ভালো থেকো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীর কাপ হাতে স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা
বিজয়ীর কাপ হাতে স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা

শহরের ব্যস্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের শব্দ শুনে অনেকে হয়তো ভ্রুক্ষেপ করেন না। কিন্তু এই শব্দই বিচলিত করেছিল স্যার জন উইলসন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়া একদল শিশুকে। অ্যাম্বুলেন্সের বেডে শুয়ে থাকা মুমূর্ষু রোগীর কথা মাথায় রেখেই তারা ‘টেক কেয়ার বিডি—ভালো থেকো বাংলাদেশ’ নামে একটি প্রকল্পের কথা ভেবেছে। যা ব্যবহার করে সাধারণ মানুষ আরও দ্রুত, মানসম্পন্ন ও কম খরচে স্বাস্থ্যসেবা পেতে পারে। শিশুদের দলটি এই উদ্ভাবনী ভাবনা থেকে জিতে নিয়েছে ওয়াইএফএস বুটক্যাম্প-ঢাকা চ্যাপ্টারের সেরা উদ্যোক্তা পুরস্কার।

গত ২৯ ও ৩০ মার্চ ঢাকায় পাঠাওয়ের কার্যালয়ে ইয়ং ফাউন্ডারস স্কুলের (ওয়াইএফএস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো বুটক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সবাই নিম্নমাধ্যমিক বা মাধ্যমিকের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা তৈরির লক্ষ্যে শিশু বয়স থেকেই এসব বিষয়ে হাতেকলমে শেখায় ওয়াইএফএস। সামাজিক সমস্যার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করে একটা সাধারণ আইডিয়া থেকে উদ্যোক্তা হয়ে ওঠা যায়, তা-ই শেখানো হয় এই দুই দিনের বুটক্যাম্পে।

২০১৬ সালে হংকংয়ে যাত্রা শুরু করে ইয়ং ফাউন্ডারস স্কুল। শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তির মাধ্যমে চারপাশের সমস্যা সমাধানে নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য কাজ করে এরা। ওয়াইএফএসের প্রতিষ্ঠাতা বিলি নাভিদ নিজেই ১৬ বছর বয়সে দুটি প্রতিষ্ঠান শুরুর উদ্যোগ নেন। তাই প্রতিবছর বিভিন্ন সময়ে শিশুদের নিয়ে এ ধরনের বুটক্যাম্পের আয়োজন করেন তাঁরা। এ ছাড়া প্রতি সপ্তাহে ছোট ছোট কর্মশালার মাধ্যমে হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার চর্চা গড়ে তোলা হয়।

চীন ও হংকংয়ে নিজেদের কার্যক্রমের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে এই আয়োজন শুরু করে ওয়াইএফএস। ক্যাম্পে অংশগ্রহণকারীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে প্রথম দিনেই হাজির হন বাংলাদেশভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ। তিনি বলেন, ‘শিশুরা নতুন করে শিখতে গিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে শিখেছে। যেকোনো সমস্যা নির্বাচন করা এবং একজন উদ্যোক্তার দৃষ্টিতে সেটার সমাধান করতে পারার বিষয়টি তারা আয়ত্ত করতে পারলে ভবিষ্যতে দেশের বড় বড় সমস্যায় তারাই এগিয়ে আসবে।’

বুটক্যাম্পের বিজয়ী দলটির কাজ ছিল মেডিকেল সার্ভিস নিয়ে। রাস্তায় জ্যাম আর ব্যবস্থাপনার সমন্বয় না থাকার ফলে এই খাতে সেবা নিতে বেশ বেগ পেতে হয় সাধারণ মানুষকে। তাই এক অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স, ই-ডাক্তার, ই-নার্স ও ই-মেডিসিন সেবা পাওয়া যাবে। অর্থাৎ এই অ্যাপ ব্যবহার করে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স, ডাক্তার বা নার্সের সেবা নেওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পৌঁছে যাবে হাতের নাগালে। এ ছাড়া সার্বক্ষণিক সহায়তার জন্য থাকছে কলসেন্টার। তাদের হিসাবে, ৫ দশমিক ৭ কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। যারা তাদের প্রয়োজনে এই সেবা ব্যবহার করতে পারে। তাই আগামী দিনগুলোর জন্য বেশ বাস্তবসম্মত উদ্যোগ এটি।

বিজয়ী দলটির সদস্য ছিল গওহন দত্ত, যেয়িন ইবতেদা ইসলাম, ওয়ামিক হাসান ও ওমর শায়ান রহমান। সবাই স্যার জন উইলসন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মৌলিক আইডিয়ার পাশাপাশি মাঠপর্যায়েও এই উদ্যোগের নানা দিক নিয়ে গবেষণা করে তারা। পরিশ্রমের পুরস্কার হিসেবে সেরাদের কাতারে উঠে আসে ‘টেক কেয়ার বিডি—ভালো থেকো বাংলাদেশ’।

বুটক্যাম্পের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন বাসা-অফিস রক্ষণাবেক্ষণে সহায়তাকারী উদ্যোগ-হ্যান্ডিমামার প্রতিষ্ঠাতা শাহ পরান। কোন আইডিয়া থেকে কীভাবে উদ্যোক্তা হয়ে ওঠা যায়, কীভাবে বিনিয়োগকারী খুঁজে পেতে হয় আর সাধারণ মানুষের মধ্যে কীভাবে নিজের জটিল আইডিয়াকে সহজভাবে তুলে ধরতে হয়—এসব নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আগামী দিনে দেশের নানা রকম সমস্যার সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে উদ্যোক্তারা। তারাই নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করবে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হয়ে ওঠার মনোভাব গড়ে তুলতে পারি, তাহলেই দেশ আরও এগিয়ে যাবে।’