ভালোবাসা কারে কয়
একটা ছেলে আর একটা মেয়ে। তারা পরস্পর বন্ধু। তারা সব সময় একসঙ্গে ঘুরত, আড্ডা দিত, ঝগড়াঝাঁটি করত, আবার খুব ভাবও হতো। হঠাত্ করে এক সোনালি সকালে ছেলেটির মনে হলো, আরে তাই তো! এই মেয়েটিকে ছাড়া তো আমি কিছুতেই বাঁচব না! আমার জীবনের অস্তিত্বের সবটুকু জায়গাজুড়ে শুধু ওই মেয়েটি। কিন্তু আমার এ রকম বোধ হচ্ছে কেন? তার সঙ্গে তো নিত্যই আমার যাওয়া-আসা। প্রতিদিন আমরা একসঙ্গে বসে ফুসকা খাই, গালগপ্পে মেতে থাকি। তাহলে? ও মাই গড! তাহলে কি আমি তার প্রেমে পড়ে গেছি? প্রেম? সেই বিশুদ্ধ প্রেম? হঠাত্ ছেলেটির কী হলো জানি না, তার কাছে এই পৃথিবীটা এক অনন্য সুন্দরের আধার মনে হলো। উদাস মনে সে কিছুক্ষণ হাঁটল টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত। রিকশাওয়ালাকে পাঁচ টাকার ভাড়া ১০ টাকা দিয়ে দিল। আচ্ছা! পৃথিবীটা তাহলে এতই সুন্দর! আর, প্রেম তাহলে এই জিনিস? আকাশের দিকে চেয়ে চেয়ে ছেলেটা বিড়বিড় করে কী সব যেন আবোলতাবোল বকতে লাগল। তারপর হঠাত্ এক চিত্কার। সুমি, আমি তোমাকে ভালোবাসি। এই শহর, এই গাছ, ঘরবাড়ি, ইটের দেয়াল, দালানকোঠা, বস্তি, রিকশা-ভ্যান, পীরজঙ্গী মাজার, ৬ নম্বর বাস, ডবল ডেকার—সবাই একসঙ্গে যেন চিত্কার জুড়ে দিল। আমি তোমাকে ভালোবাসি! আমি তোমাকে ভালোবাসি! দুপুর গড়িয়ে বিকেল। হাতে একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে ছেলেটি মেয়েটির অপেক্ষায়। কী হলো আজ? ওর আসতে এত দেরি হচ্ছে কেন? আজ আসুক, আচ্ছামতো ঝগড়া করব। হঠাত্ পেছন দিক থেকে কাঁধে আলতো স্পর্শ। চুড়ির রিনিঝিনি শব্দ। তাহলে ও এসে গেছে! কিন্তু ছেলেটির খুব অভিমান হলো। মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। মেয়েটি একটু অবাক! হঠাত্ ছেলেটি মেয়েটির দিকে ফুলের তোড়াটি এগিয়ে দিল। মেয়েটির চোখ তখন কপালের ওপরে উঠল। কী ব্যাপার, বলো তো? আমার জন্মদিন আসতে তো আরও দুই মাস বাকি। এত আগেই এই ফুলদানি? এবার ছেলেটি একটু নড়েচড়ে বসল। মেয়েটিকে বলল, জানি, তবে এ ফুল তোমার জন্মদিনের জন্য নয়। তাহলে কিসের জন্য?ওটা অন্য কিছু। ছেলেটার কণ্ঠ ভারী হয়ে উঠল।অন্য কিছু মানে? মেয়েটার চোখে বিস্ময়। এ কোন ধরনের ইয়ার্কি?সুমি, আমি তোমাকে...কী?ফাজলামো করো আমার সঙ্গে? অই, কী হইছে তোর? মেয়েটার চোখে একঝাঁক দুষ্টমি যেন ভর করল।এবার ছেলেটা চোখ বন্ধ করল। তারপর অত্যন্ত ধীর আর বলিষ্ঠভাবে কাঁপা কাঁপা গলায় বলে ফেলল সেই সত্য, সুমি, আমি তোমাকে ভালোবাসি। এবার মেয়েটির মুখ সত্যি সত্যি লাল হয়ে গেল। কিছুক্ষণ দুজনই চুপচাপ। হঠাত্ ছেলেটি আবিষ্কার করল, মেয়েটির চোখে গোপন অশ্রুধারা। কি, তুমি কাঁদছ?মেয়েটি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। শুধু ছেলেটিকে বলল, তপু, এত সুন্দর কথাটা তুমি আমাকে এত দেরিতে বললে কেন? ওহ মাই গড! ওড়না দিয়ে মুখটা ঢেকে সুমি শুধু বলল, আমি যে এরই মধ্যে...ছেলেটির মুখের হাসি ঢাকার তেরচা রোদে হঠাত্ করেই মিলিয়ে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়াল সে। তারপর মেয়েটিকে শেষবারের মতো প্রেমিকের দৃষ্টিতে এক পলক দেখে নিয়ে হারিয়ে গেল। আদনান সৈয়দনিউইয়র্ক, যুক্তরাষ্ট্র[email protected]