ভালো দাম পেয়ে খুশি টেকনাফের উৎপাদকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বিভিন্ন বাজার এখন নানা মৌসুমি ফলে ভরপুর। স্থানীয় ও উত্তরবঙ্গের আম, কাঁঠাল, বাঙ্গি, তরমুজ, বেল, লিচুর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ফলের দোকানের পাশ দিয়ে যেতেই অনেকে থমকে দাঁড়ান বাহারি ফলের মিষ্টি গন্ধ পেয়ে। চাষিরা জানান, এবার তাঁরা উৎপাদিত ফল বাজারে আগাম এনে ভালো দাম পেয়েছেন।সরেজমিনে দেখা গেছে, টেকনাফের নতুন পল্লানপাড়া, পুরান পল্লানপাড়া, তুলাতুলি, লম্বরী, মাঠপাড়া, জাহালীয়াপাড়া, ডেইলপাড়া, হাতিয়ারঘোনা, রাজার ছড়া, মিঠাপানির ছড়া, মহেশখালীয়াপাড়া গোদারবিল, নাইট্যংপাড়া, বাহারছড়ার শীলখালী, জাহাজপুরা, মাথাভাঙ্গা, বড় ডেইল, নিলার পানখালী, রঙ্গিখালী, আলীখালী, উলুচামারী, ফুলের ডেইল, দমদমিয়া, মৌলভী বাজার, হোয়াইক্যংয়ের নয়াবাজার, কানজরপাড়া, সাতঘরিয়াপাড়া, রক্ষইম, লম্বাঘোনা, চাকমারকূল প্রভৃতি এলাকায় এবার বিভিন্ন জাতের ফলের ব্যাপক উৎপাদন হয়েছে। কয়েক সপ্তাহ আগে থেকে এলাকার হাটবাজারগুলোতে এসব ফলের স্তূপ জমছে। টেকনাফ পুরাতন বাসটার্মিনাল এলাকার লিচুব্যবসায়ী ফরিদ আলম জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গড়ে এক শ টাকায় সংগ্রহ করে তিনি ১৫০-২০০ টাকায় লিচু বিক্রি করছেন। বাজারে লিচুর প্রচুর চাহিদা রয়েছে বলে জানান তিনি। সাবরাং পেন্ডালপাড়ার তরমুজচাষি আব্দুর রশিদ জানান, ‘গত বছর যে তরমুজ ৩০-৬০ টাকায় বিক্রি করেছিলাম সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়।’ এ বছর গরম বেশি পড়ায় তরমুজের দাম একটু বেশি বলে তিনি জানান।টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের আমবাগানের মালিক আব্দুল কাদের বলেন, এ বছর পুরো উপজেলায় আমের ভালো ফলন হয়েছে। পাইকারি ক্রেতারা বাগান থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এতে বাগানমালিকেরা বেশ লাভবান হচ্ছেন। বাহারছড়া ইউনিয়নের চাকমাপাড়া এবং নোয়াখালী গ্রামের রায়মং চাকমা (৪৮) ও কবির আহমদ (৪৫) জানান, তাঁদের বাড়ির আঙিনার গাছগুলোতে এবার প্রচুর কাঁঠাল ধরেছে। গত বছর যেখানে প্রতি শ কাঁঠাল দুই-তিন হাজার টাকায় বিক্রি হয়েছিল তা এবার বিক্রি হচ্ছে মাত্র পাঁচ-ছয় হাজার টাকায়। মৌসুমের আগে বাজারে আসায় আয়ও ভালো হয়েছে। কাঁঠাল বিক্রেতা মোহাম্মদ আলম জানান, ‘আমি বিভিন্ন গ্রাম থেকে আম-কাঁঠাল সংগ্রহ করি। ইতিমধ্যে তিন ট্রাক আম-কাঁঠাল জেলা সদরে নিয়ে বিক্রি করে ভালো মুনাফা করেছি।’উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী পিপাস কান্তি চৌধুরী বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টেকনাফে বিভিন্ন জাতের ফলন ভালো হয়েছে।’