উদ্বেগ-উৎকণ্ঠা, আশা-নিরাশার দোলাচল। আকাশে মেঘ ছিল, ছিল বৃষ্টিও, কিন্তু ফল ঘোষণার পর পর আকাশের মেঘ যেন কোথায় পালাল, হেসে উঠল সূর্য। তখনই আনন্দে হেসে উঠল পুরো ক্যাম্পাস, শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মাতলেন শিক্ষকেরাও। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে সত্যিই আনন্দের বান ডেকেছিল। কারণ এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস ও জিপিএ-৫ এর ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দ্বিতীয় হয়েছে এ কলেজ। এ কলেজে পরীক্ষার্থী ছিলেন ৫০৩ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন তিনজন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন ২২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন, এর মধ্যে ছেলে ৭৬ জন, মেয়ে ৩৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ২৮ দশমিক ৫। পাসের হার ৯৯ দশমিক ২৮। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১১২ জন।শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার কারণে ফল ভালো হয়েছে বলে জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়মিত ফলাফল বিশ্লেষণ, উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষকদের সহায়তা এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান তাঁরা। গতবার এ কলেজে পরীক্ষার্থী ছিলেন ৫০৬ জন, কৃতকার্য হয়েছিলেন ৫০৪ জন। এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ৩১টি। তবে বিজ্ঞান ও মানবিক বিভাগে জিপিএ-৫ বাড়লেও বাণিজ্য বিভাগে কমেছে। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন সুফিয়া সুলতানা ও লুৎফুর নাহার। সুফিয়া সুলতানা বলেন, ‘মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া খুব কঠিন। আমি এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায়ই জিপিএ-৫ পেয়েছি, এটা সম্ভব হয়েছে শিক্ষক ও অভিভাবকের সহায়তার জন্য। আমি একজন আন্তর্জাতিক মানের আইনজীবী হতে চাই।’বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ইমরান বিন মাজহার জিপিএ-৫ পাওয়ার পেছনের কারণ বললেন—‘আমি শুরু থেকেই জিপিএ-৫ পাওয়ার লক্ষ্য নিয়ে পড়ালেখা করেছি। তাই কাঙ্ক্ষিত ফল পেয়ে খুব ভালো লাগছে।’ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহাদ হোসেন, তানিম সানজিদা বিন কবীর ও মৌরিন নাহার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন—‘আমরা ডাক্তার হতে চাই।’ পাশ থেকে একজন টিপ্পনী কাটলেন—‘৫০০ টাকা ফির ডাক্তার না কি ফ্রি ডাক্তার?’ সবাই সমস্বরে বললেন, সেবা করার জন্যই চিকিৎসক হবেন তাঁরা। কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম জাহিদ বলেন, ‘গতবারের চেয়ে এবারের ফলাফল ভালো হওয়ায় আমরা আনন্দিত। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অনেক বড়, তাদের জোর করে পড়ানো যায় না, আন্তরিকতা দিয়ে পড়াতে হয়। সবাই দেখে ছাত্র কতটুকু পড়া মুখস্থ করেছে কিন্তু আমরা পড়ালেখার পাশপাশি একজন ছাত্রের আচরণ পরিবর্তনের চেষ্টা করি। এ ছাড়া নিয়মিত ফলাফল বিশ্লেষণ, উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকদের সহায়তা ও শিক্ষাবান্ধব পরিবেশের কারণে ফলাফল ভালো হয়েছে।’