ভারী বর্ষণের অপেক্ষা
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে মা-মাছ আসতে শুরু করেছে। ডিম সংগ্রহকারী ব্যক্তিরা মাছের আনাগোনা দেখে নৌকা ও জাল নিয়ে তৈরি, নেমে পড়েছেন কুয়া তৈরির কাজে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরীয়া প্রথম আলোকে বলেন, ‘হালদায় মা-মাছ এসেছে। তিন-চার দিন আগে আমি এ বিষয়ে নিশ্চিত হয়েছি। স্থানীয় ডিম সংগ্রহকারীরাও এ দাবি করেছেন। এ বছর আগাম বৃষ্টি হওয়ায় আগাম ডিম ছাড়ার সম্ভাবনা আছে।’ ডিম সংগ্রহকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, হালদায় মা-মাছ এলেও লম্ফঝম্প দেখা যাচ্ছে না। এর কারণ অনেক বড় মাছ লোভী মানুষের হাতে ধরা পড়েছে। এখন যেগুলো আসছে সেগুলো আকারে ছোট। জানা যায়, এবারও মার্চ থেকে হালদার কিছু কিছু এলাকায় মা-মাছ আসতে শুরু করে। গরদুয়ারা, অঙ্কুরিঘোনা, ছত্তারঘাট, আজিমেরঘাট, কাগতিয়ার মুখ, নাপিতেরঘাট, সিপাহীরঘাটে মা-মাছের আনাগোনা দেখা গেছে। আগে গরদুয়ারার বাঁকে বেশি ডিম ছাড়ত মাছ। কিন্তু ওই বাঁক কেটে দেওয়ায় এখন মা-মাছ পুরো হালদা নদীতে ছড়িয়ে পড়েছে। নির্দিষ্ট আশ্রয়স্থল না থাকায় মাছগুলো ধরা পড়ছে সহজে। গরদুয়ারার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নদীজুড়েই চলাফেরা করছে মা-মাছ। ভারী বর্ষণ হলেই ডিম ছাড়বে বলে আমার ধারণা। আমরা এখন ডিম সংগ্রহের জন্য নৌকা ও জাল তৈরি করা এবং কুয়া খননে ব্যস্ত আছি।’ তিনি বলেন, পুরো নদীতে ঘোরাফেরা করায় বিভিন্ন স্থানে ধরা পড়তে পারে মা-মাছ।’ জানা যায়, প্রতিবছর এপ্রিল-জুনের মধ্যে হালদায় ডিম ছাড়ে দেশের প্রধান চারটি কার্প জাতীয় মাছ—রুই, কাতল, মৃগেল ও কালবাউশ। প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতসহ বৈরী আবহাওয়ার সময় ডিম ছাড়ে মা-মাছ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরীয়া বলেন, ‘এপ্রিল থেকে পরবর্তী তিন মাসের মধ্যে ডিম ছাড়তে না পারলে মা-মাছ নিজের শরীরের সঙ্গে ডিমগুলো খাপ খাইয়ে নেয়। তখন আর ডিম ছাড়ার সম্ভাবনা থাকে না।’ হালদা নদী ও নদীর পানির কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এখানে মাছ ডিম ছাড়তে আসে। এসব বৈশিষ্ট্যের সমন্বিত ক্রিয়া হালদা নদীতে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে রুই জাতীয় মাছকে বর্ষাকালে ডিম ছাড়তে উদ্বুদ্ধ করে যা বাংলাদেশের অন্য নদ-নদী থেকে সম্পূর্ণভাবে আলাদা।হালদায় ডিম ছাড়ার জন্য আসা মাছগুলোর আসল বিচরণক্ষেত্র কোথায় তা নিয়ে নানা গল্প ও লোককথা প্রচলিত রয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। অনেকের মতে কর্ণফুলী, শঙ্খ নদসহ দূর-দূরান্তের বিভিন্ন নদী থেকে এসব মাছ এখানে এসে ডিম ছাড়ে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এ ধরনের গল্পের কোনো ভিত্তি নেই। গবেষণায় নিশ্চিত হওয়া গেছে মূলত হালদার বাইরে কর্ণফুলী নদী থেকে ডিম ছাড়ার জন্য মা-মাছ আসে। এমনিতেই কিছু মা-মাছ সারা বছর বিচরণ করে হালদায়। এ কারণে কিছু অসাধু জেলে প্রায়ই নদী থেকে মাছ ধরে নগরের কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। আর কিছু মাছ আসে কর্ণফুলী থেকে। কিন্তু হালদায় আসতে আসতেই অনেক মাছ ধরা পড়ে যায়। এরপরও হালদায় ডিম ছাড়ার জন্য মা-মাছ অবশিষ্ট থাকে কীভাবে? এমন প্রশ্ন করলে একজন বিশেষজ্ঞ বলেন, ‘প্রতিবছর বন্যায় কিছু অঙ্গুলি পোনা (আঙ্গুলের সমান আকারের পোনা) পুকুর ও অন্যান্য জলাশয় থেকে হালদায় চলে আসে। মূলত এভাবেই হালদায় কার্প জাতীয় মাছের পুনর্মজুদ অব্যাহত রয়েছে।’ মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা রক্ষার জন্য ২০০৭ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতা হচ্ছে মদুনাঘাট সেতু থেকে ওপরের দিকে। ফলে কর্ণফুলী নদী থেকে যখন মা-মাছ হালদায় আসতে থাকে তখন মদুনাঘাট সেতুর নিচের অংশেই সেগুলো ধরা পড়ে। কর্ণফুলী ও হালদা নদীর সঙ্গমস্থল ওই প্রকল্পের আওতামুক্ত। জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা এসব জায়গা থেকে বিভিন্ন সময় মাছ ধরার কিছু জাল আটক করলেও মা-মাছ শিকারিদের নিবৃত্ত করতে পারেনি।জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতি দে বলেন, ‘হালদায় মা-মাছ এসেছে। কিন্তু মাছ এলেই তো আর ডিম ছাড়বে না। এজন্য কিছু পরিবেশ-পরিস্থিতির দরকার। আমরা তার অপেক্ষায় আছি। পাশাপাশি নির্ভয়ে মা-মাছ আসার জন্য আমরা হালদা ও কর্ণফুলী নদীর সঙ্গমস্থলে নিরাপত্তা বাড়িয়েছি। কালুরঘাট এলাকায় নতুন করে আটজন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এসব এলাকায় যাওয়া-আসা করছি।’