
বেশি লাভের আশায় মৌসুম শুরুর আগেই তরমুজ চাষ করেছিলেন কক্সবাজারের টেকনাফের চাষিরা। ফলন ভালো হওয়ায় হাসিও ফুটেছিল তাদের মুখে। তবে গত দুই সপ্তাহ ধরে তীব্র শীত পড়ায় তেমন বিক্রি হয়নি তরমুজ। ঠান্ডা কমলে তরমুজের বিক্রি বাড়তে বাড়বে, পুষিয়ে নেওয়া যাবে ক্ষতি— এখন এমন আশায় দিন কাটছে চাষিদের।
টেকনাফ উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে তরমুজের ভালো ফলন হয়েছে। কিন্তু গত প্রায় দুই সপ্তাহ ধরে টানা শীতের কারণে চাষিরা তরমুজ িবক্রি করতে পারেননি। ক্রেতা না থাকায় মাথায় হাত পড়েছে কৃষকদের। কেবল তা-ই নয়, চাহিদা না থাকায় কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় তরমুজ সরবরাহ করা যাচ্ছে না।
স্থানীয় তরমুজ চাষিরা জানান, গত কয়েক বছর ধরে টেকনাফে তরমুজের আবাদ বাড়ছিল। গত বছর এই উপজেলায় সাড়ে ছয় শ একর জমিতে তরমুজের আবাদ হয়। এ বছর আবাদ হয়েছে এক হাজার ১৫ একর জমিতে। গত নভেম্বর মাসের প্রথম দিকে স্থানীয় হাটবাজারে আগাম তরমুজ আসতে শুরু করে। বাজারের তখন তরমুজের দাম বেশ চড়া ছিল। গত ডিসেম্বর মাসেও তরমুজের ভালো দাম পেয়েছেন চাষিরা। তবে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শৈত্য প্রবাহ শুরু হওয়ায় বাজারে ক্রেতা কমে গেছে।
টেকনাফে লম্বরী গ্রামের চাষি আলী হোসেন (৪২) ও বদিউর রহমান (৩৮) জানান, অন্যান্য স্থানের তুলনায় এখানকার চাষিরা তিন থেকে চার মাস আগে তরমুজ চাষ করেছেন। ফলনও হয়েছে বেশ ভালো। খেতে তরমুজ পাকা শুরু হওয়ায় উপজেলার অধিকাংশ চাষি ইতিমধ্যে তরমুজ বিক্রি শুরু করেছেন। কিন্তু শীত বেশি থাকায় স্থানীয় লোকজনের কাছে তরমুজের তেমন চাহিদা কমে গেছে। এবার হাটে যে দামে তরমুজ বিক্রি হচ্ছে, তাতে চাষিদের উৎপাদন খরচও উঠছে না।
২৮ জানুয়ারি টেকনাফ বাসস্টেশন বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আনা তরমুজ বিক্রি হচ্ছে। প্রতিটি বড় আকারের তরমুজ ১০০-১৫০ টাকা, মাঝারি ও ছোট আকারে প্রতিটি ৩০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত কয়েক বছরের তুলনায় দাম কম হওয়ার পরও ক্রেতারা কিনছেন না।
বাস স্টেশন বাজারে কথা হয় তরমুজ চাষি আবদুর রহমানের সঙ্গে তিনি বলেন, ‘মাস তিনেক আগে বড় আকারে প্রতিটি তরমুজ ২৫০-৩৫০টাকায় বিক্রি হয়েছিল। অথচ সেই তরমুজের দাম এখন ১৫০ টাকায় নেমে এসেছে। শীতের কারণে দাম পড়ে গেছে। এ কারণে আমাদের লোকসান গুনতে হচ্ছে।’
জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, শীতের কারণে অধিকাংশ ক্রেতারা তরমুজ কিনছেন না। লাভের আশায় মৌসুমের আগে আগাম তরমুজের চাষ হয়েছিল। তবে শীত কেটে গেলে আবার তরমুজের দাম বেড়ে যাবে।