ভালোবাসি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউ ব্রামার। ব্রিটিশ এই গবেষক বাংলাদেশে গবেষণা করেছেন ২৩ বছর। ​ছবি: ব্যক্তিগত ওয়েবসাইট থেকে
হিউ ব্রামার। ব্রিটিশ এই গবেষক বাংলাদেশে গবেষণা করেছেন ২৩ বছর। ​ছবি: ব্যক্তিগত ওয়েবসাইট থেকে

৩১ আগস্ট ই-মেইলের ইনবক্স খুলতেই চমকে উঠতে হলো—‘অ্যাট লং লাস্ট, আই উইল ট্রাই টু রেসপন্ড টু ইওর কোয়েশ্চেনস অ্যাবাউট মি।’ সেই কবে মেইল করা হয়েছিল। জবাব এল এত দিন পর!
চলতি বছরের অমর একুশে বইমেলায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্টলে চোখে পড়েছিল হিউ ব্রামারের নতুন লেখা বইটি—ক্লাইমেট চেঞ্জ, সি-লেভেল রাইজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ।
হিউ ব্রামার। নামটার সঙ্গে পরিচয় সেই বিশ্ববিদ্যালয় থেকেই। কৃষি, ভূগোল, পরিবেশ, মাটি, দুর্যোগ, আর্সেনিক প্রভৃতি বিষয়ের শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য ব্রামারের বই। লেখক সম্পর্কে বিস্তারিত জানার উপায় কেবল বইয়ের মোড়কে থাকা তথ্যটুকু। কিন্তু তাতে কৌতূহল মেটে না। কে এই লেখক, যিনি বছরের পর বছর গবেষণা করেছেন বাংলাদেশের মাটি, কৃষি, ভূগোল, জলবায়ু, পরিবেশ নিয়ে, নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও গবেষণার ফল জানাতে প্রকাশ করেছেন একের পর এক বই। আর বইগুলো প্রকাশ করেছে ইউপিএল।
ব্রামারের সঙ্গে যোগাযোগের উপায় কী? ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন বাতলে দিলেন উপায়, ই-মেইল। একগাদা প্রশ্ন লিখে মেইল করা হলো ব্রামারকে। মাস দুয়েক পর যে জবাব এল, তাতে আশাহত হওয়া ছাড়া উপায় থাকল না। ব্রামার লিখলেন, ‘তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারব না।’ অতঃপর পাঁচ মাস পরে এল উত্তর। পরপর তিনটা ই-মেইল। সেখানেই সব জবাব।

ব্রামারের অনুপস্থিতিতে অমর একুশে বইমেলা ২০১৫–এ ইউপিএলের স্টলে তাঁর নবম বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: দি ডে​ইলি স্টার
ব্রামারের অনুপস্থিতিতে অমর একুশে বইমেলা ২০১৫–এ ইউপিএলের স্টলে তাঁর নবম বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: দি ডে​ইলি স্টার

শুরুর দিনগুলো
যক্তরাজে্যর পশ্চিম ইয়র্কশায়ারে ১৯২৫ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া ব্রিটিশ গবেষক হিউ ব্রামার প্রথম এই দেশে এসেছিলেন ১৯৬১ সালের সেপ্টেম্বরে। তখন তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কর্মকর্তা। বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) আসার আগে কাজ করছিলেন ঘানায়। মাটি নিয়ে গবেষণা করতেন। একই কাজে এফএও যখন তাঁকে বদলি করল বাংলাদেশে, নিদারুণ হতাশই হয়েছিলেন। তখনো ভাবেননি, এই বাংলার মাটি, বাংলার জলের গভীর প্রেমে পড়তে যাচ্ছেন।

