ভালো নেই ফটিকছড়ির পানচাষিরা। তাঁদের অভিযোগ, প্রযুক্তি তো দূরের কথা, রোগবালাই হলে দেখা মেলে না কৃষি বিভাগের কর্মকর্তাদের। ঋণ নিতেও পোহাতে হয় নানা ঝামেলা। ফলে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।চাষিরা জানান, হারুয়ালছড়ি, আবদুল্লাহপুর ও ধুরুং ইউনিয়নের ৩০-৪০ হেক্টর জমিতে পানের চাষ হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় চাহিদা মিটিয়ে পাশের বাজারগুলোতে বছরে লাখ লাখ টাকার পান বিক্রি করেন তাঁরা। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় দেড়-দু লাখ টাকা ব্যয় হয় এক কানি (৪০ শতক) জমির পান চাষে। স্বাভাবিক উৎপাদন হলে প্রতি কানি পানের বরজ থেকে পাঁচ-ছয় লাখ টাকার পান বিক্রি হয়। কিন্তু সামপ্রতিক সময়ে পানে পচন ও বিভিন্ন রোগের আক্রমণে উৎপাদনে ধস নামতে শুরু করেছে। চলতি বছরে বাজারে পানের ব্যাপক চাহিদা থাকলেও বিভিন্ন রোগের আক্রমণের ফলে অধিকাংশ বরজে পান উৎপাদন ব্যাহত হয়েছে। এর জন্য চাষিরা কৃষি বিভাগের কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করেছেন।পানচাষি দেলোয়ার হোসেন বলেন, রোগ ঠেকাতে ব্যর্থ হওয়ায় চলতি মৌসুমে উৎপাদন ভালো হবে না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘কৃষি কর্মকর্তাদের কাছে একাধিকবার গিয়েও কোনো সহায়তা পাইনি।’উপজেলার ৬০ ভাগ পান চাষ হয় ধুরুং গ্রামের বারৈয়ারহাট এলাকায়। সরেজমিনে বারৈয়ারহাট এলাকায় দেখা যায়, চাষিরা বরজ পরিচর্যায় ব্যস্ত দিন কাটাচ্ছেন। এ ছাড়া হারুয়ালছড়ি, আবদুল্লাহপুর ও ভুজপুর গ্রামের কয়েকটি স্থানেও রয়েছে পানের বরজ। জানা যায়, পানের চারা রোপণের ছয় মাস বয়স থেকে শুরু করে অনেকদিন পর্যন্ত পান তোলা যায়। এক কানি বরজ থেকে মৌসুমে (গ্রীষ্মকালে) সপ্তাহে একবার ৫০০ বিড়া পান তোলা সম্ভব।বারৈয়ারহাট এলাকার পানচাষি সজল দে (৩২) বলেন, রোগবালাই প্রতিরোধে ব্যর্থ হওয়ায় চাষিরা ঝুঁকি নিতে পারছেন না।আরেক পানচাষি লক্ষ্মণ শীল (৩০) বলেন, সম্ভাবনাময় এ খাতে সরকারের সহজ কিস্তিতে ঋণ দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র এবং জটিল প্রক্রিয়ায় হয়রানির শিকার হয় কৃষকেরা। এ জন্য অনেক কৃষক ঋণ নেওয়ার আগ্রহ দেখান না।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. নেজাম উদ্দিন কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, পানচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় সার ও বালাইনাশক ওষুধ ব্যবহারে তারতম্য করে ফেলেন। তাই রোগবালাই বেশি হয়। এ ছাড়া কৃষকদের পুঁজিসংকটকেও তিনি দায়ী করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, চাষিদের উন্নত প্রযুক্তিতে চাষাবাদ, উচ্চফলনশীল পান চাষে আগ্রহী করতে কৃষি বিভাগ বিভিন্ন সময়ে প্রশিক্ষণ পরিচালনা করে। সেখান থেকে চাষিরা বিভিন্ন সুবিধা ভোগ করতে পারেন। ঋণ নিতে নানা ঝামেলার বিষয়ে তিনি বলেন, গ্রামের সহজ-সরল মানুষের অনেক কিছুই এখনো অজানা। তাই তাঁদের কাছে এটা ঝামেলা মনে হয়।