ভালোবেসেই বিয়ে করেছেন 'বৃক্ষমানব'কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদারের সঙ্গে স্ত্রী হালিমা খাতুন
আবুল বাজনদারের সঙ্গে স্ত্রী হালিমা খাতুন

‘তাঁর হাত-পাগুলো গাছের শিকড়ের মতো হইয়ে যাচ্ছিল। নিজে কোনো কাজই করতি পারেন না। এমনকি নিজের হাতে খাতিও পারেন না। এগুলা দেখে আমার খুব মায়া হইছিল। মনে হইছিল এই মানুষটা একা কত কষ্ট পাচ্ছেন। এই জন্যি উনারে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবার রাজি না হলি পর পলায়ে বিয়ে করি।’ কথাগুলো ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের স্ত্রী হালিমা খাতুনের।
১০ বছর ধরে বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদার এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ১ জুলাই সেখানেই কথা হয় ২১ বছর বয়সী হালিমার সঙ্গে। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত, যা ‘ট্রি-ম্যান (বৃক্ষমানব) সিনড্রোম’ হিসেবে পরিচিত। এতে আবুলের হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে যায়।
পাঁচ বছর আগে হালিমা ভালোবেসে বিয়ে করেন আবুলকে। বিয়ে নিয়ে হালিমা বলেন, ‘এই বিয়েতে সবার আপত্তি ছিল। ছেলের হাত-পা গাছের শিকড়ের মতো। দেখতি কেমন খারাপ লাগে। কোনো কাজকর্ম করতি পারে না। তালি পরে আমার দেখভাল করবি কীভাবে, সংসার চলবি কীভাবে—এই সব প্রশ্ন তখন সবার মুখে মুখে। এই জন্যি বিয়ে দিতে কেউ রাজি হচ্ছিল না।’ তবে সবার আপত্তি সত্ত্বেও দমে যাননি হালিমা। আবুল ও হালিমা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে পালিয়ে বিয়ে করেন।
খুলনার পাইকগাছায় আবুল বাজনদারের বাড়ি হলেও তাঁর বোনের বাড়ি খুলনার দাকোপে। আবুলের বোন হালিমার প্রতিবেশী। এভাবেই তাঁদের পরিচয় হয়। তারপর ভালোবাসা, শেষে পরিণয়। হালিমা জানান, ২০১১ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন তিনি। ‘নতুন করে দেখা হয় উনার সঙ্গে।’ নতুন করে দেখা মানে? হালিমা বলেন, ‘এর আগে আমি যখন ফোর-ফাইভে পড়ি, তখন একবার দেখা হইছিল। এরপর ম্যালা বছর দেখা নাই। এবার দেখা হলিই উনি আমারে বিয়ের প্রস্তাব দেন। আর আমিও রাজি হয়ে যাই। দেখা হওয়ার এক সপ্তাহের মাথায় আমাগের বিয়ে হয়।’
আবুলের এমন রোগের কারণে অনেকেই যখন তাঁকে দূরে সরিয়ে রাখতেন, তখন গত পাঁচটি বছর তাঁকে ধরে আগলে রাখছেন হালিমা। তিনি হয়ে উঠেছেন আবুলের সার্বক্ষণিক সঙ্গী। তাঁর ছায়ায় বেঁচে থাকছেন ২৫ বছর বয়সী আবুল।
তবে এ জন্য কম ত্যাগ স্বীকার করতে হয়নি এক সন্তানের মা হালিমা খাতুনকে। শুরুতে হালিমার বাবার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আবার আবুলের পরিবারও এই বিয়েকে খুব ভালোভাবে নেয়নি।
স্বামী আয় করতে পারেন না। তবে সংসার চলত কীভাবে? হালিমা বলেন, ‘আমার শ্বশুর ভ্যান চালান। উনি আর শাশুড়ি মিলে মানুষের কাছে চাইয়ে-চিনতে কিছু সাহায্য পাইতেন। আর আমি আশপাশের বাড়ির মানুষের কাজকর্ম করে কিছুটা রোজগার করতাম। কাঁথা সেলাই করতাম। এভাবেই কষ্ট করে সংসার চালাতাম। দুইডা খাবারের ব্যবস্থা করতাম।’
এটুকু বলে চুপ হয়ে যান হালিমা। হাতের প্লাস্টিকের সবুজ চুড়ি ঘোরাতে ঘোরাতে হালিমা বলেন, ‘আমরা তো গরিব। আরাক জনের জাগায় ঘর তুলে থাকি। স্বামীর অসুখ বা ভালো-মন্দ খাতি পারি না—এই নিয়ে দুঃখু হয়নি। কিন্তু মানুষ আমার স্বামীকে নিয়ে অনেক বাজে কথা বলত। দেখলেই “সর সর” করত। তখন অনেক কষ্ট হতো। অনেক কান্নাকাটি করতাম। আবার অনেকে আমারে বলত, তুমি এমন লোকের সঙ্গে ঘর করো কিরাম করে।’
স্বামী খুব ভালোবাসেন জানিয়ে অনুযোগের সুরে হালিমা বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার আগে মাঝেমদ্যেই উনার হাতে-পায়ে যন্ত্রণা হতো। তখন উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কিছু একটা বলতে গেলেই রেগে যেতেন। তখন খুব বেশি কষ্ট পেতাম।’ কিন্তু এখন স্বামী আর তাঁর সঙ্গে রেগে কথা বলেন না। বরং আগের থেকে অনেক বেশি ভালোবাসেন, মায়া করেন। এ সময় হালিমার করুণ মুখে সোনার নাকফুলটি জ্বলজ্বল করে।
আবুল নিজে নিজে কিছুই করতে পারেন না। তাঁকে দেখভালের পুরো দায়িত্ব হালিমার। তিনি বলেন, ‘খাওয়া, গোসল করানো, টয়লেটের পরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে সবই করতি হয় আমার। সন্তানের মতো করি পালতি হয়।’
এসব করতে খারাপ লাগে না? হালিমা বলতে থাকেন, ‘ভালোবাসার মানুষের জন্যি কিছু করতি কষ্ট হয় না। স্বামীর জন্যি কাজ করা তো সব বউয়ের ভাগ্যে থাকে না। আর আমি নিজের ইচ্ছেতে করি। আমি তো অনেক ভাগ্যবান।’