ভালো ঘুমের জন্য তিন খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে ভালো ঘুম চান? তাহলে খাবারের তালিকায় রাখুন দুধ, পনির ও আলু। কারণ, এসব খাবার সুনিদ্রার জন্য সহায়ক। যুক্তরাজ্যভিত্তিক অনলাইন সাময়িকী ফিমেলফার্স্ট এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। টানা আট ঘণ্টা ঘুমের জন্য বিশেষজ্ঞরা যেসব খাবার গ্রহণের পরামর্শ দেন, তার মধ্যে রয়েছে—
১. গরম দুধ: ক্লান্তি দূর করে সুন্দর নিদ্রার জন্য এক গ্লাস গরম দুধ পান করলে বিস্ময়কর ফল পাবেন। দুধে রয়েছে ট্রিপটোফ্যান নামের একধরনের অ্যামাইনো অ্যাসিড। একে মানুষের শরীর মেলাটোনিন ও সেরোটোনিনে রূপান্তর করে। এতে শরীর-মনে প্রশান্তির পাশাপাশি ঘুম নিশ্চিত হয়। গরম দুধে সেই প্রশান্তিদায়ক উপাদানের মাত্রা বেশি থাকে। কিছু যব বা শর্করাজাতীয় উপাদান মিশিয়ে নিলে দুধের ট্রিপটোফ্যানের কার্যকারিতা বাড়ে।
২. পনির: পনির খেলে রাতে ভালো ঘুম হয়। এতে রয়েছে ঘুমের জন্য সহায়ক উপাদান ট্রিপটোফ্যান ও ক্যালসিয়াম। তবে অতিরিক্ত পনির খাবেন না। আর এটি ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খেতে হবে। তাহলে হজমে গন্ডগোল হবে না।
৩. আলু: শর্করা বা কার্বোহাইড্রেটের একটি বড় উৎস হচ্ছে আলু। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণের মাত্রা বৃদ্ধিতে শর্করার ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়ায় স্বাভাবিক ঘুম ত্বরান্বিত হয়। তখন কিছু অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যানের সঙ্গে মিশে পারস্পরিক ক্রিয়া করে। এতে রক্তপ্রবাহে ট্রিপটোফ্যানের মাত্রা বৃদ্ধি পায়। একই সঙ্গে সেরোটোনিনের উপস্থিতিও বেড়ে যায়। উচ্চমাত্রায় শর্করাসমৃদ্ধ খাবারের মধ্যে আরও রয়েছে পাস্তা ও পাউরুটি।
রাতে ভালো ঘুমের জন্য নির্ধারিত কিছু খাবারের পাশাপাশি শারীরিক পরিশ্রমও করতে হবে। তা ছাড়া মানসিক চাপ ও উত্তেজনা এড়িয়ে চলতে হবে। আর চা-কফিজাতীয় পানীয় পরিহার করতে হবে। প্রতি রাতে নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে। শয়নকক্ষ যতটুকু সম্ভব শব্দ ও আলোমুক্ত ও শীতল রাখার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। খালিজ টাইমস|