ভালো কলেজটির দুর্দশা ঘুচবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পাওয়া দীঘিনালা ডিগ্রি কলেজ ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখলেও প্রশাসনের সুনজর বঞ্চিত। নানা সমস্যা-সংকটের কারণে এই কলেজের শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। কলেজে পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও আসবাবপত্র নেই। এ ছাড়া বাংলা, ইংরেজি ও পালি বিভাগের শিক্ষকের তিনটি পদও শূন্য রয়েছে দীর্ঘ দিন ধরে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫১ জন। নানা সমস্যা সত্ত্বেও কলেজের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করেছেন। এর স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগে সেরা কলেজের স্বীকৃতিও জুটেছে। ২০১০ সালে ডিগ্রিতে ৯৫ শতাংশ ও এইচএসসিতে ৮০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। ধারাবাহিক ভালো ফলাফলের পরও কলেজের সমস্যা সমাধানের দিকে দৃষ্টি দিচ্ছেন না প্রশাসন। সরেজমিনে দীঘিনালা ডিগ্রি কলেজ ঘুরে দেখা যায়, দ্বিতল ভবনের অধিকাংশ কক্ষের জানালার কাচ নেই, দরজাও ভাঙা। একতলার অধিকাংশ কক্ষের অবস্থা এমন। দোতলার কোনো কক্ষেই জানালার কাচ নেই। কম্পিউটার ল্যাবের জানালার কাচও ভাঙা। ল্যাবের সাতটি কম্পিউটার থাকলেও সচল আছে তিনটি। সচল কম্পিউটারগুলো বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।প্রশাসনিক ভবনের অবস্থাও নাজুক। টিনশেডের ঘরে সামান্য বৃষ্টি হলে কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। বৃষ্টি শুরু হলে সেখানে শিক্ষক-কর্মচারীরা কাজ করতে পারেন না বলে জানালেন। কলেজ সূত্রে জানা যায়, এ বছর কলেজে নতুন ভর্তি হবে সাড়ে চার শ শিক্ষার্থী। কলেজে আসবাবপত্রসংকট প্রকট হওয়ায় পাঠদানের সময় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। টয়লেট রয়েছে মাত্র একটি। বিশুদ্ধ পানির সরবরাহও নেই। পাহাড়ের নিচ থেকে আনতে হয় ব্যবহারের পানি। এ ছাড়া বাংলা, ইংরেজি ও পালি শিক্ষকের পদও শূন্য থাকায় খণ্ডকালীন শিক্ষকেরা বিষয়গুলোর পাঠদান করছেন।শিক্ষার্থী জ্ঞান চাকমা, মনির আহাম্মদ, কাজী রানা ও জগৎ জ্যোতি চাকমা বলেন, ‘আসনসংকটের কারণে বহু মেধাবী শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন না। কলেজের নানা সংকটের কথা জানিয়ে গত ৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা বলেন, ‘কলেজের বড় সমস্যা আসবাবপত্রের অভাব, শ্রেণীকক্ষের সংকট, খাবার পানি ও স্যানিটেশন না থাকা। সমস্যা সমাধানের জন্য আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি।’