ভালো মানের হোটেল-মোটেল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার পর কক্সবাজারের পর্যটন মৌসুম শুরু হয়েছে পুরোদমে। জেলার মহেশখালী দ্বীপে আসতে শুরু করেছেন দেশি-বিদেশি পর্যটক। তবে ভালো মানের আবাসিক হোটেল না থাকায় পর্যটকেরা দ্বীপে রাত যাপন করতে পারেন না। এই কারণে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। ঢাকার মিরপুর থেকে মহেশখালীতে বেড়াতে আসা পর্যটক দিদারুল আলমের সঙ্গে কথা হয় ১০ নভেম্বর। তিনি বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। কিন্তু অতৃপ্তি রয়ে গেল। এখানকার সমুদ্র, পাহাড় আর ম্যানগ্রোভ বন ঘুরে দেখার জন্য একদিন যথেষ্ট নয়। ভালো মানের হোটেল না থাকায় ফিরে যেতে বাধ্য হচ্ছি।’ঢাকা বা চট্টগ্রামের পর্যটকেরা মহেশখালীতে আসেন কক্সবাজার হয়ে। কক্সবাজার কস্তুরাঘাট থেকে চ্যানেল পাড়ি দিয়ে স্পিড-বোট বা ট্রলারে মহেশখালী যেতে হয়। ভাড়া জনপ্রতি ৩০-৭০ টাকা। পর্যটন অবকাঠামো গড়ে না ওঠায় এ পথেই পর্যটকেরা মহেশখালীতে আসেন। তবে চট্টগ্রাম থেকে সড়কপথে চকরিয়া হয়েও মহেশখালী আসা যায়। যোগাযোগব্যবস্থা ভালো হলে এবং উন্নত মানের হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলে এই দ্বীপে পর্যটন বহুগুণ বাড়ত। এতে নতুন কর্মসংস্থান হতো, পাশাপাশি সরকারের আয়ও বাড়ত বলে মনে করেন দ্বীপের বাসিন্দারা।গোরকঘাটার বাসিন্দা জামাল হোসেন জানান, ‘দ্বীপে রয়েছে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ পাহাড়সারি, প্রাচীন মন্দির ও পুরাকীর্তি, ম্যানগ্রোভ বন, সাগর সৈকত। এ ছাড়া এই দ্বীপ থেকে সহজে হেঁটেই যাওয়া যায় সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়ার অপূর্ব সাদাবালির সৈকত ও নীলজল পর্যটকদের নতুন আকর্ষণ হতে পারে।’ দ্বীপের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হলে এবং হোটেল থাকলে পর্যটক অনেক বাড়ত। ভাটার সময় কক্সবাজার থেকে আসতে পর্যটকদের ভোগান্তির শিকার হতে হয়। কাদা মাড়িয়ে উঠতে হয় নৌকায়। এ ছাড়া ঘাটেও পর্যটকদের কাছ থেকে বেশি পয়সা আদায় করা হয়। হোটেল না থাকায় তাড়াহুড়া করে কয়েক ঘণ্টার মধ্যে পর্যটকদের দ্বীপ ঘুরে দেখতে হয়। এ সময় রিকশাচালকেরা তাঁদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেন।ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বলেন, ‘পর্যটন এলাকা হলেও ভালো মানের কোনো হোটেল এখানে গড়ে ওঠেনি। এ ব্যাপারে পর্যটন করপোরেশনসহ স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, দ্বীপে শীত মৌসুমে হাজার হাজার পর্যটক এলেও রাতযাপনের ব্যবস্থা নেই। এ কারণে পর্যটকেরা এই দ্বীপে এসে তাড়াহুড়া করে আবার ফিরে যান। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে এই দ্বীপ পর্যটনের নতুন ক্ষেত্র হবে।