ভারী বর্ষণ হলেই পাহাড়ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। সড়কে উপড়ে পড়ছে গাছ, বন্ধ হয়ে পড়ছে যানবাহন চলাচল। সড়কের পাশে রক্ষা দেয়াল না থাকায় ও পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণের ফলেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত জুন মাসের শেষ সপ্তাহের টানা বর্ষণে কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ২৫ জুনই উপজেলার চারটি স্থানে পাহাড়ধস হয়েছে।সরেজমিনে দেখা গেছে, যেসব এলাকায় পাহাড়ধস হয়েছে সেসব এলাকায় সড়কের পাশে রক্ষা দেয়াল নেই। কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বড়ইছড়ি, শীলছড়ি, চিৎমরম ও কাপ্তাই-রাঙামাটি সড়কে দেবতাছড়ি, পম্বপাড়া, পাগলিপাড়া, কুকিমারা এলাকায় গিয়ে এর সত্যতা মিলেছে। এ ব্যাপারে কাপ্তাই সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহাম্মদ বলেন, ‘সড়কের পাশে রক্ষা দেয়াল থাকলেও পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। তবে রক্ষা দেয়াল থাকলে অনেক সময় পাহাড়ধসের আশঙ্কা কমে আসে। চিৎমরম, শিলছড়ি ও বালুরচর এলাকায় সড়কের পাশের পাহাড়ে ৫০০ মিটার রক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। এই অর্থবছরেই এ লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হবে।’গত ২৫ জুন বরইছড়িতে পাহাড় ধসে এবং গাছ উপড়ে পড়ে বেলা ১২টা থেকে একটা পর্যন্ত কাপ্তাই-চট্টগ্রাম সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান উপজেলার ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন। কাপ্তাইয়ে অবস্থিত ৪-বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক নঈম রিজভী জানান গত ২৫ ও ২৬ জুনের টানা বর্ষণে কাপ্তাই-রাঙামাটি সড়কে কুকিমারাসহ বিভিন্ন স্থানে পাহাড়ধসে সড়ক যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। পরে বিজিবির সদস্যরা দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। কাপ্তাই বন বিভাগের বিভাগীয় প্রকৌশলী সুবেদার ইসলাম বলেন, ‘কোনো কোনো স্থানে পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি তৈরি করছেন। এতে পাহাড়ধসের ঘটনা ঘটছে।’এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমান বলেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।’