ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর পশ্চিম ধলই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গত ১১ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয়টির অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী পরিষদ লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কিছু অনিয়মের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, ‘নজরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কিছু সত্যতা পেয়েছি। তবে সব অভিযোগ সঠিক নয়। তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছি।’ তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে অর্ধশত মূল্যবান গাছ কেটে ফেলা, ২০০২ সাল থেকে বিদ্যালয়ের মালিকানাধীন চারটি দোকানঘরের ভাড়া আদায়ের ক্ষেত্রে তাঁর (নজরুল ইসলাম) অনিয়মের বিষয়টি তদন্তে ধরা পড়েছে।তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিছ বেগম বলেন, তদন্ত প্রতিবেদনটি শিক্ষা সচিব মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারী সংগঠনটির কোনো ভিত্তি নেই। যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা ভিত্তিহীন-বানোয়াট। তদন্ত কমিটি আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি।’