এফএওর বি আর সেন পুরস্কার গ্রহণ ১৯৮১
এফএওর বি আর সেন পুরস্কার গ্রহণ ১৯৮১

ব্রামারের ই-মেইল আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৫৪ বছর আগের দিনগুলোয়। ‘আফ্রিকায় ১০ বছর কাটানোর পর পূর্ব পাকিস্তানে এসে বেশ ধাক্কাই খেয়েছিলাম। লাহোর থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে কেবল পানিই দেখতে পেলাম। ভাবলাম, আমার মাটি গবেষণার অভিজ্ঞতা তিক্তই হতে যাচ্ছে!’
আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্প শুরু হতে দেরি হচ্ছিল। তবে বসে থাকেননি ব্রামার। তত্কালীন পূর্ব পাকিস্তান পানি উন্নয়ন কর্তৃপক্ষের মাটি জরিপকারীদের সঙ্গে কাজ শুরু করেন। যাতায়াতব্যবস্থা উন্নত না হওয়ায় শুরুর দিনগুলোয় বেশ সমস্যায় পড়তে হয়েছিল। ঘানাতে যখন কাজ করেছেন, ব্যক্তিগত গাড়িতে করে সবখানেই যেতে পারতেন। কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব ছিল না। শুরুর কয়েক মাসের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল প্যারাস্যুট ছাড়া আকাশ থেকে নামার মতো!
ভাষাটা অবশ্য সমস্যা তৈরি করেনি। কারণ, বেশির ভাগ সহকর্মীই ছিলেন উচ্চশিক্ষিত। ২০ জন নবিশ মাটি জরিপকারীকে নিয়োগ দিয়েছিলেন। এর মধ্যে একজনের কেবল টপোগ্রাফিক্যাল ম্যাপ (প্রাকৃতিক বিবরণ-সংক্রান্ত মানচিত্র, মাটি গবেষণায় যা অপরিহার্য) দেখার অভিজ্ঞতা ছিল! ব্রামার অবশ্য মনে করেন, দোষটা তাদেরও নয়। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ সব মানচিত্র ‘সংরক্ষিত’ করে দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া কর্মীদের নিবিড় প্রশিক্ষণ শুরুর পর তিনি খেয়াল করলেন, বেশির ভাগই এ পেশায় এসেছেন সমাজে নিজের মর্যাদা বাড়াতে। যাতে ‘ভালো বিয়ে’ করতে পারেন! কেন্দ্রীয় সরকারের কর্তাদের যেন একটু বেশিই কদর! সবার মনোযোগ থাকত নিজের টেবিলের আকার-আকৃতি নিয়েই।

ঘানার গোল্ডকোস্ট বনাঞ্চলে, ১৯৭২
ঘানার গোল্ডকোস্ট বনাঞ্চলে, ১৯৭২

১৯৬১ থেকে ১৯৭১—কর্মব্যস্ততায় এ দেশে এক দশক কেটে গেল ব্রামারের। ১৯৬৮ সালে দারুণ এক সুযোগ এল। প্রকল্প কমিশনার হিসেবে পদোন্নতি পেলেন। পূর্ব ও পশ্চিম—দুই পাকিস্তানেই কাজের তদারকির দায়িত্ব পেলেন।
হিউ ব্রামার চাইলে পশ্চিম পাকিস্তানেও যেতে পারতেন। যাননি। সিদ্ধান্ত নিলেন ঢাকায় থাকার। তাঁর যুক্তি, ‘শুষ্ক মাটির প্রতি কখনো টান অনুভব করিনি।’ ব্রামার ভালোবেসেছিলেন আসলে এ দেশের ভেজা মাটিকেই। তবে থাকতে পারলেন না বেশি দিন। বেজে উঠল যুদ্ধের দামামা। ১৯৭১ সালের ২৬ মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী নৃশংস আক্রমণ চালাল নিরস্ত্র বাঙালির ওপর, ব্রামার তখন ছিলেন ধানমন্ডির ২৬ নম্বর রোডের বাসায়। শুনেছেন অবিরত গুলির আওয়াজ, দেখেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে বুড়িগঙ্গার দিকে হাজার হাজার ভীতসন্ত্রস্ত মানুষের ছুটে চলা।

আশির দশকে ঢাকায় বাড়ির কর্মীদের সঙ্গে হিউ ব্রামার (পেছনে)
আশির দশকে ঢাকায় বাড়ির কর্মীদের সঙ্গে হিউ ব্রামার (পেছনে)

নিরাপত্তার জন্য ব্রামার ধানমন্ডি ছেড়ে চলে এলেন গুলশানে এক সহকর্মীর বাসায়। ওই সময় তাঁদের উদ্ধার করতে আসা জাতিসংঘের বিমান অবতরণ করতে দেয়নি পাকিস্তান সরকার। বাধ্য হয়ে উঠতে হয় পাকিস্তান এয়ারলাইনসের বিমানে। ইসলামাবাদে জাতিসংঘ কার্যালয়ে নৃশংস গণহত্যার বিবরণ দিলেও বিশ্বাস করতে চাইল না কেউ।
এরপর ব্রামার ফিরে যান এফএওর সদর দপ্তর রোমে। এর মাঝে কিছুদিন কাজ করেছেন বিশ্বব্যাংকে। ১৯৭২ সালের জানুয়ারিতে তাঁকে পাঠানো হয় জাম্বিয়াতে। ১৯৭৪ সালের জানুয়ারিতে এফএও তাঁকে আবার পাঠায় বাংলাদেশে। শুরু হয় ব্রামারের আরেকটি উজ্জ্বল অধ্যায়।

