ভালো কাজের নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো ছড়ানো এই মশালের যাত্রা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতের ছোঁয়া পেয়ে ভালো কাজের তরুণ নায়ক খুঁজে পেতে রওনা হয়েছিল এই মশাল। এরপর সেই আলোর মশাল পাড়ি দিয়েছে অনেকটা পথ। শুরুতে সারা দেশের প্রায় সাত হাজার তরুণ নায়কের চোখে ধরা দিয়েছে সে স্বপ্ন।প্রথমে সাত হাজার, এরপর ধাপে ধাপে এ সংখ্যা কমে এসেছে ১৬-তে, তারপর পাঁচে। সংখ্যাটা পাঁচে নেমে আসার পরই অপেক্ষার পালা যেন বাড়তেই থাকল। আর তা হবেই বা না কেন! ১৫ কোটি মানুষের বাংলাদেশে ভালো কাজের একজন তরুণ কাণ্ডারি, একজন ‘ক্যাম্পাস হিরো’ খুঁজে পাওয়া তো আর যে-সে ব্যাপার নয়। তাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসে যখন সেই সেরা পাঁচ থেকে এক, অর্থাৎ ‘ক্যাম্পাস হিরো’ বেছে নেওয়ার আসর বসল, তখন সেই আসরের সবাই যে ভালো কাজের তরুণ নায়কের নামটা জানার জন্য শিহরিত হবে, তা তো বলা বাহুল্য। সবার মনে একই প্রশ্ন, অনুষ্ঠান শেষে বিচারকদের রায়ের পর কার হাতে তুলে দেওয়া সেই আলোর মশাল।গত ২৩ অক্টোবর সন্ধ্যা থেকেই শেলেটক্-চ্যানেল আই ক্যাম্পাস হিরোর মঞ্চে একে একে উঠে এলেন সেরা পাঁচজন। বিজিএমইএ ফ্যাশন টেকনোলজির আফসিদ ইয়ামিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম ভূঁইয়া, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাশিদুর রহমান ইমন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিজীবন খীসা, এবং এশিয়ান ইউনিভার্সিটির শামীম হোসাইন। দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে তাঁরা উঠে এলেন মঞ্চে। চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী উষ্ণ অভিনন্দন জানালেন পাঁচ প্রতিযোগীকে।তারপর? তারপর আবার কী, শুরু হলো লড়াই! না না, ভয় পাবেন না। এ লড়াই অসুস্থ ছাত্ররাজনীতির নয়, এ লড়াই পেশিশক্তির নয়, এ লড়াই হলো ভালো কাজের।দেশের জন্য কে কত ভালো কাজ করতে পারে—এ লড়াই তারই। পাঁচ প্রতিযোগীর নিজ নিজ ভালো কাজের উপস্থাপনা, সে বিষয়ে বিচারক ও আমন্ত্রিত অতিথিদের প্রশ্ন, ভালো কাজের অগ্রগতি, তারপর তাৎক্ষণিক বুদ্ধি পরীক্ষা। সবশেষে অপেক্ষার পালা, বিচারকেরা কাকে বেছে নেন ক্যাম্পাস হিরো হিসেবে? আলোর মশাল তুলে দেন কার হাতে? অবশেষে সেই আলোর মশাল তুলে দেওয়া হলো বিজিএমইএ ফ্যাশন টেকনোলজির আফসিদের হাতে। তুমুল করতালিতে ফেটে পড়ল দর্শক সারি।চানেল আই ক্যাম্পাস হিরো হয়ে আফসিদ লাভ করলেন তিন লাখ টাকা। আফসিদের সঙ্গে আসা তাঁর একঝাঁক বন্ধুর আনন্দ যেন বাঁধনহারা। যে চার প্রতিযোগী ক্যাম্পাস হিরো হতে পারেননি, তাঁদের মুখেও হাসি লেগে আছে আফসিদের প্রাপ্তিতে। আফসিদ কিন্তু কাঁদছেন। তাঁর চোখে পানি। তা দেখে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘অন্য সব জায়গায় যে সেরা হয়, সে হাসে আর বাকি প্রতিযোগীরা কাঁদে। কিন্তু এখানে হয়েছে উল্টো। জয় হয়েছে ভালো কাজের।’