ভার্চুয়াল জগতে বিশ্বকাপ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপের আর মাত্র ১৩ দিন বাকি। চার বছর পরপর অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জাকজমকপূর্ণ এ আয়োজনের জন্য এখন শুধুই অপেক্ষা বিশ্ববাসীর। চূড়ান্ত দলগুলো দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামার অপেক্ষায়। সারা বিশ্বই বিশ্বকাপ-জ্বরে ভুগছে। থেমে নেই ভার্চুয়াল দুনিয়ারও। ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইটে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন। বিশ্বকাপের সর্বশেষ অগ্রগতি কতটুকু, প্রতিদ্বন্দ্বিতায় কাদের অবস্থান ভালো, কোন দলের খেলোয়াড়েরাই বা কোথায় অনুশীলন করছেন—এসব খবরের জন্য ইন্টারনেটে বিশাল দুনিয়ায় বিচরণ করেন ফুটবলপ্রেমীরা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) ওয়েবসাইটেও চলছে ক্ষণগণনা। কত দিন, কত ঘণ্টা আর কত মিনিট বাকি ফুটবলের এ মহারণের, তারই হিসাব চলছে ওয়েবসাইটে।ওয়েবসাইটে ফুটবলগুরুত্বপূর্ণ ও প্রিয় দল কিংবা খেলোয়াড়ের সর্বশেষ খবর পেতে ইন্টারনেটের বিকল্প এখন নেই। তাই ফুটবলপ্রেমীরা দিনের বড় একটি সময় হুমড়ি খেয়ে পড়ে থাকেন ইন্টারনেটে। বিশ্বকাপের সবচেয়ে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর রয়েছে আয়োজক ফিফার ওয়েবসাইটে (www.fifa.com/worldcup)। শুধু বিশ্বকাপের খবর জানতে এই ওয়েবসাইট বেশ জনপ্রিয়। ছয়টি ভাষার সুবিধাসহ এ ওয়েবসাইটে বিশ্বকাপের সর্বশেষ সংবাদ, গ্রুপ অনুযায়ী দলের তালিকা, নির্দিষ্ট দলের খবর, টিকিট কেনার খবর এবং রয়েছে নানা আয়োজন। শুধু কী এসব খবর? খেলার খবরের বাইরে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার সব কিছুর খবরও রয়েছে এ সাইটে। শুধু এবারের বিশ্বকাপই নয়, এর আগে অনুষ্ঠিত বিশ্বকাপের বিভিন্ন খবরও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। বিভিন্ন দলের খেলোয়াড়দের ছবি দেখা, বিভিন্ন সংবাদ বা ব্লগে মতামত দেওয়ার সুযোগও আছে। আয়োজকদের এই ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ডকাপ ফ্যান্টাসি’ নামে রয়েছে পছন্দ অনুযায়ী দল নির্বাচন এবং প্রতিপক্ষ নির্বাচনের মাধ্যমে খেলার সুযোগ। বিশ্বকাপের খবরের জন্য আরেকটি ওয়েবসাইট হচ্ছে বিবিসির (www.news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2010)। বিশ্বের জনপ্রিয় এ সংবাদমাধ্যমেও বিশ্বকাপের সর্বশেষ নানা খবর পাওয়া যাবে। আলাদাভাবে এতে রয়েছে ফিকচার ও ফলাফল রাখার ব্যবস্থা। বিভিন্ন সংবাদের পাশাপাশি এ সাইটে ফুটবলে বিখ্যাতদের ব্লগসাইট লেখাও পাওয়া যাবে। একই ধরনের নানা সংবাদ পাওয়া যাবে ইএসপিএনের (www.espnstar.com/ football/world-cup) ওয়েবসাইটে। এ সাইটে বিশ্বকাপের কত দিন, কত ঘণ্টা, কত মিনিট এবং কত সেকেন্ড বাকি সে গণনাও চলছে। খেলার ভিডিও দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের কম্পিউটার ফুটবল গেমস