ভালো চাহিয়া পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটি চাহিয়া, টাকা চাহিয়া, নলকূপ বা ডাকঘরের মতো কত কিছু চাহিয়াই পত্র লিখল মানুষ। এবার আরেকজনের ‘ভালো চাহিয়া’ পত্র লিখলেন ইশতিয়াক আহমেদ


পত্রের শুরুতে আমার ভালোবাসা জানিবে। যদিও পত্রে প্রেরিত এই ভালোবাসা গ্রহণ বা বর্জনের সম্পূর্ণ অধিকার তোমার রহিয়াছে। তবে মনে রাখিতে হইবে, অতীতে এই ভালোবাসা বর্জন করিয়াই তুমি এক অনিশ্চিত জীবনের দিকে হাঁটিয়া গিয়াছ। ফলে এখন তুমি ভালো বা মন্দ কিরূপ আছ, তাহা সম্পর্কে আমি নিশ্চিত নই।

যদিও লোকের কথায় কান দেওয়ার অভ্যাস আমার কোনো কালেও ছিল না, তবু লোকের কাছে অনেক কিছু শুনিতে পাই। তুমি হয়তো জানো না, কোনো এক মহান ব্যক্তি বলিয়াছিলেন, লোকের কথা এমন প্রচারশক্তিসম্পন্ন, যাহাতে কর্ণপাত করিতে হয় না; এমনিতেই শ্রবণসীমায় আসিয়া পড়ে।

তাই লোকের কথা অগ্রাহ্য করিবার ক্ষমতা আমারও ছিল না। তুমি ইদানীং আর তেমন ভালো নাই, এই কথা শুনিয়া প্রচণ্ড মনঃকষ্ট নিয়া দিনানিপাত করিতেছি। যে কারণে ল্যাপটপ খুলিয়া বসিলাম। ভাবিলাম, একখানা পত্র লিখিয়া ফেলি। কী আছে জীবনে!

তোমার স্মৃতিশক্তি দারুণ, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। ছিলও না। তোমার মন তোমার সঙ্গে প্রতারণা করিলেও তোমার স্মৃতিশক্তি প্রতারণা করিবে না, আমি জানি। তাই এই বিষয়ে নিশ্চিত, তুমি আমার পত্র লেখার হাতযশ সম্পর্কে বেশ অবগত আছ।

আমি আমার শিক্ষাজীবনে সোয়া দুই শত বার ছুটি চাহিয়া, তেরোর অধিক বার বিনা বেতনে অধ্যয়ন করিতে চাহিয়া, পাঁচ-পাঁচবার আমাদের গ্রামে নলকূপ এবং ডাকঘর স্থাপনের জন্য পত্র লিখিয়াছি। এ ছাড়া দেশের শীর্ষ প্রচারিত দৈনিকগুলো সেই পত্র প্রকাশ করিয়া নিজেদের সুনাম অক্ষুণ্ন রাখিয়াছে।

তোমার নিশ্চয়ই স্মরণে আছে, আমার চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামে স্থাপিত হওয়া নলকূপ দেখিয়া তুমি অজ্ঞান হইয়া গিয়াছিলে এবং সেই নলকূপের পানির ছিটা দিয়া তোমার জ্ঞান ফিরিয়া আনা হইয়াছিল। মনে পড়ে, সেই দিন তুমি সেই পানি স্পর্শ করিয়া শপথ করিয়াছিলে, এই গভীর নলকূপের পানির মধ্য হইতে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হইয়া যাইতে পারে, কিন্তু তুমি-আমি কেউ আলাদা হইব না।

কী আশ্চর্য, আমরা একদা যে কাচের গ্লাসে পানি পান করিয়াছি, সেটা ভাঙ্গে নাই। তোমাকে উপহার দেওয়ার জন্য যে আয়না কিনিয়া আনিয়াছিলাম, তাহাও ভাঙ্গে নাই। এমনকি ভাঙ্গে নাই গ্রামের শেষ সীমানায় স্থাপিত বাজারখানিও। শুধু ভাঙিয়াছে তোমার শপথ। তুমি আজ নাই! তাই এই পত্র রচনা আমার।

এই পত্র তোমাকে কতটুকু ভালো রাখিতে পারিবে, তাহা অজানা আমার। তবু আমি তোমার ভালো চাই। শিশু যেমন মায়ের কাছে খাবার চায়, পাখি যেমন উড়বার জন্য উন্মুক্ত আকাশ চায়, বৃক্ষ যেমন সালোকসংশ্লেষণের জন্য সূর্যের আলো চায়, মানুষ যেমন চলাফেরার জন্য নিরাপদ সড়ক চায়, তেমনি আমিও তোমার ভালো চাই।