মহিউদ্দিন আহমেদ। ছবি: প্রথম আলো
মহিউদ্দিন আহমেদ। ছবি: প্রথম আলো

বাংলাদেশে দ্বিতীয় অধ্যায়
১৯৭৪ থেকে ১৯৮৭। এ দফা ছিলেন ১৩ বছর। এফএও সাধারণত কোনো দেশে পাঁচ বছরের বেশি নিজেদের কর্মী রাখে না। ব্রামার সে ক্ষেত্রে ব্যতিক্রম। অবশ্য বাংলাদেশ সরকারও চেয়েছিল তিনি থাকুন। নিজেও কি চাননি? নইলে এতটা দিন পদ্মা-মেঘনা-যমুনাবিধৌত এ সবুজ বদ্বীপে থাকলেন কী করে?
দীর্ঘ কর্মজীবনে তৈরি করেছেন বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মাটি মানচিত্র (সয়েল ম্যাপ)। যা দেশের কৃষি, জলবায়ু প্রভৃতি গবেষণায় ভীষণ দরকারি। ১৯৭৯ সালে কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার দিয়েছিল রাষ্ট্রপতির স্বর্ণপদক। যে দেশে তাঁকে পাঠানো হয়েছে, সেখানকার উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখা মাঠ কর্মকর্তা হিসেবে ১৯৮১ সালে পেয়েছেন এফওএর বি আর সেন পুরস্কার। ১৯৮৭ সালে পেয়েছিলেন যুক্তরাজ্য সরকারের ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ পুরস্কার। ২০০৬ সালে পেয়েছেন আরও বড় স্বীকৃতি। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির ‘বাস্ক মেডেল ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড রিসার্চ’। ২০১২ সালে পেয়েছেন গ্রীষ্মণ্ডলীয় কৃষি সংস্থার ‘অ্যাওয়ার্ড অব মেরিট’।
ইউপিএলের সঙ্গে জুটি
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর এই গবেষক ২৩ বছরের দুটি অধ্যায় শেষে যখন বাংলাদেশ ছেড়েছেন, ঝুলিতে যোগ হয়েছে মূল্যবান বহু অভিজ্ঞতা। বাংলাদেশের উন্নয়নে এত দিনের অভিজ্ঞতা, গবেষণালব্ধ জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে কাজ করেছে মনে। বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএল থেকে বাংলাদেশের কৃষি, ভূগোল, মাটি, জলবায়ু প্রভৃতি বিষয়ে একে একে প্রকাশিত হলো ব্রামারের নয়টি বই।
ব্রামারের সঙ্গে ইউপিএলের সম্পর্কটা তৈরি হয়েছিল কীভাবে? অতীতের খাতা উল্টে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ নিয়ে গেলেন ষাটের দশকের শেষ দিকে। বললেন, ‘১৯৬৭ বা ৬৮ সালের দিকে এক সভায় তাঁর সঙ্গে প্রথম দেখা। তবে সেদিন তেমন আলোচনা হয়নি।’

১৯৬১ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের একটি আমন ধানের খেত। ছবি: হিউ ব্রামারের ব্লগ থেকে
১৯৬১ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের একটি আমন ধানের খেত। ছবি: হিউ ব্রামারের ব্লগ থেকে

