এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৭ ডিসেম্বর এসেছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। কথা বলেছেন কথাবন্ধু পম্পার সঙ্গে এনজিও-বিষয়ক কর্মসূচি ব্যবস্থাপনা বিষয়ে।কথাবন্ধু: প্রথমেই আপনার শিক্ষা ও পেশাজীবন সম্পর্কে বলুন?আবদুল্লাহ আল মামুন: আমার স্কুল-কলেজ চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ও এমএসএস পাস করি। পরে এমফিল করি। পড়াশোনা শেষ হওয়ার পর একটি জাতীয় দৈনিক পত্রিকায় খণ্ডকালীন চাকরি নিই। সেখানে কাজ করতেই গিয়ে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে যারা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে, তাদের সঙ্গে আমার মেশার সুযোগ হয়। এখন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশনে কাজ করছি।কথাবন্ধু: মানুষের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি কী ধরনের কাজ করে থাকে?আবদুল্লাহ আল মামুন: মানুষের জন্য ফাউন্ডেশন মূলত মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করে থাকে। আমরা প্রধানত চারটি প্রোগ্রামে আমাদের সব কর্মসূচি ভাগ করে নিয়েছি। মূলত আমরা শ্রমজীবী যে শিশুরা আছে, তাদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে কাজ করছি। এই চারটি প্রোগ্রামের আলোকে ১২০টি সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে দেশব্যাপী এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।কথাবন্ধু: শিশুশ্রম নিরসনে পুনর্বাসন কিংবা শিশুর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের কার্যক্রমগুলো কী?আবদুল্লাহ আল মামুন: আসলে যারা শিশুশ্রমের সঙ্গে যুক্ত আছে, সে ক্ষেত্রে শিশুটির বয়স যদি ১৪ বছরের কম হয়ে থাকে, তাহলে তাকে উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসি। এ জন্য ওই পরিবারের সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিকল্প আয়ের সুযোগ করে দিই।কথাবন্ধু: মানুষের জন্য ফাউন্ডেশন কিংবা এনজিওগুলোতে একজন প্রোগ্রাম ম্যানেজারকে কী ধরনের কাজ করতে হয়? এ ক্ষেত্রে কোন যোগ্যতাটি বেশি প্রয়োজন? আবদুল্লাহ আল মামুন: মূলত যাঁরা প্রোগ্রাম ম্যানেজার বা কর্মসূচি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তাঁদের প্রধানত তিনটি জিনিস নিয়ে কাজ করতে হয়। স্কোপ ম্যানেজমেন্ট, সিডিউল ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। আর এ জন্য প্রথমেই দরকার মানসিক যোগ্যতা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই প্রয়োজন।কথাবন্ধু: কেউ যদি প্রোগ্রাম ম্যানেজার হতে চান, সে ক্ষেত্রে প্রাথমিকভাবে তাঁকে কী করতে হবে?আবদুল্লাহ আল মামুন: তাঁকে প্রথমে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে কাজ করতে হবে। সেখানে তিনি প্রোগ্রাম অফিসার হতে পারেন, সহযোগীও হতে পারেন, মনিটরিং অফিসারও হতে পারেন। কথাবন্ধু: যাঁরা এখনো পড়াশোনা শেষ করেননি, তাঁদের জন্য এখানে কী ধরনের সুযোগ রয়েছে?আবদুল্লাহ আল মামুন: এটা খুব ভালো একটা বিষয়। বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সংগঠনটি তাঁকে ছোট ছোট কিছু কাজ করার সুযোগ করে দেবে। কিছু সংগঠনে ইন্টার্নশিপের ব্যবস্থাও আছে।কথাবন্ধু: এখানে চাকিরর সুযোগ কতটুকু রয়েছে? এ মাধ্যমটিতে সরাসরি বিদেশে কাজের অভিজ্ঞতার সুযোগ আছে কি না?