ভালো নেই পুঁটিবিলার আশ্রিত লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার আশ্রয়ণ প্রকল্পের আশ্রিত লোকজন ভালো নেই। বখাটেদের উৎপাতে অতিষ্ঠ উপজেলার নয় ইউনিয়নের সাত আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা। সীমানা নির্ধারিত না থাকায় অবৈধ দখলে চলে যাচ্ছে প্রকল্পের জমি। নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা। সরেজমিনে পরিদর্শনে গেলে আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা তাঁদের বঞ্চনার চিত্র তুলে ধরেন।সাত আশ্রয়ণ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় পুঁটিবিলা আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পে ১২০ পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষ বাস করেন। গাছপালায় ঘেরা আশ্রয়ণ প্রকল্প উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। প্রকল্পে একটি পুকুর থাকলেও পানি শুকিয়ে তলদেশে গিয়ে ঠেকেছে। ওই পুকুরের পানি দিয়েই চলে রান্না, গোসল, কাপড় ও থালাবাসন ধোয়ার কাজ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অধিবাসীরা। দীর্ঘদিন ধরে বসবাস করে আসলেও তাঁদের নামে বরাদ্দকৃত বসতবাড়ি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। ফলে প্রকল্পের জায়গা দখল করে গাছ লাগাচ্ছেন স্থানীয় প্রভাবশালী লোকজন। প্রকল্পের মধ্যে অবস্থিত কবরস্থানে লাশ দাফন করতেও বাধা দেওয়া হচ্ছে অধিবাসীদের। ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ঘর বিক্রির ঘটনাও ঘটেছে। এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গাসহ দেশের অন্য অঞ্চলের লোকজনও অবৈধভাবে এখানে বাস করছেন। অধিবাসীদের অভিযোগ, রাতে মদের আসর, অশ্লীল ছবির প্রদর্শনীসহ অসামাজিক কর্মকাণ্ড চলে এখানে।প্রকল্পের ৪৮টি শৌচাগারের মধ্যে ৪০টি ব্যবহারের অনুপযোগী বলে জানান স্থানীয় অধিবাসী মো. কাশেম। পাশাপাশি ১৪টি নলকূপের মধ্যে দুটি নষ্ট। একটি বেসরকারি সংস্থার বিদ্যালয় থাকলেও শিশুরা বিদ্যালয়মুখী নয়। ষাটোর্ধ্ব আবদুর রহমান জানান, এখানকার লোকজন হয় পাহাড় থেকে লাকড়ি এনে বিক্রি করেন নতুবা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রকল্পের আশপাশে চিকিৎসাকেন্দ্র না থাকায় স্বাস্থ্যসেবা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের অনেকে কুটিরশিল্পের কাজে পারদর্শী। খাঁচা, জাল কিংবা পাটি বুনে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতির সভাপতি মো. ইউছুপ জানান, ‘প্রকল্পের বাসিন্দাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলে তাঁরা আর্থিকভাবে সচ্ছল হবেন।’ এ ব্যাপারে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরওয়ার আলম বলেন, ‘প্রকল্পের জমি রেজিস্ট্রি করতে সহযোগিতা করব। পাশাপাশি যারা অপকর্মে লিপ্ত রয়েছে তাদের ব্যাপারেও আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাব।’ এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ জানান, আশ্রয়ণ প্রকল্পগুলো দূরবর্তী পাহাড়ে হওয়ায় যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি। সীমানা নির্ধারণ ও জমি রেজিস্ট্রি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিক্রেতা ও অসামাজিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।