বই প্রকাশের আলোচনাটা হয়েছিল বহু পরে। শারীরিকভাবে এখন বেশ অসুস্থ মহিউদ্দিন আহমেদ। তবু দিব্যি মনে করতে পারেন ব্রামারের সঙ্গে বই প্রকাশের স্মৃতিগুলো। বললেন, ‘১৯৯৬-এর দিকে তিনি আমার অফিসে এলেন। তত দিনে চাকরি থেকে অবসর নিয়েছেন, কাজ থেকে নয়। মানুষ টায়ার্ড হয়ে রিটায়ার্ড হয়। তিনি হননি। আমাকে বললেন, “বাংলাদেশে এত বছর কাজ করেছি। প্রচুর আর্কাইভাল ম্যাটেরিয়াল আছে। এগুলো কী করব বুঝতে পারছি না।” জিজ্ঞেস করলাম, লেখা-টেখা আছে? বললেন, “লেখা মানে কী! আমার কম্পিউটার ভর্তি বাংলাদেশ নিয়ে নানা লেখা।” কৃষি, মাটি, ভূগোল—পুরো দেশটাই তাঁর নখদর্পণে।’
১৯৯৬ সালে প্রথম প্রকাশিত হলো ব্রামারের দ্য জিওগ্রাফি অব দ্য সয়েলস অব বাংলাদেশ। ইউপিএলের সঙ্গে সম্পর্ক ক্রমেই গাঢ় হলো। বের হলো আরও আটটি বই। সর্বশেষ বই জলবায়ু পরিবর্তন নিয়ে। বেরিয়েছে ২০১৪ সালে। বইটিতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত নানা সমস্যা ও সমাধানের কারিগরি দিক সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বইটি বাংলায় অনুবাদ করতে চান, যাতে তথ্য-উপাত্তগুলো স্কুল-কলেজ পর্যায়েও ছড়িয়ে দেওয়া যায়। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ সঠিক পথে আছে কি না, এমন প্রশ্নে ব্রামারের অভিমত, ‘সঠিক তথ্য অনুসরণ না করে, জলবায়ু পরিবর্তনের প্রচলিত ধারণার (কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বে) ভিত্তিতে এখন পর্যন্ত যেসব পরিকল্পনা করা হয়েছে, তাতে ভবিষ্যতে সঠিক পথে এগোনো কঠিনই। জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত সমস্যার চেয়ে জাতীয় পরিকল্পনায় বেশি গুরুত্ব পাবে অন্যান্য সমস্যা, যেমন জনসংখ্যা বৃদ্ধি, নগর উন্নয়ন, মাটি-ধানে আর্সেনিক দূষণ প্রভৃতি।’
বইয়ের রয়্যালটি নেন না ব্রামার। দিয়ে দেন ব্র্যাক স্কুলে। ইউপিএলের প্রতি এতটাই আশ্বস্ত, অন্য কোনো প্রকাশকের কথা চিন্তাই করেননি কখনো।

জাম্বিয়ায় হিউ ব্রামার, ১৯৭৩। ছবি: ব্রামারের ওয়েবসাইট
জাম্বিয়ায় হিউ ব্রামার, ১৯৭৩। ছবি: ব্রামারের ওয়েবসাইট


এ গোধূলি বেলায়
আশির দশকের শেষ দিকে বর্ণাঢ্য কর্মাধ্যায় শেষ হলেও পরে বিচ্ছিন্নভাবে আরও গবেষণামূলক ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। এখনো নিয়মিত যোগাযোগ রাখেন বাংলাদেশের বন্ধুদের সঙ্গে। সর্বশেষ এসেছিলেন ২০০৯ সালে। আবার কবে আসবেন জানা নেই। দীর্ঘ যাত্রায় নিষেধ আছে চিকিত্সকদের। ৯১ ছুঁই ছুঁই (তাঁর ভাষায় ‘স্টিল নট আউট!’) ব্রামার থাকেন যুক্তরাজ্যের হোভে। কেমব্রিজেও বাসা রয়েছে। চিরকুমার ব্রামারের

