ভালো ফলই শেষ কথা নয়
একটা ছেলে শুধু পড়ে, আর পড়ে; পরীক্ষায় সে প্রথমও হয়। আরেকটা ছেলে পড়াশোনায় ফাঁকি দেয় না, কিন্তু পড়াশোনার বাইরেও সে বহু কিছু করে—গল্পের বই পড়ে, বিতর্ক করে, ভালো চলচ্চিত্র দেখে, বন্যার্ত মানুষের জন্য ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়ে, খেলাধুলাও করে নিয়মিত; সে পরীক্ষায় প্রথম হয় না, তবে প্রথম পাঁচ-ছয়জনের মধ্যেই থাকে। এই দুজনের মধ্যে জীবনে ভালো করবে কে?বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, দ্বিতীয়জন নিজের জীবনেও যেমন প্রতিষ্ঠিত হয়, তেমনি সমাজ-সভ্যতা আর দেশের কাজেও লাগে। এই প্রশ্নে কথা বলেছিলাম দেশের কয়েকজন শীর্ষস্থানীয় মানুষের সঙ্গে। প্রসঙ্গ পাড়তেই অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্মরণ করলেন তাঁর শিক্ষক মুনীর চৌধুরীর উক্তি, ‘যে ভালো রেজাল্ট করে, সে মাত্র তিন ঘণ্টার জন্য ভালো ছাত্র; সে বাকি জীবনের জন্য ভালো ছাত্র কি না, জগতের জন্য ভালো কি না, তা পরীক্ষার ফল দিয়ে প্রমাণিত হয় না।’ ‘কিন্তু স্যার,’ আমি আবদুল্লাহ আবু সায়ীদকে বলি, ‘বাবা-মায়েরা তো চান সন্তান পরীক্ষায় ভালো ফল করুক!’ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বাবা-মা চান তাঁদের সন্তান হোক শ্রেষ্ঠ সন্তান। কিন্তু শ্রেষ্ঠ সন্তান কাকে বলে তা বেশির ভাগ সময় তাঁরা জানেন না। যার অ্যারিস্টটল হওয়ার প্রতিভা ছিল, তাকে একজন কম্পিউটার প্রোগ্রামার বানানোকে তাঁরা মনে করেন সাফল্য। বাইরের দেশে একজন ছাত্র কোন বিষয়ে ভালো করবে, তার দিকনির্দেশনা দেন শিক্ষকেরা। আমাদের দেশে শিক্ষকদের সেই মান নেই। ছেলেমেয়ে বড় হয়ে কী হবে, সে সিদ্ধান্ত নেন অভিভাবকেরা। এর ফলে মাঝারি পর্যায়ের ছেলেমেয়েরা তেমন ক্ষতিগ্রস্ত হয় না; ক্ষতিগ্রস্ত হয় অসাধারণ ও মেধাবীরা। তাকে সারাটা জীবন নিজের স্বপ্নের বিরুদ্ধে, হূদয়ের বিরুদ্ধে কাজ করে যেতে হয়। এক দিকে তার অপ্রিয় বাস্তবতা, আরেক দিকে তার প্রিয় স্বপ্ন। তার জীবনটা নষ্ট হয়ে যায়। সেদিন আমি এক অভিভাবককে বলেছি, “আপনি তো পুত্রঘাতী রুস্তম”।’ শিক্ষার্থীদের উদ্দেশে তাই আবদুল্লাহ আবু সায়ীদের পরামর্শ, ‘নিজের মনটা খোলা রাখো—উন্মুক্ত জানালা দিয়ে সারাটা জগতের আলো-হাওয়া যেন মনে প্রবেশ করতে পারে; যেন তুমি ভালো মানুষ, পরিপূর্ণ মানুষ হতে পারো। জগত্-সংসারে তাহলেই তুমি বড় অবদান রাখতে পারবে।’ বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেবল ভালো গ্রেডিং দেখা হয় না, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীটি বিতর্ক করেছে কি না, কোনো সমাজসেবামূলক কাজ করেছে কি না, তার কোনো সাংস্কৃতিক প্রতিভা আছে কি না—এসবও বিচার করা হয়। আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, ‘বাইরের দেশে কী হয়—কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হয়তো ছাত্রদের পাহাড়ে নিয়ে গেল, তিন দিন পাহাড়ে হাঁটো, জীবনের কাছাকাছি যাও।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বললেন, ‘একটা ছেলে হয়তো প্রথম বিভাগ পায়নি, জিপিএ-৫ পায়নি; কিন্তু সে জীবনানন্দ দাশের কবিতা পড়ে, গ্যালারিতে যায় চিত্র প্রদর্শনী দেখতে, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র দেখে; পরবর্তীকালে আমি দেখেছি, আমার সেই ছাত্রটি একটা ভালো জীবন পেয়েছে। আর একজন হয়তো জীবনেও একটা পুরো বই পড়েনি, নোট লিখে মুখস্থ করে ভালো ফল করেছে—এটা করাই যায়—কিন্তু এমন নয় যে তার ফল তাকে একটা সুন্দর জীবন দেয়। আসলে বিচারটা আমরা দুভাবে করতে পারি—মেধাভিত্তিক আর মননভিত্তিক। মেধার সঙ্গে মননটা যদি যুক্ত হয়, তাহলে হয় সোনায় সোহাগা। সে হয় সোনার মানুষ। আমরা সেই সোনার মানুষটিকেই চাই।’