১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের কবিতা নিয়ে বিশেষ আয়োজন করেছে আবৃত্তি সংগঠন ক্বণন। বিকেল সাড়ে চারটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারি মিলনায়তনে ‘ভালোবাসার কবিতা, ভালোবাসার আবৃত্তি’ শিরোনামে এই আসর অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল শুভেচ্ছা বক্তব্য দেন ক্বণনের আবৃত্তিশিল্পী তৃষ্ণা সেন। এরপর বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোসতাক খন্দকার।
কথামালায় বক্তরা বলেন, মানবিক সংস্কৃতি গড়ে তুলতে হলে ভালোবাসার আবেগ ছড়িয়ে দিতে হবে।
কথামালার পর ছিল ভালোবাসাবিষয়ক গদ্য ও কবিতা। এতে অংশ নেন সৌভিক চৌধুরী, রাশেদ মোহাম্মদ, তৃষা সেন, তাহমিনা গণি, শিমু বিশ্বাস, আকলিমা, মোসতাক খন্দকার প্রমুখ।
শিল্পীরা আবৃত্তি করেন ২৫টি কবিতা। ভাব ও ছন্দের বৈচিত্র্য তুলে ধরেন তাঁরা। বৈচিত্র্যময় উপস্থাপনার মাধ্যমে মিলনায়তন ভর্তি তরুণ–তরুণী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন শিল্পীরা। সবশেষে সংগীত পরিবেশন করেন রাশেদ মোহাম্মদ।