প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যবস্থাও রয়েছে এ সাইটে। ফুটবলবিষয়ক নানা ধরনের ব্লগ পড়ার জন্য আছে ইএ স্পোর্টসের সাইট (www.easportsfootball.co.uk/ blogs/worldcup)। ব্লগার ছাড়াও এতে রয়েছে জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, কর্মকর্তাদের লেখা। সিএনএনের (www.edition.cnn.com/SPECIALS/2010/worldcup) ওয়েবসাইটেও রয়েছে বিশ্বকাপের নানা আয়োজনের খবর। এতে বিভিন্ন খবরের পাশাপাশি ভিডিও দেখা যাবে। বিশ্বকাপ উপলক্ষে সিএনএন আলাদা খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) সাইট টুইটারে (WorldCupCNN) ঠিকানা খুলেছে। সরাসরি খেলা দেখার সুবিধা রয়েছে স্কাই স্পোর্টসের ওয়েবসাইটে। এ সাইটের ভিডিও টিভি অংশে (www.skysports.com/video/tv) বিশ্বকাপের বিভিন্ন খেলা দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া বিশ্বকাপের নানা সংবাদ, বিখ্যাত ব্যক্তিদের মতামত ইত্যাদি পাওয়া যাবে এ সাইটে। বিশ্বকাপ ও ফুটবল নিয়ে বিভিন্ন দলের বিখ্যাত ব্যক্তিদের লেখা আর খবর নিয়ে রয়েছে সকারনেট ব্লগ (www.soccernet.espn.go.com/world-cup)। এ সাইটে ফুটবলবিশ্বের নানা খবরের পাশাপাশি রয়েছে নানা আয়োজন, রয়েছে খেলোয়াড়দের গ্যালারি, ইএসপিএনের খবর। বিখ্যাত ব্যক্তিদের ব্লগে নিজের মতামত দেওয়ার সুযোগও রয়েছে এ ওয়েবসাইটে। ফুটবলের অন্যতম অংশ গোল। আর গোলের বিষয় নিয়ে রয়েছে গোল (www.goal.com) ঠিকানার ওয়েবসাইট। এখানে শুধু গোলের খবরই নয়, রয়েছে ফুটবলের টুকিটাকি নানা খবর। ম্যাচের ফলাফলের পাশাপাশি রয়েছে সরাসরি সর্বশেষ খবর জেনে নেওয়ার সুযোগ। ফুটবলের নির্ভরযোগ্য আরেকটি ওয়েবসাইট হচ্ছে টাইমস অনলাইন (www.timesonline.co.uk/tol/sport/football)। এ সাইটে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া প্রতিটি দলের আলাদাভাবে খবর জানা যাবে। গার্ডিয়ানে রয়েছে ফুটবলের নানা খবর। বিশ্বকাপ উপলক্ষে এ ওয়েবসাইটে পাওয়া যাবে ব্লগ, সংবাদ, ছবিসহ নানা আয়োজনের খবর। জনপ্রিয় এ ওয়েবসাইটের (www.guardian.co.uk/football/worldcup2010) প্রতিটি সংবাদ ও ব্লগের সঙ্গে রয়েছে নিজের মতামত জানানোর সুযোগ; যার মাধ্যমে নিজের ভালো লাগা, মন্দ লাগার খবরটুকুও জানানো যাবে প্রিয় দলকে। শুধু ফুটবলই নয়, আয়োজক দেশের নানা খবর, ভেন্যুর খবরসহ অনেক কিছুই পাওয়া যাবে এই (www.football-world-cup-2010.info) ওয়েবসাইটে। কোন ভেন্যু কোথায়, দর্শক ধারণক্ষমতা কত, স্যাটেলাইট টিভির মাধ্যমে বিশ্বকাপের সর্বশেষ খবর দেখা, বিশ্বকাপের সর্বশেষ সংবাদসহ অনেক কিছুই পাওয়া যাবে এ সাইটে।ওয়েবে বিশ্বকাপ গেমসবিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন ওয়েবসাইটে খেলা যাচ্ছে ফুটবল। এসব গেমসে যেমন নিজের প্রিয় দলের পক্ষ নিয়ে খেলা যায়, তেমনি প্রতিপক্ষকে হারিয়েও দেওয়ার মজাটাও নিতে পারবেন।