ভারসাম্য দৌড়ে ভারসাম্য হারাল ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মার্চ, বেলা ১১টা। কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন। মাঠে জড়ো হলো ৭০ জনের বেশি ছাত্রী। উদ্দেশ্য মাথায় মাটির তৈরি হাঁড়ি নিয়ে ভারসাম্য দৌড়ে অংশ নেওয়া। আরও কয়েক শ শিক্ষার্থী-শিক্ষক মাঠের চারদিকে গোল হয়ে বসে তাকিয়ে আছেন ওদের দিকে। কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক মফিদুল আলম বাঁশি বাজালেন। বাঁশি শুনে সব মেয়ে দিল দৌড়। কয়েক পা সামনে এগোতেই ১০ জনের মাথা থেকে পড়ে গেল হাঁড়ি। ৪০ গজ যেতে পড়ে গেল আরও ৩০টি। শেষ পর্যন্ত দৌড়াল হাতে গোনা কয়েকজন ছাত্রী। ১২ মার্চ দুই দিনের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ছলিমুর রহমান। ভারসাম্য দৌড় ছাড়াও ছাত্রীদের জন্য আয়োজন করা হয় বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, সুঁইসুতা দৌড়, মিউজিক চেয়ার, বালিশ খেলা, যেমন খুশি সাজোসহ নানা প্রতিযোগিতার। ছেলেদের জন্যও ছিল নানা আয়োজন। বাংলা প্রথম বর্ষের ছাত্রী ফারজানা নাসরিন বলে, ‘পাঁচটি বিভাগে অংশ নিয়েছি, কিন্তু কোনোটাতেই পুরস্কার পেলাম না। পুরস্কারটা বড় নয়, খেলায় অংশ নেওয়াটা জরুরি মনে করছি।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শিরিন নুর চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতায় মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুশি হয়েছি।’ কলেজের অধ্যক্ষ বলেন, খেলাধুলা মানুষের শরীর-মন ভালো ও সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।