ভালো দাম পেয়ে খুশি চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের তুলাতুলি গ্রামে মাঠ থেকে ক্ষীরা তুলছেন ​চাষিরা l প্রথম আলো
টেকনাফের তুলাতুলি গ্রামে মাঠ থেকে ক্ষীরা তুলছেন ​চাষিরা l প্রথম আলো

টেকনাফের সমুদ্র উপকূলের ৯৭টি গ্রামে এবার ক্ষীরার বাম্পার ফলন হয়েছে। বড় আকৃতির এই ক্ষীরা স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর উপজেলায় ক্ষীরা চাষ বেড়েছে। নতুন করে অনেক চাষি যুক্ত হয়েছেন ক্ষীরা চাষে।
২১ জানুয়ারি টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি গ্রাম ঘুরে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে চলছে ক্ষীরার চাষ। চাষিরা মাঠ থেকে ক্ষীরা তুলে বস্তায় ভরছেন। বস্তাভর্তি ক্ষীরা কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। এরপর ট্রাকে বোঝাই করে এসব ক্ষীরা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
তুলাতুলি গ্রামের চাষি আলী হোসেন (৪২) ও মো. ইব্রাহিম (১৯) জানান, এবার ক্ষীরার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। বর্তমানে টেকনাফে প্রতি কেজি ক্ষীরার পাইকারি দাম উঠেছে ১৫ থেকে ১৭ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি ক্ষীরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। প্রতি সপ্তাহে তাঁরা আট থেকে দশ হাজার টাকার ক্ষীরা বিক্রি করছেন বলে জানান।
আলী হোসেন জানান, কয়েক বছর আগে পরিবারে অভাব দেখা দিলে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় এক কানি জমিতে ক্ষীরা চাষ করেন তিনি। এ বছর ক্ষীরা চাষ করেছেন দুই কানি জমিতে। চাষে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। খেত থেকে ক্ষীরা তোলা শুরু হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। এপ্রিল মাস পর্যন্ত চলবে ক্ষীরা তোলা। প্রতি মাসে তিন থেকে চারবার ক্ষীরা তোলেন তিনি। সব মিলিয়ে ২৫ মেট্রিক টন ক্ষীরার ফলন হবে বলে আশা করছেন। দাম এখন একটু বেশি থাকলেও মার্চের পর দাম কমে যাবে। তবে সব মিলিয়ে খরচ বাদ দিয়ে এবার তাঁর ক্ষীরা থেকে আয় হবে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা।
ক্ষীরা ব্যবসায়ী আব্দুল হামিদ ও শাকের আহমদ জানান, দেশের বিভিন্ন এলাকায় এখন হাইব্রিড ক্ষীরা পাওয়া গেলেও টেকনাফের বালুচর ও পাহাড়ি ঢালু জমিতে দেশীয় ক্ষীরার ভালো ফলন হয়েছে। এখানকার ক্ষীরা আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। স্থানীয় ভোক্তাদের চাহিদা মিটিয়ে প্রতিদিন দুই থেকে তিন ট্রাক ক্ষীরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এপ্রিল পর্যন্ত এই ক্ষীরার ব্যবসা চলবে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, এবারে উপজেলার ৯৭টি গ্রামে প্রায় ১৭৫ হেক্টর জমিতে ক্ষীরার চাষ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে টেকনাফ সদর, বাহারছড়া ও হ্নীলা এলাকায়।
লাভ বেশি হওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে ক্ষীরা চাষের আগ্রহও বাড়ছে। কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ছয়টি ইউনিয়নের ৯৭টি গ্রামে গত বছর ৭০ হেক্টর জমিতে ক্ষীরা চাষ করেছিলেন প্রায় ৪০০ জন চাষি। লাভ বেশি হয় বলে এ বছর নতুন করে অনেক চাষি ক্ষীরার আবাদ করেছেন। এ বছর ক্ষীরা চাষ করেছেন ১ হাজার ১৮৩ জন চাষি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, এবার ক্ষীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টরে ২২ মেট্রিক টন। উৎপাদন হচ্ছে ২৫ থেকে ২৮ মেট্রিক টন। সারা বছর ক্ষীরার চাহিদা থাকায় চাষিরা ক্ষীরা চাষে উৎসাহিত হচ্ছেন।