গেমস নিয়ে নানা ধরনের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় বিশ্বকাপ চলাকালে। এ ধরনের বেশ কিছু গেমস রয়েছে স্টিকস্পোর্টস (www.sticksports.com/games/stick-football) ওয়েবসাইটে। এ সাইটে নিজের পছন্দ অনুযায়ী খেলা ঠিক করে টুর্নামেন্ট, বিশ্ব প্রতিযোগিতা, সর্বোচ্চ স্কোর ইত্যাদি বিষয় নির্বাচনের মাধ্যমে খেলতে পারবেন। এ সাইটে গেমস না নামিয়ে (ডাউনলোড) আপনি খেলতে পারবেন এবং হারিয়ে দিতে পারবেন প্রতিপক্ষ শক্তিশালী দলকে! কোন ধরনের খেলায় কাকে হারিয়েছেন সে সম্পর্কিত খবর ও সেরা স্কোরের নামসহ পাওয়া যাবে এ ওয়েবসাইটে। মজার বিষয় হচ্ছে, এ সাইটে বাংলাদেশ থেকে খেলে কোন দলকে হারিয়েছেন সে তথ্যও পাওয়া যাবে! এ ছাড়া, ছোট ছোট অসংখ্য গেমস নিয়ে রয়েছে মিনিক্লিপ (www.miniclip.com/games) ওয়েবসাইট। বিশ্বকাপ সামনে রেখে এ সাইটে রয়েছে অনেক গেমস। খেলার ওপর ভিত্তি করে এ সাইটে সেরা গেমসের তালিকাও রয়েছে। সম্পূর্ণ বিনা মূল্যে নিজের পছন্দ অনুযায়ী লিগ, দল কিংবা খেলোয়াড় নির্বাচন করে ওয়েবসাইটেই খেলতে পারবেন ফুটবল। বিশ্বকাপের মাঠে না হলেও নিজের কম্পিউটারে বসে খেলা উপভোগ করতে পারবেন। প্রতিটি খেলার সঙ্গে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, যার মাধ্যমে খেলা যায় খুব সহজে। সরাসরি ওয়েবসাইটে খেলা এবং অনলাইনে থাকা অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের সুবিধা রয়েছে www.juggernart.com/ games/free-online-soccer-games/world-cup-glory ওয়েবসাইটে। বিশ্বকাপ উপলক্ষে তৈরি বিশেষ গেমসে নিজের দল আর প্রতিপক্ষ নির্বাচনের মাধ্যমে খেলতে পারবেন খুব সহজেই। ত্রিমাত্রিক এসব গেমসের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম, টিপসসহ নানা বিষয় পাওয়া যাবে গেমসের সঙ্গেই। সত্যিকার অর্থে নিজের প্রিয় দল মাঠে হারলেও তাৎক্ষণিক ওয়েবসাইটে খেলার মাধ্যমে প্রতিপক্ষ দলকে হারিয়ে দিতে পারেন এ গেমসে! বিশ্বকাপ-সম্পর্কিত নানা ধরনের তথ্য পাওয়া যাবে উইকিপিডিয়া (http://en.wikipedia.org/wiki/Fifa_world_cup_2010) ওয়েবসাইটে। এ ছাড়া ফিফা এবং আগে অনুষ্ঠিত বিশ্বকাপের খবরও পাওয়া যাবে উইকিপিডিয়া সাইটে।ঘরে বসেই প্রযুক্তিসেবাপ্রযুক্তির নানা সুবিধার ফলে বর্তমানে সরাসরি মাঠে না গিয়েও তাৎক্ষণিক সব ধরনের খবর পাওয়া যায় ঘরে বসেই। উৎসুক দর্শক মুখিয়ে থাকেন নিজের দল আর খেলোয়াড়দের সর্বশেষ খবর জানতে। ওয়েবসাইট ছাড়াও ইন্টারনেট দুনিয়ায় থাকা হাজারো ব্লগসাইট, সামাজিক যোগাযোগের সাইট ও মাইক্রোব্লগিং সাইটে পাওয়া যাবে বিভিন্ন খবর। তাৎক্ষণিক খেলার খবর, সর্বশেষ স্কোর, দলের অবস্থা—সব কিছুই জানতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। মাঠে বসে খেলা উপভোগের সুযোগ না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। বসে যান ইন্টারনেটের দুনিয়ায়। প্রিয় দলের খেলার খবর, পুরো বিশ্বকাপের সর্বশেষ খবরের পাশাপাশি নিজেও ওয়েবসাইটের গেমসের মাধ্যমে শামিল হতে পারেন বিশ্বকাপে!