ভালো নেই গুচ্ছগ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার একটি গুচ্ছগ্রাম বাবুছড়া। এখানে ৩১৯ পরিবার ঘিঞ্জি আর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন দিনের পর দিন। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বর্জ্য। দুর্গন্ধে ঘরে থাকা দায়। ছড়াচ্ছে নানা রোগ-ব্যাধি। শুধু বাবুছড়া নয় দীঘিনালার ১৫টি গুচ্ছগ্রামই দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। বাবুছড়া গুচ্ছগ্রামের বাসিন্দা অশীতিপর ইসমাইল দেওয়ান (৮২) বলেন, ‘আমরা এখানে বন্দী অবস্থায় আছি। একটি জরাজীর্ণ ঘরে গবাদিপশুর সঙ্গে বসবাস করছি।’ গুচ্ছগ্রাম ও প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে নিরাপত্তার জন্য উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে একত্রিত করে পরে ১৯৮৮ সালে ১৫টি গুচ্ছগ্রাম সৃষ্টি করা হয়। এ গুচ্ছগ্রামে বসবাসকারীদের প্রতিমাসে ৫৬ কেজি গম আর ২৯ কেজি চাল খয়রাতি রেশন হিসেবে দেওয়া হয়। শুরুতে চার হাজার ১৮৬ পরিবার নিয়ে গুচ্ছগ্রাম সৃষ্টি করা হলেও বর্তমানে ১৫টি গুচ্ছগ্রামে পরিবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার। কিন্তু রেশন পাচ্ছেন ওই চার হাজার ১৮৬ পরিবার। ১৯৯৫ সালে গুচ্ছগ্রামবাসীদের পুনর্বাসনের জন্য একটি জরিপ করা হলেও এখনো সেই জরিপ আলোর মুখ দেখেনি। মধ্য বোয়ালখালী গুচ্ছগ্রামের বাসিন্দা মো. বেলাল হোসেন অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদেরকে ১৯৮১-৮২ সালে নিয়ে আসার পর গরু, ঢেউটিন, ঘর করার জন্য নগদ টাকা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। সরকারি যে জায়গাটি দিয়েছে সেটিও বুঝে পাইনি।’ আব্দুল জব্বার (৬৫) বলেন, ‘আমাকে সরকার জায়গা দিয়েছিল ২৮ নম্বর দক্ষিণ রেংক্যার্যায়। সেখান থেকে ১৯৮৬ সালে অনাথ আশ্রম এলাকায় নিয়ে আসা হয় তখন থেকেই এখানে আছি। এখনো জানি না সরকারিভাবে দেওয়া জায়গাটি ফিরে পাব কি না।’ মধ্য বোয়ালখালীর সারোয়ার, মশিউর ও ইদ্রিছ আলী সরকারের দেওয়া জায়গার কবুলিয়ত দেখিয়ে বলেন, ‘জায়গা থেকেও আজ আমরা বাস্তুহারা, গুচ্ছগ্রামে বন্দী। ’জামতলী গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান জিল্লুর রহমান আক্ষেপ করে বলেন, নয় বছর বয়সে ১৯৮১ সালে কিশোরগঞ্জের কটিয়াদি থেকে বাবার সঙ্গে পার্বত্য চট্টগ্রামে এসেছি। ২৯ বছর ধরে এই গুচ্ছগ্রামেই আছি। সরকারের দেওয়া জায়গায় যেতে পারি না। জায়গা থেকেও নেই। বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা ১৫টি গুচ্ছগ্রামের দুর্দশার কথা স্বীকার করে বলেন, ১৬ হাজার পরিবারের মধ্যে রেশন পাচ্ছেন মাত্র চার হাজার ১৮৬ পরিবার। তাও আবার অধিকাংশ গম। গুচ্ছগ্রামবাসীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন অথবা রেশন কার্ড সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাঁদের দুর্দশা কিছুটা হলেও লাঘব করা প্রয়োজন। গুচ্ছগ্রামবাসীদের সরকারের দেওয়া কুবলিয়তের জায়গাগুলোও বুঝিয়ে দিয়ে সেখানে বাগান করার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার জন্যও আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘গুচ্ছগ্রামবাসীরা কষ্টে আছেন এটা সত্য। গুচ্ছগ্রাম সৃষ্টি করা হয়েছিল তৎকালীন পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির কারণে। তাঁদের রেশন কার্ড বৃদ্ধি ও পুনর্বাসনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের। এখানে স্থানীয় প্রশাসনের কিছুই করার নেই। তবে স্থানীয় প্রশাসন তাঁদের স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিক্ষা সুবিধা দেওয়ার জন্য কাজ করছে।’