ভালো কাজের সঙ্গে থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার অনেক টাকা ভর্তুকি দিয়ে আমাদের এই ক্যাডেট কলেজে পড়াশোনা করিয়েছে। সেখান থেকে পাস করে এই দেশের কল্যাণে ভালো কিছু করব না, তা কী কখনো ভাবা যায়? এই দেশ, এই মাটিকে ভালোবাসতে হবে। দেশের সুন্দরতম কাজে নিবেদিত হতে হবে। কথাগুলো বললেন এ বছর এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনাজপুর বোর্ডের সেরাদের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজের তিন কৃতী শিক্ষার্থী। ওঁরা তিন বন্ধু। ছোটবেলা থেকে এই বিদ্যাপীঠে পড়াশোনাও করেছেন একসঙ্গে। কিশোর বয়স থেকে একই সঙ্গে বড় হয়ে উঠেছেন। হাসি-খুশি, তামাশা, হই হুল্লোড় আরও কত কী? সেই মায়ার বন্ধন ছেড়ে এখন তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাবেন। এর পরও রংপুরের তিন বন্ধু তানভীর, নাফিজ ও সৌমিক একসঙ্গে হয়েছিলেন তাঁদের প্রিয় বিদ্যাপীঠের সবুজ প্রান্তরে। এই তিন বন্ধুর সঙ্গে কথা হয়। তাঁরা কী ভাবছেন? কীভাবে দেশটাকে সাজাবেন? দেশের কল্যাণমুখী কর্মকাণ্ডে তাঁদের ভূমিকাই বা কেমন হবে? তানভীর হাসান বলেন, আমি পড়াশোনা করে নিজেই যে শুধু মানুষ হয়ে গড়ে উঠব, এটা ভাবলে চলবে না, এই দেশের মঙ্গলের জন্য যেন কিছু একটা করতে পারি। সততার সঙ্গে দেশ পরিচালনা করব। সন্ত্রাস ও দুর্নীতি রোধে কখনো পিছপা হব না।নাফিজ শরীফ বলেন, যুক্তিসংগত স্বাধীন মতামতের ভিত্তিতে আলোকিত মানুষ গড়ার কারিগর হতে যা যা করণীয় তার সবটুকুই পূরণ করতে চাই। মানুষের মধ্যে যেন আমার কর্ম বেঁচে থাকে। আমি যেন মানুষের মধ্যে থাকতে পারি। সৌমিক আজম বলেন, সব সময় ভালো কাজ করারই চিন্তা করি। দেশের জন্য অবদান রাখা, এটা যেন দায়িত্ব এসেই পড়েছে। মা-বাবাসহ পরিবারের মুখ যেন উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়, এ জন্য অনেক অনেক ভালো কাজ করতে হবে। সবাই মিলেমিশে দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় সেরাদের সেরা হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে এ বছর ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, নিয়মশৃঙ্খলা ও নিয়মিত পরীক্ষা নিয়ে বোর্ডের মেধাতালিকার শীর্ষে এসে যেন স্বপ্ন পূরণ হয়েছে। শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে যেন সততার সঙ্গে ভালো কাজ করে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।