ভালো ফলে খুশির জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙামাটি জেলায় ফলাফল সম্মিলিতভাবে ভালো হয়েছে। ১০ কলেজের মধ্যে চারটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ফলাফলের দিক থেকে শীর্ষে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। ভালো ফলে খুশির জোয়ার বইছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী।রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৮০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আটজন, ব্যবসা শিক্ষায় ছয়জন ও মানবিক বিভাগে একজন জিপিএ-৫ পেয়েছে। রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. মফিজ আহম্মেদ ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের ফলাফল সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশ ভালো। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই চেষ্টা করলে অবশ্যই ভালো ফলাফল আসবে। রাঙামাটি সরকারি মহিলা কলেজে ৪২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।কাপ্তাই উপজেলার দুটি কলেজের মধ্যে কর্ণফুলী কলেজে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন এবং কর্ণফুলী পেপার মিল কলেজে ১০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।বাঘাইছড়ি উপজেলায় কাচালং কলেজে ২৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩০ জন। তবে কেউ জিপিএ-৫ পায়নি। উপজেলার অপর কলেজ শিজকমুখ কলেজে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪০ জন। কাউখালী কলেজে ১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ জন। লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজে পরীক্ষা দিয়েছে ১৫৯ জন। এর মধ্যে একজন জিপিএ-৫সহ পাস করেছেন ১২৬ জন।রাঙামাটি শহরের আল আমিন মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ১৪ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে চারজন জিপিএ-৫ অর্জন করেছেন বাকিরা সবাই পেয়েছেন ‘এ’ গ্রেড।রাঙামাটি সিনিয়র মাদ্রাসায়ও পাসের হার শতভাগ। ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুজন। অন্যরা পেয়েছেন ‘এ’ গ্রেড।এদিকে জেলার নানিয়ারচর ডিগ্রি কলেজের উত্তরপত্র জালিয়াতির ঘটনা রাঙামাটি জেলার সচেতন মানুষকে হতবাক করেছে। ইংরেজি দ্বিতীয় পত্রে কলেজের ১৮টি উত্তরপত্রে একই হাতের লেখা পাওয়ার পর ১৭ জুলাই ওইসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।