আসলে পরীক্ষার ফলটাও যেন খারাপ না হয়; আবার বইপড়া, চলচ্চিত্র, চিত্রকলা, সংগীত—এই সব উপভোগ করতে পারা, সামাজিক ও সাংগঠনিক কাজে যুক্ত থাকা এবং খেলাধুলা—সবটা মিলিয়েই গড়ে ওঠে একজন পরিপূর্ণ সফল মানুষ।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সে কথাই বললেন। আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি জানি, জামিলুর রেজা চৌধুরী এখনো, এই ব্যস্ততার মধ্যেও সাম্প্রতিকতম সাহিত্যের খবর রাখেন, ভালো চলচ্চিত্র দেখেন, গান শোনেন। যে খবরটা জানতাম না তা হলো, ছাত্রজীবনে তিনি ক্রিকেট, হকি আর টেবিল টেনিস দলের ক্যাপ্টেন ছিলেন। জীবনের পরীক্ষায় সফল হতে হলে বই পড়া, ছবি দেখা, গান শোনা, খেলাধুলা আর সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার গুরুত্বের কথা তিনি স্মরণ করিয়ে দিলেন আবারও।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান কী বলেন এ ব্যাপারটি নিয়ে? শোনা যাক। ‘আমাদের দেশে অনেক “ভালো ছাত্র” আছে, যারা শুধু কতগুলো প্রশ্নের গত্বাঁধা উত্তর মুখস্থ করে। কিন্তু জ্ঞানের জগতে শুধু তারাই অবদান রাখতে পারে, যারা গত্বাঁধা উত্তরে বিশ্বাস না করে নতুন নতুন প্রশ্ন করতে পারে। এই প্রশ্ন করার শক্তি অর্জনের ওপরই একজন শিক্ষার্থীর জীবনের সাফল্য নির্ভর করে। প্রশ্ন করার ক্ষমতা বাড়ানোর কাজটা তিনটি উপায়ে করা সম্ভব—প্রথমত, পাঠ্য বইয়ের বাইরের বই পড়া; দ্বিতীয়ত, প্রকৃতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্জন করা এবং তৃতীয়টা হলো, সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। কাজেই একজন আদর্শ শিক্ষার্থীকে যেমন পাঠাগারে যেতে হবে, তেমনি যেতে হবে প্রকৃতির কাছেও। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়াটাও তার জন্য জরুরি।’পাওলো কোয়েলিওর আলকেমিস্ট বইয়ের একটা ছোট্ট গল্প বলে লেখাটা শেষ করি। এক ছেলেকে তার বাবা পাঠালেন এক জ্ঞানী ব্যক্তির প্রাসাদে, উপদেশ নেওয়ার জন্য। মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড় ডিঙিয়ে ছেলেটি পৌঁছাল জ্ঞানী ব্যক্তির প্রাসাদে। জ্ঞানী ব্যক্তিটি ওই ছেলেকে বললেন, ‘তুমি পুরোটা প্রাসাদ ঘুরে দেখো। তবে তোমাকে এক চামচ তেল দিচ্ছি; তুমি চামচটা ধরে রাখবে, পুরো প্রাসাদটা ঘুরবে, তবে তোমার চামচ থেকে যেন তেল পড়ে না যায়।’ ছেলেটি পুরো প্রাসাদ ঘুরল, সারাক্ষণ তার দুই চোখ নিবদ্ধ রইল চামচের দিকে—চামচ থেকে যেন তেল পড়ে না যায়। প্রাসাদ প্রদক্ষিণ শেষে সে ফিরে এল জ্ঞানী ব্যক্তির কাছে। জ্ঞানী ব্যক্তি তাকে বললেন, ‘বলো তো, পাশের ঘরের দেয়ালে কিসের তেলচিত্র আছে, বাগানে কোন ফুল ফুটেছে, গালিচাটা দেখতে কেমন?’ ছেলেটা বলল, ‘আমি শুধু চামচের তেলের দিকে তাকিয়ে ছিলাম। এসবের কিছুই দেখিনি।’ জ্ঞানী ব্যক্তি বললেন, ‘তুমি আবার যাও। চামচে তেল থাকবে, আর তুমি পুরো প্রাসাদে কোথায় কী আছে তাও দেখবে।’ ছেলেটি আবার গেল, চারদিকের সবকিছু উপভোগ করল; কিন্তু তার চামচের তেল গেল পড়ে। জ্ঞানী ব্যক্তি বললেন, ‘এটাই আমার উপদেশ। চামচের তেলও পড়বে না, আবার চারপাশের সবকিছু নিরীক্ষণ ও উপভোগ করতে পারতে হবে।’আমরাও তা-ই করব। ভালো ফল করব পরীক্ষায়, আবার ভালো বই পড়া, ছবি দেখা, গান শোনা, সংস্কৃতির চর্চা করা, পাহাড়ে ওঠা, সামাজিক-মানবিক কাজে ঝাঁপিয়ে পড়া—সেসব থেকেও নিজেকে বিরত রাখব না। তাহলেই কেবল আমরা জীবনে সফল হতে পারব। সেই সাফল্য কেবল নিজের মুখ উজ্জ্বল করবে না, সভ্যতাকেও আলোকিত করবে।