ভারী বৃষ্টি হলেই বিদ্যালয় যাওয়া বন্ধ!

খাগড়াছড়ির দীঘিনালার উদাল বাগান উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৩৪। এর মধ্যে তিন শতাধিক শিক্ষার্থীই আসে মাইনী নদী পার হয়ে। ১৫০ ফুট প্রস্থের নদী পেরোতে তাদের ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। তাও সামন্য পানি বাড়লে সাঁকোতে ওঠা যায় না। তখন পারাপার নৌকায়। আর ভারী বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ে যাওয়া।
উপজেলা সদর থেকে উদাল বাগান উচ্চবিদ্যালয়ের দূরত্ব নয় মাইল। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে নদীর পূর্ব পারের দীঘিনালা ও পশ্চিমে বোয়ালখালী ইউনিয়ন থেকে। এর মধ্যে পশ্চিমের বোয়ালখালী ইউনিয়নের তিন শতাধিক শিক্ষার্থীকে পাড়ি দিতে হয় মাইনী নদী।
সম্প্রতি সরেজমিনে উদাল বাগান এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা জুতা খুলে মাইনী নদীর ওপরের বাঁশের সাঁকো পার হচ্ছে। তাও পুরো ১৫০ ফুটে সাঁকো নেই। কিছু অংশে নদীর পানি মাড়িয়ে কূলে উঠতে হচ্ছে। কাঁধে ব্যাগ ও হাতে দুপুরের খাবারের বক্সসহ সাঁকো পার হতে বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের।
উদাল বাগান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নদীর পশ্চিম পারের রামরতন কার্বারিপাড়ার বাসিন্দা রিপাময় ত্রিপুরা ও রুপালী ত্রিপুরা জানায়, নদী পার হয়ে বিদ্যালয়ে আসতে তাদের খুব কষ্ট হয়। শুল্ক মৌসুমে নদীতে পানি না থাকলে সেখানে এলাকাবাসী বাঁশের সাঁকো বানায়। সে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসে। সাঁকো পার হতে গিয়ে অনেক সময় পা পিছলে পড়ে বই–খাতা ভিজে যায়।
উদাল বাগান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাক্যমুনি চাকমা বলেন, ‘নদীর পশ্চিম পারে তেভাংছড়া, কাটারুংছড়া, রামরতন কার্বারিপাড়া, নুনছড়ি ও নীলপাড়ায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা শেষ করে উদাল বাগান উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে প্রবল স্রোত হয়। তখন নদীর পশ্চিম পারের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। ২০১৫ সালে নদীতে পানি বাড়ায় এসএসসির প্রাক্-নির্বাচনী পরীক্ষা পেছাতে বাধ্য হয়েছিলাম। আমি চেয়ারম্যান থাকাকালে নদীতে একটি সেতু নির্মাণের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।’
বোয়ালখালী ইউপির চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, মাইনী নদীর পশ্চিম অংশে ১২টি গ্রাম রয়েছে। এখানকার বাসিন্দারাও নদী পার হয়ে দীঘিনালা-বাবুছড়া সড়ক দিয়ে যাতায়াত করেন। নদীতে সেতু না থাকায় গ্রামের লোকজন যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।
এ ব্যাপারে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, মাইনী নদীর উদাল বাগান এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছে অনেকবার তদবির করা হয়েছে। কিন্তু কোনো সংস্থা থেকে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা পরিষদ থেকে এত বড় সেতু নির্মাণের কোনো বরাদ্দও নেই। তবে ওই এলাকায় সেতু নির্মাণ করা জরুরি।