ভালো নেই পাহাড়ের মৃৎশিল্পীরা
প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও সিরামিক সামগ্রীর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে পার্বত্য চট্টগ্রামের মৃৎশিল্প। হাঁড়ি-পাতিলসহ মাটির তৈরি নানা ধরনের সামগ্রীর বিক্রি কমে যাওয়ায় খাগড়াছড়ি জেলার মৃৎশিল্পীরা এখন একরকম বেকার দিন কাটাচ্ছেন। আয় কমে যাওয়ায় গত কয়েক বছরে অনেকে পেশাও পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।
সম্প্রতি খাগড়াছড়ি জেলার শালবন এডিসি হিল, নারানখাইয়া, সিঙ্গিনালা ও জামতলী এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র। এখানকার মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো দুর্দশায় দিন কাটাচ্ছে। গত এক বছরে আটটি মৃৎশিল্প প্রতিষ্ঠানের মধ্যে তিনটি বন্ধ হয়েছে। কুমারপাড়ায় নেই আগের সেই কর্মচাঞ্চল্য।
শালবন এডিসি হিল এলাকার বাসিন্দা ও জেলার পুরোনো মৃৎশিল্পী নিরঞ্জন রুদ্র বলেন, ‘৩৫ বছর ধরে এ পেশায় আছি। দিনে দিনে মাটির তৈরি সামগ্রীর চাহিদা কমে যাচ্ছে। আগে দৈনিক বিক্রি হতো এক হাজার ২০০ টাকার সামগ্রী, অথচ এখন বিক্রি হয় ৩০০ টাকার মতো।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘জ্বালানি, খড়, মাটি সবকিছুর দাম বেড়েছে। মনে হয় এ পেশা আর ধরে রাখা যাবে না। এ দুর্দিনে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি আমাদের সহযোগিতা করে তাহলে পেশায় থাকা সম্ভব।’
জেলা সদরের সিঙ্গিনালা এলাকার বাসিন্দা মরিয়ম বেগমের (৭৫) হাত ধরে এই পেশায় এসেছেন তাঁর দুই মেয়ে সালমা খাতুন ও মহরম খাতুন। তাঁরাও দীর্ঘদিন ধরে মাটির জিনিসপত্র তৈরি করেছেন। কিন্তু সালমা খাতুন ও মহরম খাতুনের সন্তানদের কেউ এ পেশায় আসেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে তাঁরা বলেন, এই পেশায় টিকে থাকা খুব কঠিন। মাটি পাওয়া যায় না। দাম বেড়েছে উপকরণের। দীর্ঘদিন ধরে চাকাও বিকল। হাত দিয়ে আর কত জিনিস তৈরি করা যায়! এ জন্য ছেলেমেয়েরা কেউ এ পেশায় আসেনি।’
খাগড়াছড়ি ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন উপব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামে মৃৎশিল্পের ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান আছে। এই শিল্পকে অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে একটি ভালো অবস্থায় নিয়ে আসা প্রয়োজন। সে লক্ষ্যে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।