ভালো দামে খুশি চাষি আক্ষেপ হিমাগারের
‘৬০ শতক জমিতে বেগুন চাষ করেছি। খরচ হয়েছে ৭০ হাজার টাকা। ফলনও হয়েছে ভালো। এ পর্যন্ত ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। খেত থেকে আরও লক্ষাধিক টাকার বেগুন বিক্রি করতে পারব।’ কথাগুলো বলার সময় সাতকানিয়া উপজেলার কালিয়াইশের সবজিচাষি জহিরুল হকের চোখেমুখে উচ্ছ্বাস। ভালো দাম পেয়ে খুশি তিনি। জহিরুলের মতো সাতকানিয়া ও চন্দনাইশের অন্য চাষিরাও উচ্ছ্বসিত শীতকালীন সবজির বাম্পার ফলনে। বাজার ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাজারগুলো ভরে উঠেছে সবজিতে। এসব সবজির মধ্যে রয়েছে বেগুন, মুলা, টমেটো, শিম, ঢ্যাঁড়স, বরবটি, ঝিঙে, করলা, কাঁকরোল, শসা, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি। জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে মাঠে বসে শাকসবজির বড় বাজার। পাইকারদের কাছে সবজি বিক্রি করার জন্য চাষিরা ভোর থেকে বিভিন্ন উপজেলা থেকে এখানে সবজি নিয়ে আসেন। পাইকারি ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে প্রতিদিন শতাধিক ট্রাক, মিনিট্রাক, টেম্পোসহ নানা যানবাহন বোঝাই করে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। ভোর থেকে দুপুর পর্যন্ত একটানা চলে শাকসবজির বেচাকেনা। চাষিরা জানান, চট্টগ্রাম শহরে চন্দনাইশ-সাতকানিয়ার সবজির কদরও বেশ। বর্তমানে পাইকারি বাজারে এক ভার বেগুন (৬০ কেজি) দুই হাজার ৪০০ টাকা, মুলা এক ভার (৮০ কেজি) দুই হাজার ৫০০ টাকা, বরবটি প্রতিভার (৪০ কেজি) এক হাজার ৬০০ টাকা, ফুলকপি প্রতিভার (৫০ কেজি) দুই হাজার ৮০০ টাকা, বাঁধাকপি প্রতিভার (৬০ কেজি) দুই হাজার ৪০০ টাকা, শিম প্রতিভার (২৫ কেজি) এক হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, বাজারে ফড়িয়াদের উৎপাতের পাশাপাশি কিছু লোক ট্রাক, মিনিট্রাক, সিএনজিচালিত অটোরিকশা সমিতি ও ক্লাবের নামে চাঁদা আদায় করে। এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুর রশিদ সরকার বলেন, এ বছর শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন। ফড়িয়া ও বিভিন্ন নামে চাঁদাবাজির কথা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কেউ তাঁকে অভিযোগ করেনি।এদিকে হিমাগার না থাকায় আক্ষেপও রয়েছে চাষিদের মধ্যে। হিমাগার থাকলে আরও ভালো দাম পেতেন বলে জানান চাষিরা। চন্দনাইশের বৈলতলী এলাকার কৃষক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এখন দিনের সবজি দিনেই বিক্রি করে দিতে হচ্ছে। কারণ হিমাগার না থাকায় সবজি সংরক্ষণ করা যায় না। তিনি দোহাজারীতে সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপনের দাবি জানান।উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নৃপতি কান্তি দত্ত বলেন, দোহাজারীতে বেসরকারি দুটি হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে অন্য সবজি সংরক্ষণ করার ব্যবস্থা নেই। হিমাগার থাকলে চাষিদের লাভ আরও বেশি হতো।