এই পত্রপাঠে তোমার সন্দেহ জাগিতে পারে, আমি আসলে কতটুকু ভালো চাই। তোমার সন্দেহ হইবার কারণ সঠিক। ভালোর তো শেষ নাই। তুমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রীর মতো ভালো থাকিতে পারো। তুমি ভালো থাকিতে পারো সম্প্রতি বাগদান সম্পন্ন করা বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার মতো, তুমি ভালো থাকিতে পারো পৃথিবীর একসময়ের সবচেয়ে ক্ষমতাশালী নারী হুররাম সুলতানের মতো। তোমার যেরূপ খুশি। তোমার যেরূপ চাহিদা। মোদ্দাকথা, তোমার ভালো থাকা হইলেই হইল।

আমি চাই, তোমার চলার পথ হইবে ফুটওভারব্রিজ ধরিয়া হাঁটার মতো সুশৃঙ্খল, তোমার চোখের সামনের পৃথিবী হইবে ফোর-কে রেজল্যুশন পর্দার মতো স্বচ্ছ। তোমার চাওয়া-পাওয়ার হিসাব হইবে টেন এমবিপিএস ওয়াই-ফাই গতিতে। আশা করি, আমার চাওয়াটুকু বুঝিতে তোমার সমস্যা হইতেছে না। অতীতে যে রকম চাহিয়াছি, এখনো তেমনটাই চাই।

জীবনের রূঢ় বাস্তবতা তো তোমার অজানা নহে। এই সময়ে কেউ কাহারো ভালো চায় না। আদতে ক্ষতি চায়। একে অন্যের ক্ষতি চাহিয়া নিজের ভিতরে অসংখ্য পত্র রচনা করে নিয়মিত। তোমার পড়াশোনা সর্বদা কম ছিল, তাই হয়তো তুমি রম্যলেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম শোনো নাই। তিনি বলিয়াছেন, ‘পরিচিত কারো খুব বড় ধরনের বিপদ হইয়াছে, বাঙালির জন্য এর চাইতে খুশির খবর আর কীই-বা হইতে পারে!’

ইহাই সত্য। আর এই যুগেই আমি তোমার ভালো চাহিয়া পত্র প্রেরণ করিতেছি। যদিও তুমি আমার সহিত তেমন কোনো ভালো স্মৃতি রাখিয়া প্রস্থান করো নাই। বেদনাদায়ক। এমন বেদনার আশঙ্কা করিয়া চির অম্লান কবি জীবনানন্দ দাশ বলিয়াছিলেন, ‘সুরঞ্জনা ওইখানে যেয়ো না কো তুমি’, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় লিখিয়াছিলেন, ‘কেউ কথা রাখে না’। রাখো নাই তুমিও।

কিন্তু আমি রাখিয়াছি। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করিয়া যাইব, আমি সেই ওয়াদা হইতে এতটুকু নড়ি নাই। নড়বও না।

দিনের শেষে তুমি ঢাকা ওয়াসাকে দোষ দিতে পারিবে পরিষ্কার পানি সরবরাহের কথা না রাখায়, বিদ্যুৎ বিভাগকে দোষ দিতে পারিবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না রাখায়, স্থানীয় জনপ্রতিনিধিকে দোষ দিতে পারিবে এলাকার ছোট্ট খালটার ওপর ব্রিজ করিয়া না দেওয়ায়। কিন্তু আমাকে দোষারোপ করিতে পারিবে না। একবিন্দুও।

আমি তোমার ভালো চাহিয়া আসিয়াছি। ভালো চাহিবও। ভালো চাহিয়া পত্রও লিখিব বারবার। তাহা তুমি ছিঁড়িয়া ফেলো, পুড়িয়া ফেলো কিংবা তাহা টিস্যুপেপার হিসেবে ব্যবহার করো, আমার কিছু যাইবে-আসিবে না। আমি তোমার ভালো চাই।

ভালো থাকিবে।

আমার নাম প্রকাশ না করিয়া বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ পৌঁছাইয়া দিয়ো।

আজ তবে বিদায়।

[পত্রে সাধু ও চলিত ভাষার মিশ্রণ থাকিতে পারে। সেটা লইয়া মন খারাপ করিবে না। যদিও তুমি সাধু ও চলিত ভাষার পার্থক্য খুব একটা বুঝিবে না। চিরকাল কেবল সাধু সাজার চেষ্টাই বুঝিয়াছিলে!]