ভালোবাসার দিনে...

চলছে লাগাতার হরতাল-অবরোধ। রাজনৈতিক অস্থিরতায় গুমোট পরিবেশ। এর মধ্যে এল বসন্ত, ভালোবাসার দিন। তাই শত বাধার মধ্যেও জোরোশোরে প্রস্তুতি চলছে বিশ্ব ভালোবাসার দিবস উদ্যাপনের।
প্রিয় মানুষটিকে চমকে দিতে কতই না চেষ্টা তরুণ-তরুণীদের। তেমনই একজন নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন মমতাজ। ভালোবাসা দিবসে তাঁর প্রিয় মানুষটিকে চমকে দিতে রাজনৈতিক অস্থিরতা উপেক্ষা করেই ছুটে এসেছেন নগরের জিইসির মোড় এলাকার গিফট গ্যালারিতে। প্রিয়জনের জন্য কিনেছেন পছন্দের ভ্যালেন্টাইন কার্ড। জেরিনের মতো যাঁরা এভাবে উপহার দেবেন, তাঁরা এখন ছুটছেন উপহারের দোকানগুলোয়।
আধুনিক এ যুগে মোবাইল ফোনের পাশাপাশি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ই-মেইল, ভাইবার কিংবা ট্যাঙ্গোর মতো প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই প্রিয়জনের কাছে ভালোবাসা দিবসের শুভেচ্ছাবার্তা পৌঁছানো সম্ভব। কিন্তু প্রযুক্তির এই সময়েও এখনো কার্ডের কদর অমলিন।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া আফরিন বললেন, লাল গোলাপের সঙ্গে কার্ড জুড়ে দিয়ে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশের অনুভূতি সত্যি অসাধারণ! প্রযুক্তি ব্যবহার করে কোনোভাবেই এই অনুভূতি পাওয়া সম্ভব নয়।
দোকানিরা জানান, ভালোবাসা দিবসে এখনো বেশ ভালোই কদর রয়েছে কার্ডের। নগরের জিইসি এলাকার কার্ডের দোকান আর্চিসের বিক্রয়কর্মী আরমান হোসেন জানান, চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছরের মতো এবারও হরেক রকম কার্ডের সমাহার ঘটিয়েছেন তাঁরা। এসব কার্ডের দাম রাখা হয়েছে ১৩০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। জিইসি এলাকার আরেকটি উপহারের দোকান হলমার্কেও দেখা গেল রকমারি ভ্যালেন্টাইন কার্ড। মানভেদে এসব কার্ডের দাম পড়বে ১৫০ থেকে ৯৫০ টাকা। হলমার্কের পরিবেশক মোহাম্মদ নাসির বলেন, ‘প্রতিবছরই প্রচুর পরিমাণ কার্ড বিক্রি হয় ভালোবাসা দিবস উপলক্ষে। এ বছরও তাই নানা ডিজাইনের কার্ড এনেছি আমরা।’ তবে রাজনৈতিক অস্থিরতায় গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক কমে যাওয়ায় আক্ষেপ দেখা গেল তাঁর কণ্ঠে। নগরের নিউমার্কেট ও আগ্রাবাদের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে বাহারি কার্ডের পাশাপাশি পুতুল, ছবির ফ্রেম, শোপিস, চকলেটের বাক্সসহ হরেক রকম উপহারের বেচাকেনা চলছে দোকানগুলোয়। নিউমার্কেট এলাকার একটি উপহারের দোকানে কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফতাব বিন হুসাইনের সঙ্গে। তিনি জানান, ফুল ও কার্ডের পাশাপাশি তিনি ভিন্ন ধরনের উপহার খুঁজছেন প্রিয়জনের জন্য, যাতে তাঁকে চমকে দেওয়া যায়।
এদিকে ভালোবাসা দিবসের জন্য বিশেষ প্রস্ততি চলছে হোটেল-রেস্তোরাঁয়। ভালোবাসা দিবসে নগরের জিইসি এলাকার চার তারকা হোটেল পেনিনসুলার রুফটপ সাজবে স্বর্গের সাজে। সন্ধ্যা সাড়ে সাতটায় এখানে শুরু হবে সংগীত ও ডিজের সুরের মূর্ছনায় মোমের আলোয় ডিনার। এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন আনিকা এবং ডিজের তালে মাতাবেন ডিজে সানি। এ ছাড়া রয়েছে যুগলদের ভ্যালেন্টাইন কেক কাটা ও ছবি তোলার সুযোগ। এতে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে আড়াই হাজার টাকা এবং যুগলদের গুনতে হবে সাড়ে চার হাজার টাকা। জিইসি এলাকার ওয়েল পার্ক রেসিডেন্সে ভালোবাসা দিবসের রাতে রয়েছে সংগীতানুষ্ঠান ও বুফে ডিনার। এতে অংশ নিতে জনপ্রতি গুনতে হবে দেড় হাজার টাকা। তবে যুগলদের জন্য খরচ পড়বে আড়াই হাজার টাকা। এখানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির, রুম্পা, আলতুশি ও সাজ্জিল। এ ছাড়া থাকবে র্যাফেল ড্র, যুগলদের ভ্যালেন্টাইন কেক কাটা ও ছবি তোলার সুযোগ। আগ্রাবাদ এলাকার অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁয় সন্ধ্যায় শুরু হবে সংগীতের সঙ্গে বুফে ডিনারের আয়োজন। মোমের আলোয় যুগলেরা মেতে থাকবেন এস আই টুটুল ও দিনাত জাহানের গানে। এতে অংশ নিতে খরচ পড়বে ৯৯৯ টাকা।