ভালো ফলনেও চাষির কপালে দুশ্চিন্তার ভাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ—বাজারে টমেটোর ন্যায্য দাম পাচ্ছেন না। এ কারণে চাষের খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও আট ইউনিয়নের ৫৮টি গ্রামে প্রায় ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। তার মধ্যে ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকূল ও দক্ষিণকূল গ্রামেই চাষ হয়েছে ২০ হেক্টরে।

উত্তরকূল এলাকার বাসিন্দা চাষি নাসির উদ্দিন ও মোহাম্মদ আলম জানান, ১২ বছর আগে বিদেশফেরত যুবক আবদুর রশিদ পাহাড়ের পাদদেশে প্রথম টমেটো চাষ শুরু করেন। তিনি টমেটো চাষ করে লাভবান হওয়ায় তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার অন্যরাও এগিয়ে আসেন টমেটো চাষে। ধীরে ধীরে বাড়তে থাকে চাষ। গত বছরও টমেটো চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। এবার সেই চিত্র ভিন্ন। বাজারে দাম পাওয়া যাচ্ছে না।

চাষিরা জানান, গত বছর পাইকারিতে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকায়। এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো ১৫ থেকে ২০ টাকা দরে।

কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার চাষি আনসার উল্লাহ বলেন, ‘প্রায় ৫০ শতক জমিতে এ বছর টমেটো চাষ করেছি। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। কিন্তু দাম পাচ্ছি না। হয়তো এবার লোকসান গুনতে হবে।’

মাতারবাড়ি মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ জিল্লুল কাদের বলেন, এক হেক্টর টমেটো চাষে সব মিলিয়ে খরচ পড়ে প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু এবার খেতের টমেটো বিক্রি করে দুই থেকে দুই লাখ ২০ হাজার টাকা তুলতে বেগ পেতে হচ্ছে।

এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, এ বছর পুরো এলাকায় প্রায় ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হচ্ছে। অন্যান্য বছর পাহাড়ের পাদদেশে স্থানীয় লোকজন টমেটো চাষ করে বেশ লাভবান হয়েছিলেন। কিন্তু এবার ন্যায্য দাম না পেয়ে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।