আবদুল্লাহ আল মামুন: অনেক। বাংলাদেশে অনেক সংগঠন রয়েছে। সেখানে অনেক ভালো মানের সংগঠকের চাহিদা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে আবেদনের সুযোগ রয়েছে এ দেশে। বাংলাদেশে অনেকে রয়েছেন, যাঁরা তাঁদের কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিত করেছেন।কথাবন্ধু: এ পেশায় সফল হতে চাইলে এ ক্ষেত্রে বিশেষ কোনো প্রশিক্ষণের দরকার আছে কি না?আবদুল্লাহ আল মামুন: হ্যাঁ, প্রশিক্ষণগুলো অনেকাংশেই সাহায্য করে। কাজ করতে আসতে হলে প্রকৃত ব্যাপারগুলো জেনে আসা উচিত। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে। কথাবন্ধু: মানুষের জন্য ফাউন্ডেশনের কোনো সফল প্রকল্পের কথা এবার শুনতে চাই।আবদুল্লাহ আল মামুন: বেশ কিছু সফলতা রয়েছে আমাদের। গত পাঁচ বছরে আমরা প্রায় দেড় লাখ শ্রমজীবী শিশুকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে ঝুঁকিহীন অবস্থায় নিয়ে এসেছি। অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের জাতীয় শিশুশ্রম নিরসন নীতি তৈরিতে আমাদের ভূমিকা রয়েছে। তথ্য অধিকার আইন পাসের বিষয়ে আমাদের একটা বড় ভূমিকা রয়েছে। ১৩ হাজার পাহাড়ি শিশুকে মাতৃভাষায় প্রি-প্রাইমারি ও প্রাইমারি শিক্ষার সুযোগ আমরা করে দিয়েছি।কথাবন্ধু: আপনাদের এসব কাজে দেশের বাইরে থেকে কী ধরনের সাহায্য পেয়ে থাকেন?আবদুল্লাহ আল মামুন: আমরা আর্থিক সাহায্যটাই সাধারণত বেশি পেয়ে থাকি। এ ছাড়া কিছু কারিগরি সহযোগিতাও পেয়ে থাকি। বাংলাদেশে আমাদের ১২০টি সহযোগী সংগঠনের সব টাকাই বিদেশি সহযোগিতায় আসে।কথাবন্ধু: প্রকল্পের দীর্ঘ সময়ের কারণে কাজে কি কোনো ধরনের ধীরগতি চলে আসে?আবদুল্লাহ আল মামুন: এটা প্রকল্প ভেদে নির্ভর করে। দুর্যোগপ্রবণ এলাকায় তাৎক্ষণিক সহযোগিতা যেখানে প্রয়োজন, সেখানে এটার ব্যাপার এক রকম হবে। আবার যদি কোথাও স্বাক্ষরতার হার বাড়াতে কোনো প্রজেক্ট হয়, সেখানে ধীরগতিতে কাজ করতে হবে।কথাবন্ধু: যাঁরা এ খাতে কাজ করবেন, তাঁদের সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনার কোনো পরামর্শ আছে কি না?আবদুল্লাহ আল মামুন: দুটো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। নিজেকে সব সময় হালনাগাদ করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ হতে হবে। যাতে বোঝা যায়, একটি বিষয়ের ওপর আপনার বিশেষ দক্ষতা আছে।কথাবন্ধু: মানুষের জন্য ফাউন্ডেশনে যদি কেউ কাজ করতে চান, সে ক্ষেত্রে যোগাযোগের উপায় কী?আবদুল্লাহ আল মামুন: আমাদের ঠিকানা হলো: বাড়ি-১০, রোড-১, বনানী মডেল টাউন, ব্লক-এফ, ঢাকা। এ ছাড়া আমাদের ওয়েবসাইটেও ঠিকানা দেওয়া আছে। ওয়েবসাইটের ঠিকানা: www.manusher.org কথাবন্ধু: আজ থেকে পাঁচ বছর পর আপনি আপনার অবস্থান থেকে বাংলাদেশকে কীভাবে দেখতে চান?আবল্লাহ আল মামুন: আমরা এখন যে কাজগুলো করছি, সেটাকে আমি পরিপক্ব অবস্থায় দেখতে চাই। বিশেষ করে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি যাঁরা কাজ করছেন, তাঁরা যেন আরও পেশাদারিরর ভিত্তিতে কাজ করেন, সেটা দেখতে চাই। গ্রন্থনা: সুদীপ দেসংশোধনী: কাজের খবরের ৮ ডিসেম্বর সংখ্যায় ‘হতে চাই পেতে চাই’ বিভাগে রহিমআফরোজের হেড অব অ্যাগ্রো ডিভিশন রেজা মো. শিহাবের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে তাঁর ছবিটির জায়গায় ভুলবশত অন্য ছবি ছাপা হয়েছিল।এজন্য আমরা দুঃখিত—বি.স.