ভালোবাসার উপহার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার দিনে উপহার দিয়েই নাহয় জানিয়ে দিলেন মনের কথাটি। ছবি: নকশা
ভালোবাসার দিনে উপহার দিয়েই নাহয় জানিয়ে দিলেন মনের কথাটি। ছবি: নকশা

কোকিলের কুহুতান আর ফাল্গুনের মিষ্টি বাতাস প্রকৃতিকে জানান দিচ্ছে বসন্তের। ১ বসন্ত, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারির ঠিক পরের দিনই ভালোবাসা দিবস। সবকিছু মিলিয়েই যেন উৎসবের এক আমেজ। পছন্দের মানুষের জন্য প্রতিটি মুহূর্ত উৎসর্গ করা হলেও বছরে একটি বিশেষ দিন তো পালন করাই যায়! দিনের শুরুটাই হতে পারে একগুচ্ছ লাল গোলাপ এবং হাতে লেখা একটি চিঠির মাধ্যমে। কিংবা পছন্দের উপহারও তুলে দিতে পারেন তাঁর হাতে।

প্রিয় মানুষের জন্য বিশেষ উপহার
প্রতিবারই তো একটি কার্ড আর লাল গোলাপের গুচ্ছ দেওয়া হয়, এবার না হয় উপহারের তালিকায় একটু ভিন্ন কিছু যোগ করলেন। আজকাল উপহারের দোকান কিংবা অনলাইন দোকানে নতুন ধরনের উপহার দেখা যাচ্ছে। সঙ্গীর পছন্দ অনুযায়ী, আপনিও বেছে নিতে পারেন ভিন্নধর্মী এসব উপহার।

কাঠে খোদাই করা চিরকুট
এত দিনের চেনা সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন তা না হয় জানিয়েই দিন। তবে একটু ভিন্ন ভাবে। আজকাল কাঠের ওপরেই নিজ মনের কথা কিংবা যুগলবন্দী ছবি ফুটিয়ে তোলা যায়। শুধু ছবিই নয়, চাইলে মোবাইল ফোনের কভার, লেখার নোটবুক, চাবির রিং এবং ফটোফ্রেমও অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন।

টিকিট উপহার
একান্তেই সময় উপভোগ করার জন্য কোথাও বেড়িয়ে আসতে পারেন। আর গন্তব্যস্থলের টিকিট কিনে চমকে দিতে পারেন ভালোবাসার মানুষটিকে। হয়তো নবদম্পতির এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি। তাই এ সময়েই নাহয় টিকিট উপহার দিয়ে চমকে দিলেন।
দূরে কোথাও সম্ভব না হলেও কাছেই কোথাও ঘুরে আসা যায়। হলে গিয়ে পছন্দের কোনো চলচ্চিত্রও দেখা যেতে পারে।

প্রিয় লেখকের বই
বলা হয়ে থাকে উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই, হোক তা যে কারও জন্যই! সঙ্গী যদি হন বইপ্রেমী, তাহলে তো কথাই নেই।
বই তো উপহার দেবেন, কিন্তু তার আগে অবশ্যই জেনে নিন পছন্দের ব্যাপার। যে মানুষ কবিতা পছন্দ করেন, তাঁকে সুন্দর মলাটের কবিতার বই-ই উপহার দিন। আবার পছন্দের লেখকের বই দিতে পারেন।

পছন্দের খাবার
দুজনে মিলে বাইরে তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু নিজ হাতে তৈরি রান্নার আবেগটাই যে একেবারে ভিন্ন। এ তালিকায় শুধু প্রেমিকা কিংবা স্ত্রীই নয়; বরং প্রেমিক কিংবা স্বামীও থাকতে পারেন।

নিজের হাতে তৈরি
নিজ হাতে তৈরি করা উপহারে ভালোবাসার আমেজটা সব সময়ই যেন একটু বেশি পাওয়া যায়। তাই নিজের সৃজনশীলতা এবার কাজে লাগানো যাক। কারট্রিজ কাগজ, স্প্রে পেইন্ট, হার্ড বোর্ড কিংবা কাপড় দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন বিভিন্ন উপহার। যেমন ছোট বাক্স, স্ক্র্যাপ বুক, ফটো অ্যালবাম ইত্যাদি। বিভিন্ন রং এবং ফিতার ব্যবহারে সাজিয়ে নিতে পারেন মনমতো। তারপর নাহয় রঙিন কাগজে মুড়ে উপহারটা পৌঁছে দিলেন অবশেষে।