হিউ ব্রামার
হিউ ব্রামার

বাবা-মা, বোন মারা গেছেন বহু আগে। ইয়র্কশায়ারে ছোট দুই ভাইয়ের বাসায় যাওয়া হয় প্রতি মাসেই। বিয়ে না করার কারণটাও জানালেন, ‘ঘানায় আমার প্রথম বস নিয়োগ দিয়েছিলেন কেবল অবিবাহিতদেরই। তাঁর ধারণা ছিল, বিবাহিতরা দুর্গম এলাকায় কাজ করতে পারবে না। পরিবারের টানে অনুপস্থিত থাকবে। বিয়ে না করলেও বিদেশে থাকা অবস্থায় বাবা-মা, ভাই-বোনের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতাম।’
৬০ বছরের পেশাজীবনে অনেক দেশেই কাজের অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে কোন দেশ? সহস্র মাইল দূরে থাকা ব্রামারের অভিব্যক্তি বোঝার উপায় নেই। তবে জবাবেই লুকিয়ে বাংলাদেশের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, ‘ঘানার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। তরুণ ছিলাম। পেশাজীবনের শুরুর দিকে সেখানে অনেক কিছু শিখেছি। জাম্বিয়াতে দুই বছরও বেশ উপভোগ করেছি। তবে সন্দেহ নেই, মানুষের জ্ঞান ও কল্যাণে সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছি বাংলাদেশেই। ফলে যত জায়গায় কাজ করেছি, সবচেয়ে সেরা বাংলাদেশ।’
বাংলাদেশে কাজ করে সবচেয়ে বড় অর্জন কী? ব্রামারের স্পষ্ট জবাব, ‘দেশটির মাটি ও জলবায়ু সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন।’ অর্জিত এ জ্ঞান তিনি কাজে লাগিয়েছেন বিভিন্ন প্রতিবেদন, বই ও জার্নালে প্রকাশিত নিবন্ধে। তবে একটা আক্ষেপ রয়ে গেছে প্রখ্যাত এ গবেষকের। তাঁর সরবরাহ করা মাটি ও জলবায়ু-বিষয়ক গুরুত্বপূর্ণ তত্ত্ব-তথ্য-উপাত্ত কমই ব্যবহৃত হয়েছে।
বাংলাদেশের নিয়মিত খোঁজখবর নিতে সকালে ঘুম থেকে উঠেই ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর ওয়েবসাইটে ঢুঁ মারেন ব্রামার। ভালো সংবাদ তাঁকে আপ্লুত করে, নেতিবাচক খবর মনে বিষাদের ছায়া ফেলে।
এ মুহূর্তে বাংলাদেশের ভূমি, মাটি উর্বরতা ও জলবায়ু পরিবর্তনের ওপর দশম বইটি লিখছেন। বয়স তাঁকে ক্লান্ত করেনি। ভালোবাসা কখনোই ক্লান্ত হয় না। প্রগাঢ় টান রয়েছে বলেই ব্রামার বাংলাদেশকে বিলিয়ে দিতে পারছেন নিজের সঞ্চিত সবটুকু জ্ঞান।

.
.

হিউ ব্রামারের প্রকাশিত বই
১. দ্য জিওগ্রাফি অব দ্য সয়েলস অব বাংলাদেশ (১৯৯৬)
২. এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট পসিবিলিটিজ ইন বাংলাদেশ (১৯৯৭)
৩. এগ্রিকালচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (১৯৯৯)
৪. এগ্রোইকোলজিক্যাল আসপেক্টস অব এগ্রিকালচারাল রিসার্চ ইন বাংলাদেশ (২০০০)
৫. ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং ইন বাংলাদেশ (২০০২)
৬. হাউ টু হেল্প স্মল ফার্মারস ইন বাংলাদেশ (২০০২)
৭. ক্যান বাংলাদেশ বি প্রটেক্টেড ফ্রম ফ্লাডস? (২০০৪)
৮. দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অব বাংলাদেশ (২০১২)
৯. ক্লাইমেট চেঞ্জ, সি-লেভেল রাইজ অ্যান্ড ডেপেলপমেন্ট ইন বাংলাদেশ (২০১৪)
সব কটির প্রকাশক: ইউপিএল
যৌথ লেখক
আর্সেনিক পল্যুশন: আ গ্লোবাল সিনথেসিস
পিটার র্যাভেনসক্রফট, হিউ ব্রামার ও কেইথ রিচার্ডস
প্রকাশক: উইলি-ব্ল্যাকওয়েল


‘ব্রামারের বই এক মূল্যবান সম্পদ’

মাহরুখ মহিউদ্দিন, পরিচালক, ইউপিএল
হিউ ব্রামার রেফারেন্স বইয়ের খোঁজে ইউপিএলে এসেছিলেন ১৯৯৬ সালের দিকে। তখন মহিউদ্দিন আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো দেখা হয়। তিনি যখন প্রথম বইটি প্রকাশের প্রস্তাব দেন, প্রকাশক মহিউদ্দিন আহমেদ সানন্দেই রাজি হলেন।
তবে বইয়ের প্রকাশের কাজটা ছিল ব্যয়সাপেক্ষ। সেটি কলেবরের কারণেই। বইগুলোর বিক্রির সম্ভাবনা ছিল অনিশ্চিত। তবু কেন এ ব্যয়বহুল বিনিয়োগের সিদ্ধান্ত? মহিউদ্দিন আহমেদের যুক্তি ছিল, ব্রামার যা করছেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ কৃষি খাতের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। গবেষকদের জন্যও এমন বই হাতে পাওয়া দুর্লভ ব্যাপার। সরকারে যাঁরা এ বিষয়ে নীতি নির্ধারণ করেন, তাঁদেরও বইগুলো কাজে আসবে।