ভালো বইয়ের তৃষ্ণা মেটাবে প্রথমা
‘প্রথমায় একই সঙ্গে প্রকাশনা ও পরিবেশনার সুযোগ থাকায় লেখকদের জন্য বড় সুযোগ তৈরি হলো। এ প্রকাশনা থেকে চট্টগ্রামের লেখকদের বই বেশি করে প্রকাশ করলে ভালো হয়। কারণ এখানে অনেক ভালো লেখক থাকার পরও প্রকাশনাশিল্প কার্যত গড়ে ওঠেনি।’ জামালখানের সানমার স্প্রিং গার্ডেন ভবনের চত্বরে গত বুধবার প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান বই বিপণিকেন্দ্র প্রথমার আনুষ্ঠানিক যাত্রার দিনে বই দেখতে দেখতে কথাগুলো বললেন লেখিকা ও নারীনেত্রী শহীদজায়া বেগম মুশতারী শফী। তিনি বলেন, প্রথমার সংগ্রহে দেশ-বিদেশের ভালো ভালো সব বই আছে। তবে ভ্রমণবিষয়ক আরও বই সংগ্রহে রাখা উচিত।তাঁর মতো সেদিন চট্টগ্রামের অনেক বইপ্রেমী ভিড় করেছিলেন প্রথমার আঙিনায়। কেউ বই দেখেছেন, কেউ পড়েছেন, কেউবা পছন্দের বই কিনে নিয়েছেন। অনুষ্ঠানে এসে সবাই একই কথা বলেছেন প্রায়। তাঁদের আশা ভালো ও সময়োপযোগী বই পড়ার তৃষ্ণা মেটাবে প্রথমা। সৃজনশীলতা ও মননশীলতা চর্চায় ভূমিকা রাখতে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রথমা প্রকাশন এবং এ বই বিপণিকেন্দ্র চালু করা হয়েছে। দেড় বছর আগে ঢাকায় প্রথমা চালু হলেও চট্টগ্রামে অনানুষ্ঠানিকভাবে চালু হয়েছে গত ফেব্রুয়ারিতে।সমাবেশে উপস্থিত কয়েকজন বর্ষীয়ান পাঠক বলেন, তরুণ প্রজন্ম এখন ফেসবুকসহ আধুনিক প্রযুক্তিনির্ভর সামাজিক যোগাযোগ সাইটের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। মননশীল বই পঠন-পাঠন থেকে দূরে সরে যাচ্ছে তারা। তাদের বইমুখী করতে দরকার বৈচিত্র্যময় সংগ্রহ। সমাবেশে আরও এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক। বিপণিকেন্দ্র থেকে রবীন্দ্রকাব্যের শিল্পরূপ, রবীন্দ্র প্রবন্ধ সাহিত্যের নির্মাণ শিল্পসহ তিনটি বই সংগ্রহ করেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, কোনো উপলক্ষকে কেন্দ্র করে দেশি-বিদেশি বইয়ের সংগ্রহ রাখলে ভালো হয়। যেমন—রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এসংক্রান্ত বইয়ের সংগ্রহের ওপর নজর দেওয়া উচিত। এ ছাড়া অনুবাদ, বিশ্বসাহিত্য, সামাজিক রূপান্তর, সাহিত্য-সংস্কৃতিবিষয়ক বইয়ের বৈচিত্র্যময় সংগ্রহ বাড়ানো উচিত। তিনি মনে করেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি যেন বেশি কাজ না করে সেদিকে লক্ষ রাখা উচিত। মননশীল পাঠকদের সংগ্রহে রাখার মতো পর্যাপ্ত বই রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি হোসাইন কবির বলেন, একসঙ্গে প্রকাশনা ও বিপণনের এ উদ্যোগে বইপ্রেমী ও লেখকদের জন্য ভালো হলো। এ দুটোর পাশাপাশি তরুণ প্রজন্মকে বইমুখী করা, ভালো বই পাঠে উদ্বুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ও বিজ্ঞানমনস্ক করে তুলতে উদ্যোগ নেওয়া দরকার। প্রথমার সমাবেশে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল মনসুর, মুহাম্মদ গোলাম মুস্তাফা, অলক রায়, গল্পকার মহীবুল আজিজ, অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, গল্পকার কামরুজ্জামান জাহাঙ্গীর, প্রবীণ রাজনীতিবিদ আহসান উল্লাহ চৌধুরী, আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ অনুষদের সাবেক ডিন ও ভারতীয় সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মীর মোশারেফ হোসেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম প্রমুখ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজে এসে প্রথমার উদ্বোধন করেছেন। এতে আমরা অনুপ্রাণিত হয়েছি।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন একই বিভাগের শিক্ষক মুজাহিদ বিল্লাহ ফারুকী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক-সাংবাদিক কাজী জাফরুল ইসলাম, এম নাসিরুল হক, কবি আশীষসেন, আকতার হোসাইন, কমলেশ দাশগুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সুকুমার শীল প্রমুখ। জানা গেছে, এ পর্যন্ত ৪২টি বই প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশনা থেকে। প্রকাশিতব্যের তালিকায় আছে আরও অনেক বই। প্রথমা থেকে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির সংকলন একাত্তরের চিঠি বইটির ৬০ হাজার কপি দ্রুত নিঃশেষ হয়ে যায়। এ বিপণিকেন্দ্রে প্রথমা প্রকাশন ছাড়াও দেশ-বিদেশের অসংখ্য সংস্থা থেকে প্রকাশিত বই পাওয়া যাচ্ছে। প্রথমার তাকে তাকে সাজানো আছে দেশি-বিদেশি লেখকদের বই। মুক্তিযুদ্ধ, ভ্রমণ, বিজ্ঞান, গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, শিশু-কিশোরদের বই থেকে ইতিহাস, রাজনীতি, সমাজনীতিসহ নানা বিষয়ের বইয়ের সংগ্রহ আছে এ বিপণিকেন্দ্রে।