ভালো ব্যবস্থাপনার কাগজ চট্টগ্রামে এখনো হয়ে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র একটি সমন্বিত প্রয়াস। সংবাদমনস্কতা, কলাম, প্রচার, বিজ্ঞাপন ও ব্যবস্থাপনার সমন্বয়েই একটি ভালো সংবাদপত্র হয়। ভালো ব্যবস্থাপনার কাগজ চট্টগ্রামে এখনো হয়ে ওঠেনি।
চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘আমার জীবন আমার সাংবাদিকতা’ অনুষ্ঠানে চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা মোহাম্মদ ইউসুফ এসব কথা বলেন। ভালো সাংবাদিক হতে তিনি নবীনদের একাধিক ভাষা শিখতে এবং প্রচুর বই পড়ার তাগাদা দেন।
২৯ মার্চ সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউসুফ বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি নিয়ত চর্চার কাজ। তাই এই পেশায় আসা নবীনেরা বেশি বেশি পড়াশোনায় মনোনিবেশ না করলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘মোহাম্মদ ইউসুফরা আমাদের যে পথ দেখিয়েছেন, সেটা ধরে রাখতে হবে। তাঁরা কঠিন সময়ে সাংবাদিকতা করেও বিচ্যুত হননি। নীতি–নৈতিকতায় জায়গায় অটল থেকেছেন।
অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ ইউসুফের বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি করা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান আয়োজন সম্পর্কে তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক-প্রাবন্ধিক আবুল মোমেন, সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, এম নাসিরুল হক, রাশেদ রউফ, এজাজ ইউসুফী, তমাল চৌধুরী, মুস্তফা নঈম, মোহাম্মদ ইউসুফের স্ত্রী খুরশীদা বেগম ও জামাতা নজরুল কবীর।
সাংবাদিক-প্রাবন্ধিক আবুল মোমেন বলেন, সংবাদপত্র এক যুগ পার হয়ে এখন অন্য যুগে যাচ্ছে। যে যুগ সমাপ্ত হতে চলেছে, তার অন্যতম কান্ডারি মোহাম্মদ ইউসুফ।
আবু সুফিয়ান বলেন, মোহাম্মদ ইউসুফ দেশের বিভিন্ন কাগজে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে নবীন সাংবাদিকদের।
প্রসঙ্গত, ১৯৬০ সালে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় সাংবাদিকতা শুরু করা মোহাম্মদ ইউসুফ এক দশকের বেশি সময় ধরে অবসর জীবন যাপন করছেন। উচ্চমাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় দৈনিক আজাদীতে মোহাম্মদ ইউসুফের সাংবাদিকতা শুরু। এরপর তিনি দৈনিক জমানা, দৈনিক আজাদ, দৈনিক ইনসাফ, রাজশাহী বেতার, দৈনিক সংবাদ, দৈনিক দেশ এবং আবার দৈনিক আজাদীতে কাজ করেন। অনুষ্ঠানে প্রচারিত প্রামাণ্যচিত্রে সাংবাদিক মোহাম্মদ ইউসুফকে নিয়ে কথা বলেন তাঁর সহকর্মী আবদুল গাফ্ফার চৌধুরী, কামাল লোহানী, সিদ্দিক আহমেদ ও নাসিরুদ্দিন চৌধুরী। পরে মোহাম্মদ ইউসুফের প্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পী দিনাত জাহান।