আমি এক অফিসপাগল কর্মকর্তা ছিলাম। আমার টেবিলে আলাদা ফোন থাকা সত্ত্বেও বাসার খবর নিতাম না অফিস চলাকালে। রাতে বাসায় ফিরতাম। আমার স্ত্রী এক ঘোরসংসারী নারী। পরিপাটি সংসার চালাতে কঠোরতা পালন করত। বড় স্বল্পভাষিণী। আমি বাচাল লোক। তাই মেজাজ-মর্জিতে দুজন দুই মেরুর। যেদিন প্রথম অবসর গ্রহণ করে বাড়ি ফিরি, সেদিন আমার গাড়িটি উপঢৌকনে ভরা। দেখে জিজ্ঞেস করল, ‘এগুলো কী?’ আমি বললাম, আমি আজ অবসর গ্রহণ করেছি। সে বলল, ‘এত বড় কথাটাও আগে বলার প্রয়োজন মনে করোনি। বেশ, তোমার তো অবসর আছে। ছুটিও ছিল। কোনো ছুটি উপভোগ করোনি। আমার অবসরও নেই। ছুটিও নেই।’ সেদিন আমি আমার অবহেলার জন্য গোপনে চোখের জল মুছি। তার কষ্টের কথা গভীরভাবে অনুভব করি। তার প্রতি অনুরক্ত হই। সেদিন সে-ও বুঝল ভালোবাসা কারে কয়।আমার বিভিন্ন পত্রিকায় লেখালেখির অভ্যাস ছিল। সেগুলো দিয়ে আমার যত লেখা শিরোনামে একটি বই বের করি। বইটির একটি কপি তাকে দেখালে তার কোনো অনুভূতি দেখলাম না, মনে ব্যথা পেলাম। তারপর দেখি সব বই বের করে সাজিয়ে নিজের শাড়ি দিয়ে মুছে রাখছে। বললাম, ভালোবাসা গোপনে যে যায় না রাখা, আলোর মতো ছড়িয়ে পড়ে। তাতেও তার মুখে হাসি নেই।ছবি নামের একটি ছোট্ট মেয়েকে নিয়ে আমার একটি লেখা বইটিতে দেখে তার দুঃখ, তার ছেলেমেয়েকে নিয়ে কোনো লেখা নেই। কিন্তু তারা যে আমার রক্তের। তারা যে এক দেহে লীন, প্রাণের টুকরা। এ কেমনে বোঝাই তাহারে। আর সেও যে এমনই একজন, যে জন ছায়া হয়ে ঘুরে-ফেরে মনের মন্দিরে।রাধাকান্ত রায়, ইস্কাটন, ঢাকা