ভালোবাসার দিনে 'সুস্বাদু' উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রেমকাহিনির জন্য ফরাসি দেশ সুপরিচিত। সেখানকার একজন কৃষক ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকাদের টানতে নতুন এক উপহারের খোঁজ দিয়েছেন, সেটা হৃদয়াকৃতির ঝিনুক।
ফ্রান্সের ভূমধ্যসাগর উপকূলের ওই ঝিনুক-চাষির নাম ক্রিস্তফ গিনো। তাঁকে প্রিয়তমা স্ত্রী প্রথম ওই উপহার দিয়েছিলেন। সেই থেকে শুরু। বছর দশেকের চেষ্টায় তিনি হৃদ্যন্ত্রের আকৃতির ছোট ছোট ঝিনুক চাষে সফল হলেন। স্থানীয় প্রথম সারির রেস্তোরাঁগুলোয় এই শামুক এখন বিশেষ খাবার হিসেবে বিক্রি হচ্ছে। ভ্যালেন্টাইনস ডেতে এটির চাহিদা সবচেয়ে বেশি থাকে।
গিনো বললেন, একদিন তাঁর স্ত্রী হৃদয়াকৃতির ঝিনুক দিলেন। সেটা দেখে তাঁর মনে হলো, আরে! এটা তো বেশ রোমান্টিক। কাকতালীয়ভাবে ঝিনুকটি এমন বৈচিত্র্যময় আকার পেয়েছিল। সেদিনই তাঁর মাথায় এ রকম ঝিনুক চাষের চিন্তা জাগে।
কীভাবে ঝিনুকের এমন আকার দেওয়া যায়, তা নিয়ে বিস্তর চেষ্টা করেন গিনো। নানা পরীক্ষা-নিরীক্ষার আশ্রয় নেন। তবে পুরো ব্যাপারটি গোপন রাখলেন এবং প্রতিবছর একটু একটু করে প্রক্রিয়াটা এগিয়ে নিতে চেষ্টা করলেন।
সেই অধ্যবসায়ের ফল মিলেছে। এখন বড় রেস্তোরাঁগুলো গিনোর কাছে ঝিনুক কিনতে আসে। তিনি বলেন, অনেক চাহিদা সত্ত্বেও তিনি নির্দিষ্ট দামেই ঝিনুকগুলো বিক্রি করেন। চাইলে আরও বেশি দাম হাঁকা যায়। কিন্তু তিনি তো অর্থের জন্য এই কাজ করছেন না। বরং তাঁর কাছে এটা একটা চমৎকার প্রেমের ধারাবাহিকতা। তাঁর ভাবতে ভালো লাগে, নিশ্চয়ই গভীর আবেগময় ভালোবাসার অধিকারী মানুষেরা এই ঝিনুকের ফরমাশ দেন, ঠিক যেমন তাঁর স্ত্রী ওই হৃদয়াকৃতির ঝিনুকটার মাধ্যমে প্রকাশ করেছিলেন।