ভালো নেই দেয়াং পাহাড়ের আশ্রিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুখানি মাথা গোঁজার ঠাঁই মিললেও বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে এখনো আনোয়ারার দেয়াং পাহাড়ের আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের। সবচেয়ে কাছের প্রাথমিক বিদ্যালয়টি দুই কিলোমিটার দূরে অবস্থিত। নেই যাতায়াতের কোনো সহজ ব্যবস্থা। অসুখ-বিসুখ করলে যেতে হয় সাত কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, ১৯৯৬ সালে আনোয়ারায় নদীভাঙনের শিকার বাস্তুহারা মানুষজনের জন্য উপজেলার বটতলী ইউনিয়নের দেয়াং পাহাড়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করে সরকার। ১৯৯৭ সালে ৬০টি পরিবারকে এই প্রকল্পের অধীনে ঘর তৈরি করে দিয়ে পুনর্বাসন করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ এখন এই এলাকার বাসিন্দা। আনোয়ারা সদর থেকে আট কিলোমিটার দূরে দেয়াং পাহাড়ে পাঁচ একর জায়গাজুড়ে ৬০টি ঘর নিয়ে এই প্রকল্প। টিনের ছাউনি দেওয়া প্রতিটি ঘরই তিন কক্ষবিশিষ্ট। বাসিন্দাদের বেশির ভাগই শ্রমিক ও দিনমজুর। সমপ্রতি প্রকল্প এলাকায় গেলে বাসিন্দারা বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। তাঁরা জানান, এক কিলোমিটারের বেশি পাহাড়ি পথ অতিক্রম করে মূল সড়কে যেতে হয় কাজের খোঁজে। বর্ষাকালে এই পথে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। প্রকল্পের ১০টি নলকূপের মধ্যে তিনটি খারাপ হয়ে যাওয়ায় খাবার পানির সংকট লেগেই থাকে। রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া বহিরাগত ও বখাটেদের আনাগোনা থাকলেও এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পান না।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ ছৈয়দ বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো প্রাথমিক বিদ্যালয় না থাকা। চাইলেও শিশুদের স্কুলে পাঠাতে পারছি না। বছর খানেক আগে প্রকল্প এলাকায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলেও সেখানে এখন পাঠদান বন্ধ রয়েছে।’ একই কথা বললেন মোহাম্মদ আকবর, মোহাম্মদ ফরহাদসহ অনেকে। পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোবারক হোসেন বলে, ‘এত দূর পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়, বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।’৬০ বছরের বৃদ্ধা নূরনাহার বলেন, ‘ভোটের আগে প্রার্থীরা এখানে এসে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর কেউ আমাদের খোঁজ নিতে আসেন না। অনেকটা প্রকৃতির দয়ায় বেঁচে আছি আমরা।’আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও স্বাস্থ্যকর্মী লায়লা বেগম বলেন, ‘এখানকার বাসিন্দাদের মধ্যে মা ও শিশুরা স্বাস্থ্যসেবা কিছুটা হলেও পায়। তবে কেউ খুব বেশি অসুস্থ হয়ে পড়লে সাত কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় মুমূর্ষু রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।’বটতলী আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রাজা মিয়া বলেন, ‘এলাকায় বিদ্যালয় নেই। যোগাযোগব্যবস্থা খুব খারাপ। নেই কোনো পুকুর বা জলাশয়। স্বাস্থ্যসুবিধা থেকেও বঞ্চিত প্রকল্পের বাসিন্দারা। এসব সমাধান না হলে এখানে বসবাস করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।’ এ ব্যাপারে বটতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানি। এসব সমস্যা ক্রমান্বয়ে সমাধানের চেষ্টা করব।’