নির্মাণের এক যুগ পরও সংস্কার করা হয়নি চুনতি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। একটুখানি বৃষ্টি হলেই চালার ফুটো দিয়ে ঘরের ভেতর পানি পড়ে। অভাব-অনটনে কাটছে প্রকল্পে আশ্রিত মানুষগুলোর জীবন। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অনেকে অভয়ারণ্যের কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। লোহাগাড়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চুনতি অভয়ারণ্যের ভেতর ২০০১-০২ সালে সেনাবাহিনীর সহায়তায় এ আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্পের ১০০টি ঘর বিভিন্ন এলাকার ১০০ ভূমিহীন পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। কেন্দ্রে ৪০টি নলকূপ ও ১০টি শৌচাগার স্থাপন করা হয় এবং পরিবার প্রতি আট শতক ভূমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আশ্রয়কেন্দ্রটি নির্মাণের এক যুগ পরও ঘর, শৌচাগার নলকূপ ইত্যাদির কোনো সংস্কার হয়নি। নিবন্ধন করে দেওয়া হয়নি জমিও । সরেজমিন দেখা যায়, আশ্রয়ণকেন্দ্রের সবকটি ঘরেরই চালার টিন ফুটো। দরজা-জানালাগুলো ভাঙা। কেন্দ্রের অধিকাংশ শৌচাগার ব্যবহারের অযোগ্য। ১০টির মধ্যে ছয়টি নলকূপই নষ্ট। প্রকল্পের প্রায় তিন কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই। শিশুদের চেহারায় অপুষ্টির ছাপ স্পষ্ট। এখানকার বাসিন্দা নূর আয়েশা ও জাহেদা বেগম বলেন, ‘বৃষ্টি হলে আমাদের ঘরের এক কোণায় আশ্রয় নিতে হয়। শৌচাগার ও নলকূপের অভাব প্রকট। পার্শ্ববর্তী খাল ও পুকুরের পানি ব্যবহার করতে হয়। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় বিশেষ করে বর্ষাকালে দুই কিলোমিটার দূরের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। ফলে সময়মতো চিকিৎসাসেবাও পাই না আমরা।’আশ্রয়ণ প্রকল্প বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন জানান, বর্তমানে প্রকল্পে ১০০ পরিবারে মোট সদস্যসংখ্যা ৫০০ জন। পাঁচ-দশ বছর বয়সের শতাধিক শিশু রয়েছে। আশপাশে প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সমিতির সভাপতি সৈয়দ নূর বলেন, ‘দীর্ঘ ১২ বছর পরও প্রকল্পের ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জায়গার নিবন্ধন হয়নি। ফলে কোনো সংস্থা থেকে ঋণ সহায়তাও পাওয়া যায় না। কর্মসংস্থানের জন্য উপযুক্ত কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও করেনি প্রশাসন।’ জানা যায়, প্রকল্পের বাসিন্দাদের অনেকে অভয়ারণ্য থেকে বে-আইনিভাবে কাঠ কেটে বিক্রি করেন। বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, জীবিকার তাগিদে তাঁরা অভয়ারণ্য থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ও বিক্রি করতে বাধ্য হন। চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের বাসিন্দাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। তাদের জন্য কী করা যায় ভাবছি।’ বিষয়টি স্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুদ্দিন সরকার বলেন, ভূমি নিবন্ধন না হওয়ায় ওদের সরকারি সহায়তা দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের সমস্যা সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।