জারি, বিল-ভাউচার ও শিক্ষকদের বেতন-ভাতা অনুমোদন, আর্থিক লেনদেন, ছুটি, শ্রেণী-কার্যক্রম তদারক, ভৌত কাঠামো নির্মাণ, মেরামত ইত্যাদি কর্মকাণ্ডে জটিলতা দেখা দেয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮৫২ জন শিক্ষক-শিক্ষিকার পদ রয়েছে। এর মধ্যে ১৯টি প্রধান শিক্ষক ও ৭৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের শূন্যপদে সহকারী শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত শিক্ষক মনোনীত করে চালানো হচ্ছে বিদ্যালয়ের কাজকর্ম।বর্তমানে যেসব এলাকার প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে সেগুলো হচ্ছে চিকন ছড়া, ধামারখীল, পশ্চিম ভূজপুর, পশ্চিম চাঁদপুর, লম্বাবিল, বড় ছিলোনিয়া, শোভনছড়ি, বাবুনগর, হাজিরখীল, সন্যাসীরহাট, ফেনুয়া টি-এস্টেট, খিরাম, দক্ষিণ খিরাম, উত্তর রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোসাংগিরী পাঠানপাড়া, তেলপারই, ধর্মপুর, ধর্মপুর ক্যায়াং এবং ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে চার বছর। সেখানে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন ফাতেমা জিন্নাত। তিনি বলেন, ‘প্রশাসনিক কাজে প্রায় সময় উপজেলা ও জেলা সদরে যেতে হয়। এতে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হয়। শিশুরাও লেখাপড়ায় পিছিয়ে পড়ছে।’ হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি ফাতেমা মনি বলেন, ‘নতুন প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনিক কাজে নিয়মিত উপজেলায় যাওয়া-আসা, বিদ্যালয়ের রুটিন তদারকসহ শ্রেণীর কাজ পরিচালনার ক্ষেত্রে হিমশিম খেতে হয়।’ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘বিদ্যালয়ে ৮৪৬ জন শিক্ষার্থীর জন্য শিক্ষকের পদ আছে সাতটি। এর মধ্যে আছেন চারজন। আমি প্রশাসনিক কাজে শিক্ষা কার্যালয়ে গেলে তিনজন শিক্ষক দিয়ে সব ক্লাস সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।’ বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আকতার বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষকদের বেতন-ভাতা অনুমোদন, আর্থিক লেনদেন, ছুটি, শ্রেণী কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডে জটিলতা দেখা দেয়।’ রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন বলেন, ‘কোনো কোনো বিদ্যালয়ে অযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খুরশিদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার মানোন্নয়নের জন্যই প্রধান শিক্ষকের পদগুলো জরুরি ভিত্তিতে পূরণ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’ সরকার শিগগিরই পদগুলো পূরণের প্রক্রিয়া শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।