রাউজান ক্লাবের অনুষ্ঠানে বিচারপতি হাবিবুল
ভালো কাজে সহযোগিতা করতে না পারেন, বাধাগ্রস্ত করবেন না
সুপ্রিম কোর্টের বিচারপতি হাবিবুল গণি দেশের রাজনীতিবিদদের উদ্দেশে বলেছেন, আপনারা কোনো ভালো কাজে সহযোগিতা করতে না পারেন, বাধাগ্রস্ত করবেন না। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, রাজনীতিবিদরা যত দিন নিজেদের সুশাসনের দিকে ঠেলে না দেবেন, সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে না আসবেন তত দিন এ দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
১৮ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রাউজান ক্লাবের চতুর্থ মেজবান উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনজন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অধ্যাপক নু ক ম আকবর, আব্দুল হামিদ চৌধুরী ও শিল্পপতি ফরহাদ গণি। ক্লাবের দাতা সদস্য এস এম সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন লুবনা হারুন, মাসুম চৌধুরী, দুলাল দাশ, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী ও মাঈনুদ্দিন কাদেরের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন রিয়াজুল হাসান। ধন্যবাদ বক্তব্য দেন ক্লাবের সভাপতি ডা. ওমর ফারুক।
সভায় রাউজান ক্লাব হাসপাতাল প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন চুয়েটের অধ্যাপক স্থপতি কানু কুমার দাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কাশেম, ইফতেখার আহমেদ খান, আহমেদ নেওয়াজ, লেয়াকত আলী চৌধুরী, মো. আবদুল্লাহ আল মুবিন চৌধুরী, মোসলেহ উদ্দিন, আবু বকর চৌধুরী, কাজী মোহাম্মদ শফিউল আলম, জাহঙ্গীর আলম চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুুখ। বিজ্ঞপ্তি।