আসুন পাঠক, আফসিদের মুখ থেকেই জেনে নিই তাঁর ভালো কাজটা কী ছিল। ‘আমি খিলক্ষেত এলাকায় থাকি। হঠাৎ এক দিন খেয়াল করে দেখলাম যে খিলক্ষেত এলাকায় কোনো গণগ্রন্থাগার নেই। আমার খুব অবাক আর খারাপ লাগল। স্বাধীনতার ৪০ বছর হয়ে গেল, তবু এখানে কোনো লাইব্রেরি নেই! আমি তখন আমার কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে এ কাজে লেগে পড়লাম। এলাকার মুরব্বিরা এগিয়ে এলেন আমার সহযোগিতায়। এলাকার তরুণেরা মিলে গড়ে তুললাম একটা ছোট্ট পাঠাগার। আজ সবার প্রচেষ্টায় সেই পাঠাগারে প্রায় দুই হাজার বই রয়েছে। খিলক্ষেত এলাকার ছেলেমেয়েরা আমার এই পাঠাগারে নিয়মিত আসে, বই পড়ে। আমার খুব ভালো লাগে।’ক্যাম্পাস হিরো হয়ে যাওয়ার পর এই ভালো কাজের আরও ডালপালা বিস্তৃত হবে বলেই জানালেন আফসিদ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ হয়েছেন প্রথম রানারআপ। আরিফ তাঁর বন্ধুদের সঙ্গে করে রিকশা কিনে দিয়েছিলেন তাঁদের ক্যাম্পাসের শিশুশ্রমিকদের পরিবারকে। তার বিনিময়ে শর্ত রেখেছিলেন যে ওই সব শিশুকে স্কুলে পাঠাবে ওদের পরিবার। হয়েছিলও তাই। আর দ্বিতীয় রানারআপ হওয়া স্ট্যামফোর্ডের ইমনের ভালো কাজটি ছিল দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা নিয়ে। তাঁদের দুজনের কাছে জানতে চাই, কেমন লাগছে এত দূর পর্যন্ত আসতে পেরে। আরিফুল বলেন, ‘প্রথম হতে পারিনি, তাতে আক্ষেপ নেই। আমার এই ভালো কাজ চলতেই থাকবে।’ ইমনও বললেন তেমনিই, ‘ভালো কাজে সেরা হওয়ার জন্য লড়াই করেছি। এখন শুধু একটাই চাওয়া, আমার এই ভালো কাজ যেন থেমে না যায়।’সেরা পাঁচের অংশ জ্যোতি ও শামীমও সব সময় ভালো কাজের সঙ্গে থাকার অঙ্গীকার করেন।চূড়ান্ত পর্বের সেরা পাঁচে আসতে পারেননি, কিন্তু টিভি পর্বে অংশ নেওয়া বাকি ১১ জনও মঞ্চে এসে নিজেদের ভালো কাজের কথা দর্শকদের জানান। তাঁরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল-আমিন, বুয়েটের আজহারুল ইসলাম সনেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরাঙ্গ তালুকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাহবুবুল হাসান নিশান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনামুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খাইরুল এহসান ফাহিম, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আফিকুল ইসলাম পাপ্পু, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সজীব আল সিরাজ, ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাহিদ হাসান রনি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আবু সালেহ আবদুল্লাহ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সাইফুল আলম রিগান।ক্যাম্পাস হিরো মানে ক্যাম্পাসের নায়ক তৈরি হবে আর সমাজের আসল নায়কেরা থাকবেন না, তা কি হয়! তাই চ্যানেল আই এ অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও চিকিৎসক প্রাণগোপাল দত্তকে সম্মানিত করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ক্যাম্পাস হিরো অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আর প্রতি পর্বেই একজন করে অতিথি বিচারক ছিলেন। চূড়ান্ত পর্বে অতিথি বিচারক ছিলেন বরেণ্য অধ্যাপক ও সাহিত্যিক সিরাজুল ইসলাম চৌধুরী।ক্যাম্পাস হিরো অনুষ্ঠানের প্রযোজক ছিলেন অনন্যা রুমা। অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন শাইখ ইমতিয়াজ। তিনি বলেন, ‘আসলে ভালো কাজ করা যে অনেক সহজ, তরুণেরা চাইলেই তা করতে পারে, এটা জানানোর জন্যই আমাদের এই আয়োজন।’উল্লেখ্য, চ্যানেল আইতে অনুষ্ঠানটির শেষ পর্ব প্রচারিত হয়েছে ৩ নভেম্বর।[email protected]