ভালো থেকো রেবেকা
ছবিটি ছাপা হয় ৭ ফেব্রুয়ারি। প্রথম আলোর সারাবিশ্ব পাতায়। পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে টেবিলে ঝুঁকে মন দিয়ে কী যেন লিখছে। আর তার চেয়েও মন দিয়ে সেসব দেখছে একটা কুকুর। কী যে চমৎ কার দৃশ্য। ক্যাপশন পড়ার আগে কয়েক সেকেন্ডেই মনে এল সুন্দর সুন্দর কিছু উপমা। কিন্তু হায়! ক্যাপশন পড়ে মন যে খারাপ হলো। যুক্তরাজ্যের একটি স্কুলের সাত বছরের ছাত্রী রেবেকা ফারার জটিল বহুমূত্র (ডায়াবেটিস) রোগে আক্রান্ত, যখন-তখন মূর্ছা যায়। আর সে কারণেই শার্লি নামের কুকুরটি ওর সঙ্গে থাকে সারাক্ষণ। এমনকি স্কুলেও। রেবেকার ব্লাডসুগার কমে বা বেড়ে গেলে শার্লি গন্ধ শুঁকে তৎ ক্ষণাৎ জানাতে পারে। অতঃপর ক্লাসের শিক্ষক সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। সুগার কমে গেলে চিনি খাইয়ে দেন আর বেড়ে গেলে ইনসুলিন দেন। ক্যাপশন পড়ে আবার তাকালাম রেবেকা আর শার্লির দিকে। বড় মায়া হলো সাত বছরের মেয়েটার জন্য। কিন্তু এও সত্যি, পরক্ষণেই ভাবলাম মেয়েটি যুক্তরাজ্যে জন্মেছিল বলেই হয়তো আজ সে এমন ব্যবস্থায় লেখাপড়া করছে, সুস্থ থাকছে। আমাদের দেশের অধিকাংশ শিশুই যে এমন যত্ন থেকে বঞ্চিত। তাই তো সংবাদপত্রের পাতায় খুব অল্পসংখ্যক যে শিশুবিষয়ক খবর ছাপা হয়, গুনে দেখুন, তার মধ্যে শিশুমৃত্যুর খবরই বেশি। রেবেকা তুমি ভালো থেকো। শার্লি তুমি রেবেকাকে দেখে রেখো। — সুমনা শারমীন